রাশিয়ার খান্তি মানসিস্কে বিশ্বকাপ দাবায় খেলে গত সপ্তাহে দেশে ফিরেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বিশ্বকাপে প্রথম রাউন্ডের হার্ডল পার হওয়া বাংলাদেশের দাবাড়ুদের জন্য এখনো যে কত কঠিন, সেটাই উপলব্ধি করলেন আবারও কেমন হলো বিশ্বকাপ অভিজ্ঞতা?জিয়াউর রহমান: ভালোই হয়েছে। প্রথম ম্যাচে ড্র করেছিলাম। দ্বিতীয় ম্যাচেও ড্রয়ের সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আপনি তো ভালো অবস্থানে ছিলেন। কিন্তু হেরে গেলেন কীভাবে?জিয়াউর: ও (ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভাচিয়ের লাগ্রেভ) এত দ্রুত চাল ভাবে যে ওর সঙ্গে সমানতালে খেলতে গিয়ে সময়ের চাপে (টাইম প্রেশারে) পড়ে যাচ্ছিলাম। এ জন্যই শেষের দিকে এলোমেলো হয়ে যাচ্ছিল সব। তা ছাড়া শেষ দিকে এনার্জিও ছিল না। তাহলে পার্থক্যটা কি ওখানেই হলো? জিয়াউর: ওদের অনুশীলনের মান আমাদের চেয়ে অনেক ভালো। এটাই প্রধান পার্থক্য। তা ছাড়া ওরা একই সঙ্গে অনেক দ্রুত ও অনেক ভালো খেলতে পারে। বাংলাদেশের দাবাড়ুরা কি কোনো দিন দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে উঠতে পারবে না?জিয়াউর: আমাদের ঢাল-তলোয়ার কিছুই নেই। নিধিরাম সর্দার হয়ে বসে আছি। জানি না কবে আমরা দুই-তিন রাউন্ড জিততে পারব। আমাদের রেটিং যখন ২৬০০ পার হবে, তখন এটা হতে পারে। এ জন্য অবশ্যই বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে হবে। আমরা শুধু ভারত আর এশিয়ার অন্যান্য দেশে খেলি। ইউরোপে বলতে গেলে খেলিই না। এটাই বড় কারণ। ইউরোপে খেলতে পারেন না কেন?জিয়াউর: প্রধান কারণ আর্থিক সমস্যা। এবারই দেখুন, রাশিয়ায় যেতে কত কাঠখড় পোড়াতে হলো। খরচের ৭০ শতাংশ নিজে দিয়েছি। ফেডারেশনও কিছু দিয়েছে। এভাবে চলতে থাকলে পেশাদার দাবা শেষ হয়ে যাবে। সবাই শখের দাবা খেলবে। আমাদের মৌলিক চাহিদাই পূরণ করতে পারছে না ফেডারেশন। বর্তমান সাধারণ সম্পাদককে নিয়ে দাবাঙ্গনে প্রচুর সমালোচনা। আপনি তো প্রথম দিকে তাঁকে সমর্থনই দিয়েছিলেন...জিয়াউর: দিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, আমাদের সবার এক হওয়া উচিত। এভাবে চলতে থাকলে দাবা ডুববে। তাঁর নিজেরই বোঝা উচিত, এভাবে চলতে থাকলে দাবা ভালো রেজাল্ট করবে না। দেড় মাস আগে ওয়ার্ল্ড ফিদে চ্যাম্পিয়নশিপ হলো চেন্নাইতে। সেখানে কেউ যায়নি। পাশের দেশে এত বড় টুর্নামেন্ট হচ্ছে অথচ আমাদের কেউ নেই। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনার কি মনে হয় না যে সব দাবাড়ুর এখন এসব সমস্যা নিয়ে একত্রে বসা উচিত?জিয়াউর: অবশ্যই, ওটাই করতে হবে। আমরা চাইব, দাবার পরিবেশ ফিরে আসুক। রাকিব-রাজীবরা (দুই গ্র্যান্ডমাস্টার) অনেক আগেই এই কমিটির বিরুদ্ধে অনাস্থা দিয়েছে। এখন ওরাও ওদের অবস্থান থেকে সরে আসতে পারছে না। সামনে কোনো পরিকল্পনা আছে আপনাদের?জিয়াউর: কী করব ঠিক বুঝে উঠতে পারছি না। শুনেছি, নতুন কমিটির জন্য এনএসসিতে নাম জমা পড়েছে। পরিবর্তন মনে হয় একটা আসছে। পরিবর্তনটা জরুরি। আমি নিজে একটা জিনিস বুঝতে পেরেছি, দাবা এত বছর শুধু খয়রাতির ওপর চলছে। খয়রাতি মানে কী বোঝাতে চাইছেন?জিয়াউর: এই যেমন এনএসসি টাকা দিলে খেলতে যাওয়া হবে। না হলে নয়। দেখা যায় শেষ মুহূর্তে টাকা বরাদ্দ হয়, এরপর বিদেশে যাই। এভাবে নির্ভরশীল হয়ে থাকলে খেলার স্বাধীনতা থাকে না। আমাদের দীর্ঘমেয়াদি স্পনসর লাগবে। ভারতে, ইরানে দেখেছি এমন টুর্নামেন্টের দু-তিন মাস আগে ওখানে বিশ্বমানের কোচ থাকে। এমনকি ওদের যাওয়া-আসার চিন্তাটাও ওদের করতে হয় না। ফেডারেশনই সবকিছু করে দেয়। ফেডারেশনের দায়িত্ব এসব আর্থিক ও টেকনিক্যাল ব্যাপার দেখা। শুধু অফিসে বসে থাকলে চলবে না।