ব্যাট হাতে একটা ডাবল সেঞ্চুরি আছে। এবার বল হাতেও নিলেন ৫ উইকেট। মিরপুরে কাল জাতীয় লিগের ম্যাচে সিলেটের বিপক্ষে রাজশাহীর জয়ে বড় ভূমিকা ফরহাদ হোসেন-এর অফ স্পিনেরই। বল হাতে ভালো কিছু করবেন, সেই আত্মবিশ্বাস নাকি আগে থেকেই ছিল তাঁর জাতীয় লিগে এবার একটা ডাবল সেঞ্চুরি করেছেন, আজ (গতকাল) বল হাতেও পেলেন ৫ উইকেট...ফরহাদ হোসেন: আত্মবিশ্বাস ছিল, বল করার সুযোগ পেলে একটা কিছু করতে পারব। অধিনায়ককেও সেটা বলেছি, আমাকে বল দিলে একটা কিছু হতে পারে। নিজের কথা প্রমাণ করতে পেরে খুব ভালো লাগছে। আত্মবিশ্বাসের কারণ?ফরহাদ: এ রকম সাফল্য আগেও পেয়েছি। এ বছরই রংপুরের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট নিয়েছিলাম। সাফল্য পেলে আত্মবিশ্বাস বাড়বেই। আমার মনে হয়েছিল, ভালো বোলিং করতে না পারলে আমরা জিততে পারব না। আপনার মূল পরিচয় তো ব্যাটসম্যান। বোলিংয়ে ভালো করার অনুপ্রেরণা কীভাবে পান?ফরহাদ: পাকিস্তানের আজমল, হাফিজদের বোলিং দেখি। তারা যদি এত ভালো বোলিং করতে পারে, আমি কেন করতে পারব না? এই প্রশ্নটা মনের মধ্যে আসে। সেভাবেই নিজেকে প্রস্তুত করি। আপনার আদর্শ বোলার এঁদের মধ্যেই কেউ?ফরহাদ: আমার সবচেয়ে ভালো লাগত পাকিস্তানের সাকলায়েন মুস্তাককে। এখন আজমলের বোলিং ভালো লাগে। ওর দুসরা খেলা সবচেয়ে কঠিন। একসময় তো চাকিং তালিকায় নাম ছিল আপনার। সেই সমস্যা কাটিয়ে উঠেছেন?ফরহাদ: পাঁচ বছর তালিকায় নাম ছিল না। তবে এবার বোলিং আম্পায়াররা কিছু সমস্যা ধরেছেন, এ জন্য ভালোভাবে বোলিং করতে পারিনি। আজ (গতকাল) বোধ হয় সবই ঠিকই ছিল। সে রকমই তো বলল সবাই। প্রিমিয়ার লিগের পারফরম্যান্স তো খুব একটা ভালো ছিল না। জাতীয় লিগে এখন পর্যন্ত সন্তুষ্ট নিজের ওপর?ফরহাদ: প্রিমিয়ার লিগে খুব খারাপ খেলেছি, বলব না। আমি সেখানে সাত-আটে ব্যাট করেছি। কিন্তু আমার জায়গা হলো চার নম্বর। চার নম্বরে সুযোগ পেলে বোধ হয় আরও ভালো পারফরম্যান্স হতো। আর জাতীয় লিগের পারফরম্যান্সে আমি খুশি তো অবশ্যই। একটা ডাবল সেঞ্চুরি আছে। সব মিলিয়ে রান হয়ে গেছে সাড়ে চার শর ওপরে (৪৬৫)। রাজশাহী দলের কথা বলুন। অনেকে রংপুর দলে চলে যাওয়ার পরও তো আপনারা আগের মতোই আছেন...ফরহাদ: জাতীয় লিগে সব সময় আমাদের লক্ষ্যই থাকে ফাইনাল খেলব। পাইলট ভাই (খালেদ মাসুদ), মুশফিক ভাই, সঞ্চয় ভাই (আনিসুর রহমান), ওনাদেরও সব সময় দেখে এসেছি মাঠে নামলে জেতার জন্য নামতেন। ফাইনাল খেলার লক্ষ্য থাকত তাঁদের। আমরাও কখনো হারতে মাঠে নামি না। চেষ্টার ত্রুটি থাকে না কারও। যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়েই আমরা দলকে বের করে আনি। জাতীয় লিগ তো শেষ প্রায়। ফাইনালের পর রাজশাহী দলের খেলোয়াড়েরা কী করবেন?ফরহাদ: এর পরও আমরা সবাই খেলা বা অনুশীলনের মধ্যেই থাকব। জাতীয় দল বা ‘এ’ দলের ক্যাম্প হলে অনেকে যাবে। একাডেমির খেলোয়াড়েরা একাডেমিতে ফিরবে। যারা কোথাও নেই, তারা রাজশাহীতে গিয়ে স্থানীয় একাডেমিগুলোতে অনুশীলন করবে। আপনার ক্রিকেটার হওয়ার শুরু কীভাবে? পরিবারের কেউ খেলতেন ক্রিকেট?ফরহাদ: না, আমার পরিবারে কোনো ক্রিকেটার ছিল না। আমার বড় ভাই সেনাবাহিনীতে হকি খেলেন। এক চাচাতো ভাই ফুটবল খেলতেন। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল, যদি খেলতে হয়, ক্রিকেটই খেলব। পরিবারেরও সে রকম ইচ্ছা ছিল। ১৯৯৮ সালে আমি রাজশাহীর কোচ সাদ ভাইয়ের ক্যাম্পে অনুশীলন শুরু করি। সেখান থেকেই আস্তে আস্তে এগিয়েছি।