গত জুলাইয়ে ইতালির তুরিনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সেরা পারফরম্যান্স করেছিলেন রামকৃষ্ণ সাহা। ইরানে আগামীকাল শুরু হতে যাওয়া এশিয়ান আর্চারিতেও ভালো ফলের প্রত্যাশা করছেন বিকেএসপির সম্ভাবনাময় তরুণ তিরন্দাজ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি কেমন?রামকৃষ্ণ সাহা: অনুশীলন যেমন করছি, তেমন পারফরম্যান্স যদি ওখানে করতে পারি তাহলে আশা করি, ভালোই করব। ওখান থেকে আমাদের অলিম্পিকে কোয়ালিফাই করার ভালো সম্ভাবনা আছে। আর্চারিতে আপনার প্রিয় ইভেন্ট কোনটি?রামকৃষ্ণ: আমি বেশির ভাগ সময় রিকার্ভ বোতে অংশ নিই। এটাই আমার ভালো লাগে। গত জুলাইতে ইতালির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো করার পর এবার কি বাড়তি চাপ অনুভব করছেন?রামকৃষ্ণ: ওখানে আমি পেয়েছিলাম ৫১তম স্থান। তবে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত পারফরম্যান্স আমারই ছিল সবচেয়ে ভালো। এ জন্য অবশ্য কোনো চাপ অনুভব করছি না। তবে ভয়ে আছি, ওখানকার কন্ডিশন নিয়ে। বাতাসটা আমাদের অনুকূলে থাকলেই আমাদের জন্য ভালো। সারা বছরই আপনারা অনুশীলনের মধ্যে থাকেন। অন্য ফেডারেশন যে সুযোগটা একদমই পায় না...রামকৃষ্ণ: ঠিকই বলেছেন। আমরা অন্যদের চেয়ে একটু বেশিই সুযোগ সুবিধা পেয়ে থাকি। কারণ এটা এমন একটা খেলা যে একটু গ্যাপ পড়ে গেলেই পিছিয়ে পড়তে হয়। সুতরাং আমরা সব সময়ই অনুশীলনের মধ্যে থাকতে চাই। আমাদের এখনকার দলটাকে অনেক শক্তিশালী দলই বলব আমি। আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস জন্মেছে, আমরা যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব। ইউরোপের আর্চারি প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চাররা নিয়মিত খেলতে পারলে মনে হয় ভালো হতো, কী বলেন?রামকৃষ্ণ: ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ ফি অনেক বেশি। এটা আমাদের দেশের মতো গরিব দেশের ফেডারেশন চাইলেও কুলিয়ে উঠতে পারে না। তার পরও আমরা এশিয়া এবং এই উপমহাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিতই অংশ নিচ্ছি। এসব টুর্নামেন্টে কি শুধুই অংশ নেওয়ার জন্যই, নাকি সত্যি কোনো সম্ভাবনা আছে?রামকৃষ্ণ: আমাদের কোচ নিশীথ স্যার একটা কথা বলেন, যত অনুশীলন করবে ততই ভালো ফল হবে। অনুশীলনের কোনো বিকল্প নেই। আমরাও সেটাই মানি। শ্যুটিংয়ের মতো এটাও দারুণ ধৈর্যের খেলা। মনস্তাত্ত্বিক খেলা। শ্যুটিংয়ে যদিও মানসিকভাবে ফিট থাকলেই চলে, তবে এখানে শারীরিকভাবেও ফিট থাকতে জয়। এবার আমাদের লক্ষ্য অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা। কারোর দয়ায় নয়, সম্মানের সঙ্গে অলিম্পিকে খেলতে চাই আমরা। সম্মানের সঙ্গে যাওয়ার একটা অন্য রকম অনুভূতি আছে। জাতীয় দলে প্রথম কবে সুযোগ পেয়েছেন?রামকৃষ্ণ: ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম, বিকেএসপিতে ভর্তি হব। আমার হাতের টিপ খুব ভালো। একবার ফরিদপুরে শুনতে পেলাম আর্চারির উন্মুক্ত ট্রায়াল হবে। সেখানে গিয়ে ট্রায়ালে টিকে গেলাম প্রথমবারেই। এরপর বিকেএসপিতে আমার ক্যাম্প হলো। সেখানে বাছাইয়ে টিকে যাওয়ার পর বিকেএসপিতে ভর্তি হই। এরপর জাতীয় দলে সুযোগ পাই এ বছরের প্রথম দিকে। পরিবারের কেউ কি খেলাধুলায় আছে?রামকৃষ্ণ: আমার বোন লক্ষ্মী খুব ভালো ক্রিকেটার। খেলে ঢাকা বিভাগের হয়ে। এখন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থায় খেলছে। ও সব সময়ই চায়, আমি যেন ভালো তিরন্দাজ হতে পারি। বোন ছাড়াও আমার মা আমাকে অনেক সমর্থন দেন, সহযোগিতা করেন। খেলাধুলায় আসার পেছনে আমার মায়ের অনেক অবদান।