মহাজোট সরকারের শরিক জাসদের নেতা সাংসদ মঈন উদ্দীন খান বাদল ৬৮ ধারায় সংসদে দেশের আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে সাধারণ আলোচনা দাবি করেছেন। জাতীয় সংসদের চলতি ২০১২-১৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি গতকাল রোববার এ দাবি করেন।মঈন উদ্দীন খান বক্তব্য রাখার সময় ডেপুটি স্পিকার শওকত আলী সভাপতিত্ব করছিলেন। তিনি মঈন উদ্দীন খানের বক্তব্যের পর বলেন, আলোচনা করতে হলে নোটিশ দিলে স্পিকার তা গ্রহণ করতে পারেন।উল্লেখ্য, ৬৮ ধারায় আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এ আলোচনার দুই দিন আগে অন্তত পাঁচজন সাংসদের স্বাক্ষরে নোটিশটি দিতে হয়। সাধারণভাবে সরকারি দলের পক্ষ থেকে এ জাতীয় দাবি সংসদে উত্থাপন করা হয় না। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে চলতি বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় সংসদকক্ষে উপস্থিত ছিলেন।আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সম্পূরক বাজেটে ২২ মন্ত্রণালয় বেশি খরচ করেছে। আর ৩৭টি কম খরচ করেছে। এর মধ্যে রেলপথের জন্য বেশি বরাদ্দ দরকার ছিল। কেননা, এটা সাধারণ মানুষের পরিবহন। কৃষিতে খরচ বেশি হয়েছে। কারণ, কৃষিতে প্রচুর ভর্তুকি দেওয়া হচ্ছে। এক লিটার মাম পানির দাম ২০ টাকা, কিন্তু এক কেজি এমওপি সারের দাম ১৫ টাকা। আন্তর্জাতিক বাজারে এ সারের দাম বেশি। কিন্তু দেশীয় বাজারে কৃষকের কথা বিবেচনা করে ভর্তুকি দিয়ে সহজলভ্য করা হয়েছে।কৃষিমন্ত্রী বলেন, বিশ্ব মন্দার মধ্যেও যে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনে প্রবৃদ্ধির (জিডিপি) হার ৬.৩ শতাংশ হয়েছে, এটা প্রশংসার দাবি রাখে। ঘাটতি বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটা সত্য বাজেট ঘাটতি আছে, ব্যাংক থেকে ঋণ করা হয়েছে। কিন্তু এই টাকা নিয়ে দেশে উন্নয়ন করা হয়েছে, মেরে খায়নি সরকার, বিদেশেও পাচার করেনি।মতিয়া চৌধুরী বেসরকারি খাতের সমালোচনা করে বলেন, তারা যেভাবে ব্যাংক-ব্যবস্থার ওপর নির্ভরশীল তাতে মনে হয় না যে তাদের স্বাস্থ্যের খুব উন্নতি হয়েছে।মহীউদ্দীন খান আলমগীর বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান। তাদের ওপর আয়কর ও ভ্যাট বসানো সঠিক নয়। এতে শিক্ষাব্যয় বাড়ে। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওপর এ ধরনের কর নেই। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে বাংলাদেশ ব্যাংকে সরকারের হিসাবে রাখাকে ডাকাতির সঙ্গে তুলনা করেন। বলেন, কর আদায়-ব্যবস্থায় এমনভাবে ডাকাতির সুযোগ নেই।মহীউদ্দীন খান আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা বাড়ানো-সংক্রান্ত অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি বলেন, দুদককে এমন ক্ষমতা দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, সরকারের কর্মচারীদের মালিক হচ্ছে সরকার। তাদের কোনো অনিয়মের বিচার করার দায়িত্বও সরকারের। যদি সরকার ব্যর্থ হয়, সে ক্ষেত্রে বিচার করবে দুদক। তিনি সম্পূরক বাজেট সংসদে তোলার আগে স্থায়ী কমিটির মাধ্যমে তা আনার প্রস্তাব করেন। বলেন, বিধি অনুযায়ী সেটা হওয়া উচিত।ইদ্রিস আলী সম্পূরক বাজেটে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) খরচ বৃদ্ধি পাওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর চাঁদার হার হঠাত্ করে বাড়ে না, সুদের হারও বাড়ে না। তাহলে তাদের খরচ বাড়বে কেন?আবদুল মান্নান বলেন, প্রবৃদ্ধি হয়েছে, মূল্যস্ফীতিও হয়েছে। এটা পরিপূরক। কিন্তু যদি আয় বেড়ে থাকে, তাহলে কোনো সমস্যা হয় না। সেটা তো হয়েছে।আলোচনায় অংশ নিয়ে মঈন উদ্দীন খান বাদল বলেন, অভ্যন্তরীণ সম্পদ তিন বছরে দ্বিগুণ হয়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দ্বিগুণ হয়েছে। এটাতেই আমরা উন্নতি দেখি। কিন্তু কিছু সমালোচক ইনিয়ে-বিনিয়ে অর্থনীতি নিয়ে সমালোচনা করেন। তাঁদের মাপকাঠি কী আমার জানা নেই। তিনি আরও বলেন, একসময় কোন দেশ থেকে খাদ্য আমদানি করব, সেটা নিয়ে আলোচনা হতো দেশজুড়ে। এখন খাদ্যদ্রব্য কোথায় রাখা হবে, সেটা নিয়ে আলোচনা হয়। এটাই উন্নতি।মঈন উদ্দীন খান বাদল বিদ্যুত্ খাত নিয়ে সংসদে সাধারণ আলোচনার দাবি তোলেন। বলেন, বিদ্যুত্ নিয়ে সমালোচনার জবাবে এক উপদেষ্টা ক্ষিপ্ত হয়ে বলেছেন, যাঁরা সমালোচনা করছেন তাঁরা দেশবিরোধী। যদিও উপদেষ্টার সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। তিনি বলেন, সংসদে আলোচনা হলে সবচেয়ে ভালো পরিকল্পনা পাওয়া যাবে। তিনি একই সঙ্গে ৬৮ ধারায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে সাধারণ আলোচনার দাবি করেন। তিনি বলেন, কোনো কারণে যদি এই সংসদ ব্যর্থ হয়, তাহলে বাঙালি ব্যর্থ হবে। তিনি বলেন, ‘আমরাই শেষ ভরসা, দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। হয় আমাদের সফল হতে হবে, অথবা কিয়ামত (ধ্বংস) হয়ে যাবে।’স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বাজেট বাস্তবায়নের প্রসঙ্গে বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সরকারের দলীয় লুটপাটের কারণে আটকে যায়। দেশের শেয়ারবাজারে বড় ধরনের লুটপাট হয়েছে। মূল্যস্ফীতির জাঁতাকলে রয়েছে জনগণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হয়েছে যে বিরোধী দলের সাবেক সাংসদ ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় দুই মাস। সরকারের একজন মন্ত্রী ইলিয়াস আলীর বউকে বিধবা বলছেন। শ্রমিকনেতা আমিনুলকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। এএফএলসিআইও বলছে আমিনুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ড নিয়ে তিনি রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন। তিনি এসব নিয়ে আলোচনার দাবি তুলে বলেন, সরকারি দল আলোচনায় ভয় পায় কেন? আলোচনা করেন। দরকার হলে ব্যবস্থা নেন, মুখোমুখি হন।সংসদ আজ সোমবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।