মেসিদের ঢাকা সফরের খরচ প্রায় ৩০ কোটি টাকা। বিশাল এই খরচের দায়িত্ব নিয়েছে বেক্সিমকো গ্রুপ। লোকসানের আশঙ্কার মধ্যেই পূর্বনির্ধারিত সূচির দুই দিন পর ঢাকায় আসছে আর্জেন্টিনা। পরিবর্তিত পরিস্থিতিতে কী ভাবছে বেক্সিমকো? এসব নিয়েই কথা বললেন বেক্সিমকো মিডিয়ার নির্বাহী পরিচালক ইন্তেখাব মাহমুদ ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মতো এত বড় আয়োজনের সঙ্গে কী ভেবে সম্পৃক্ত হলো বেক্সিমকো গ্রুপ?ইন্তেখাব মাহমুদ: ফুটবলকে জাগিয়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা এসেছি। আমরা চেয়েছি, ফুটবল বর্তমান অবস্থা থেকে একটু সামনে এগিয়ে যাক। ক্রিকেটের দিকে তাকান, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের ক্রিকেট কোথায় চলে গেছে, মেসিদের এই সফরের মাধ্যমে ফুটবলেও একটা আলোড়ন উঠবে আশা করি। কিন্তু সবকিছুর পরও বেক্সিমকো তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যবসায়িক চিন্তাটা নিশ্চয়ই আপনাদের ছিল বা আছে?ইন্তেখাব: হ্যাঁ, ব্যবসা নিয়ে ভাবতে তো হবেই। তবে এই ক্ষেত্রে আমাদের কোনো ব্যবসায়িক চিন্তা নেই। অন্য দশটা অনুষ্ঠানের ব্যাপারে আমরা হয়তো লাভ-লোকসান নিয়ে ভাবব, কিন্তু সত্যি কথা বলতে, এই একটা ব্যাপারে ব্যবসায়িক ভাবনাটা আমরা মাথাতেই আনিনি। যদি ধরে নিই টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত ২০ কোটি টাকা উঠবে, তার পরও কয়েক কোটি টাকা লোকসান হবে। উপরন্তু আর্জেন্টিনা দুই দিন পর আসছে, এখন লোকসানের দুর্ভাবনাটাও বেড়ে গেল না?ইন্তেখাব: দেখুন, আবারও বলছি, লোকসান নিয়ে আমরা এই মুহূর্তে একদমই দুশ্চিন্তা করছি না। টাকা যা ওঠার উঠবে। আমরা দায়িত্ব নিয়েছি, এটি এখন ভালোভাবে শেষ করাটাই আসল। একটা ব্যাপার নিশ্চয়ই স্বীকার করবেন, মেসিদের নিয়ে মানুষের আগ্রহ থাকলেও টিকিট বিক্রিতে সেটির প্রভাব নেই। এতে কি মানসিকভাবে আপনারা হতাশ নন?ইন্তেখাব: মোটেও হতাশ নই আমরা। মেসিরা ঢাকায় এলে দেখবেন টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়বে। কলকাতায় মেসিরা পা রাখতেই হু হু করে এক দিনে ৪০-৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। আমাদের এখানে তো ১০-১২ হাজার টিকিটের ব্যাপার। এগুলো থাকবে না। ঢাকায় ৪ সেপ্টেম্বর মানে কাল আর্জেন্টিনার অনুশীলন সেশনটা হচ্ছে না। শেষ মুহূর্তে টিকিট বিক্রির ওপর এটা কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন?ইন্তেখাব: ৪ তারিখ অনুশীলন না করলেও ৫ তারিখ তো করছে। কাজেই এটা বড় কিছু নয়। এগুলো আমাদের হাতে নেই। তবে এত বড় আয়োজনে টুকটাক ত্রুটি থাকতেই পারে। ফুটবল ফেডারেশন এমন বিশাল আয়োজন আগে করেনি। তার পরও যেভাবে সবকিছু এগোচ্ছে, আমরা খুশি। আপনারা অখুশি না হলেও ফেডারেশন কিন্তু একটু হতাশ...ইন্তেখাব: না, না, হতাশার কিছু নেই। মেসিরা ৩ তারিখের জায়গায় ৫ তারিখ আসছে। এই তো...। ডিনারও থাকছে। সবচেয়ে বড় কথা, ম্যাচটা ৬ তারিখ হচ্ছে। মেসি ঢাকায় আসছে। এর চেয়ে বড় খবর আর কিছু হতে পারে না। বেক্সিমকোর মালিকানাধীন ইনডিপেনডেন্ট টিভিই শুধু আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্রচারস্বত্ব পেয়েছে। ইএসপিএনে সম্প্রচার হলে আরও বেশি দর্শক দেখতে পারত না ম্যাচটা?ইন্তেখাব: দেখুন, আমরা প্রচারস্বত্ব পেয়েছি। আমরা তো চাইব, আমাদের টিভিতেই শুধু ম্যাচটা প্রচার হোক। অন্য কোনো প্রতিষ্ঠান হলেও এমনটাই করত। বাংলাদেশের অন্য চ্যানেলগুলো বিশ্বের যেসব জায়গায় আছে, আমাদের টিভিও সেসব জায়গায় আছে। কাজেই এতে কোনো সমস্যা দেখছি না। প্রোডাকশনের জন্য আমরা ভারত থেকে টিম আনছি। টিভি বিজ্ঞাপনে কেমন সাড়া পাচ্ছেন?ইন্তেখাব: অনেক সাড়া পাচ্ছি। অনেকেই বিজ্ঞাপন দিতে চায়। আমরা অনুরোধে পড়ে কিছু হয়তো নিয়েছি, অনেককে ফিরিয়েও দিয়েছি। এখন আর বিজ্ঞাপন নিচ্ছি না।