‘আমাদের মঞ্চ আমরাই গড়েছি’ স্লোগান নিয়ে ১৯৯১ সালে বরিশালে শব্দাবলী নিজস্ব অর্থায়নে গড়ে তোলে স্টুডিও থিয়েটার হল। দলের উদ্দেশ্য স্টুডিও থিয়েটার চর্চা। প্রতিষ্ঠার পর থেকে স্টুডিও থিয়েটারে প্রতি শুক্রবার দর্শনীর বিনিময়ে নাটকের প্রদর্শনী করছে তারা। সেই পথচলার কুড়ি বছর ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে শব্দাবলী বরিশাল আয়োজন করেছে ১০ দিনব্যাপী নাট্যোৎসব।গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। এতে প্রধান অতিথি ছিলেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। আরও উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন সাহান আরা বেগম। স্বাগত বক্তব্য দেন শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় পুষ্ট সফল সংগঠক হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনিকে স্বাধীনতার সার্থক প্রজন্ম পদক দেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) মুজিব মানে মুক্তি। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায়ের ঘুম নেই ও স্টুডিও থিয়েটারে পালাকারের রাইফেল মঞ্চস্থ হয়।আজ সোমবার পরীক্ষণ থিয়েটারে মঞ্চায়িত হবে নাট্যম বরিশালের তিলক ও স্টুডিও থিয়েটারে লোকনাট্য দলের (বনানী) বৈকুণ্ঠের খাতা। ঢাকায় উৎসব শেষ হবে ১২ জানুয়ারি। উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি থেকে বরিশালে শব্দাবলী স্টুডিও থিয়েটারে। ওই উৎসব হবে ২৪ জানুয়ারি পর্যন্ত। নাটক মঞ্চায়ন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রাঙ্গণে প্রতিদিন বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবেশিত হবে বরিশালের আঞ্চলিক গান এবং নাচ।