আইপিএল যুগের ভারতীয় ক্রিকেটের নবতম মিলিয়নিয়ার তিনি। গত আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে কিনেছে ১০ লাখ ডলারে। জাতীয় দলে অবশ্য এখন পায়ের তলায় জমি খুঁজছেন। কাল মিরপুরের অনুশীলন শেষে কথা বললেন ভারতীয় পেসার বিনয় কুমার একটা ম্যাচ তো খেলেছেন, মিরপুরের উইকেট কেমন?বিনয় কুমার: খুব ভালো ব্যাটিং উইকেট। প্রথম ইনিংসে বল খানিকটা ধীরে ব্যাটে এলেও ফ্লাডলাইটের আলোয় বল দারুণভাবে ব্যাটে আসে। সব মিলিয়ে ভালো ব্যাটিং উইকেট। অস্ট্রেলিয়ায় খেলে এসে এ ধরনের উইকেটে মানিয়ে নিতে কি খানিকটা সমস্যা হচ্ছে?বিনয়: হ্যাঁ। তবে ভারতে প্রায় সব সময় আমরা এ ধরনের উইকেটেই খেলে থাকি। উপমহাদেশের উইকেট আসলে কমবেশি একই রকম। অস্ট্রেলিয়ার উইকেট পেসারদের জন্য দারুণ। গতি ও বাড়তি বাউন্স ছিল উইকেটে। এখানে আবার আমরা যেন স্বাভাবিক ধারায় ফিরে এসেছি। সেই পুরোপুরি ব্যাটিং-সহায়ক উইকেট। এসব উইকেটে বোলিং করতে অনেক বৈচিত্র্যের প্রয়োজন হয়। স্লোয়ার বলসহ প্রতি মুহূর্তে অন্য রকম কিছু করতে হয়। দুটি নতুন বলে খেলার নিয়ম পেসারদের কতটা সহায়তা করছে?বিনয়: অনেক সহায়তা করছে। এমনিতে কোকাবুরা বলে খুব বেশি সুইং পাওয়া যায় না। বড়জোর প্রথম ৪-৫ ওভারে পাওয়া যায়। দুটি নতুন বল হওয়ায় এখন ১০-১২ ওভার পর্যন্ত ভালো সুইং পাওয়া যাচ্ছে। তবে এখানে উইকেট একদমই নিষ্প্রাণ, খুবই ব্যাটিং-সহায়ক। বল প্রায় পুরো সময়ই শক্ত থাকে এবং দারুণভাবে ব্যাটে আসে। কিন্তু দুটি নতুন বলে রিভার্স সুইং পাওয়া কি কঠিন হয়ে যাচ্ছে না?বিনয়: তা ঠিক। এক বলে খেলা হলে বল রং হারিয়ে শেষ দিকে অনেক রিভার্স সুইং পাওয়া যেত। এখন খুব বেশি পাওয়া যাচ্ছে না। প্রথম ম্যাচে অবশ্য তার পরও কিছুটা রিভার্স সুইং পেয়েছি, হয়তো এখানকার উইকেট শুকনো ও খটখটে বলে। নতুন বোলিং কোচকে (জো ডস) কেমন মনে হলো?বিনয়: খুব বেশি সময় কাটানোর সুযোগ এখনো হয়নি। তবে গত দুই দিনে যা হয়েছে, খারাপ না। ভালোই কাজ করেছি আমরা। সবে শুরু, দেখা যাক...। আপনি নিজে বোলিং কোচের সঙ্গে কোন দিকটা নিয়ে কাজ করতে আগ্রহী?বিনয়: একটা-দুটি বিষয় নয়, বোলিং কোচের কাছ থেকে তো কত কিছুই শেখার আছে! অনেক সময় আছে সামনে, চেষ্টা করব তাঁর সঙ্গে অনেক কিছু নিয়ে কথা বলতে। দেখা যাক, আগে তো আস্তে আস্তে পারস্পরিক বোঝাপড়াটা গড়ে উঠুক...। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, পাকিস্তান-শ্রীলঙ্কার তুলনায় ভারতের বোলিং খানিকটা দুর্বল। আপনার কী মনে হয়?বিনয়: এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। যে যা ভালো মনে করে, বলতে পারে। আমার মতে, আমাদের বোলিং আক্রমণ খুব ভালো। কাল (আজ) বাংলাদেশের বিপক্ষে আপনাদের, মানে বোলারদের লক্ষ্য থাকবে কী?বিনয়: তেমন নির্দিষ্ট কিছু নয়। স্রেফ আমাদের শক্তির জায়গাগুলো ঠিক রেখে ভালো লেংথে বল করে যাওয়া। প্রথম ম্যাচে আপনারা ৩০৪ রান করে ৫০ রানে জিতেছেন। এই উইকেটে কত রান জয়ের জন্য যথেষ্ট বলে মনে করেন?বিনয়: উমমম...২৮০...২৮০ রানের বেশি যেকোনো রান বেশ ভালো স্কোর।