‘আমাদের সম্পর্কটা সে রকম নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের বিয়ের গল্পটির সঙ্গে বলিউডের বীর-জারার মিল খুঁজে পেয়েছিল ভারতীয় মিডিয়া। বৈরী সম্পর্ক আর সীমান্তের কাঁটাতার ছিঁড়ে মিল হয়েছিল দুটি প্রাণের। শোয়েব মালিক আর সানিয়া মির্জার প্রথম বিবাহবার্ষিকী ছিল ১২ এপ্রিল। এর কদিন আগে সানিয়া মির্জা তাঁর বৈবাহিক জীবনের অভিজ্ঞতা নিয়ে দিলেন এই সাক্ষাৎকার ভারত তো বিশ্বকাপ জিতল। আপনার অনুভূতি কী?সানিয়া মির্জা: অবিশ্বাস্য লাগে! প্রথমত, ফাইনাল খেলেছে দুই স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা। এর চেয়ে ভালো ফাইনাল আর কী হতে পারত! তার ওপর আবার ভারতই জিতল। আমরা খুবই গর্বিত। অনেক দিন পর শিরোপা জিতলাম আমরা। আমার মতে, আমাদের দলটাই সেরা ছিল। আমি শচীন টেন্ডুলকারের অনেক বড় ভক্তও। এমন নয় যে বিশ্বকাপ না জিতলে তাঁর অর্জন কিছুটা ম্লান হয়ে যেত। তবে বিশ্বকাপ জেতায় তাঁর অর্জনে পরিপূর্ণতা এসেছে। বিশ্বকাপের খেলা দেখেছেন মনে হচ্ছে।সানিয়া: অনলাইনে দেখেছি। আমরা তখন মিয়ামিতে ছিলাম, সেখানে খেলা ছিল। আমি সত্যিই ক্রিকেট খুব পছন্দ করি। আমার স্বামী নিজেও একজন ক্রিকেটার। এ কারণেই বেশি ক্রিকেট দেখা হয়। আমি মাঠে গিয়ে খেলা দেখতে চেয়েছিলাম। কিন্তু আফসোস, সেটা সম্ভব হলো না। প্রায় একই সময় আপনিও তো ডাবলস জিতলেন ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে। ক্রিকেট দলের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন নিশ্চয়ই?সানিয়া: আসলে আমি ডাবলস জেতার পরই ওরা বিশ্বকাপ জিতেছে। তবে হ্যাঁ, যখন কোর্টে খেলতে নামি, অনেক কিছুই মাথায় থাকে। দেশকে প্রতিনিধিত্ব করা তো অনেক গর্বের। সেটা যেকোনো খেলাতেই হোক না কেন। আমাদের খেলাটা যদিও দলগত নয়, ব্যক্তিকেন্দ্রিক। তার পরও এখানেও কিন্তু দেশের নাম জুড়ে থাকে।  টুইটারে দেখলাম, নিজেকে আপনি ‘ক্রিকেট ওয়াগ’ বলে পরিচয় দিচ্ছেন!সানিয়া: আসলে আমার বরের সঙ্গে পাঁচ সপ্তাহ হলো দেখা হয় না। ও এখানে নেই, পাকিস্তানে। তবে টুইটার আসলে স্রেফ মজা করার জন্য। সবার আগে আমার পরিচয়—আমি টেনিস খেলোয়াড়। টুইটারের অ্যাকাউন্ট খুলেছিলাম বিয়ে করার আগে। বিয়ে করার পর এখন মনে হলো, কিছু মজা করা যাক। টুইটার আসলে দারুণ একটা মাধ্যম। মানুষের সঙ্গে ভাবনার আদান-প্রদান করা যায়। এখান থেকে উপলব্ধি করা যায়, ভিন্ন ভিন্ন মানুষ কত ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আপনাকে দেখে। আমার অনেক ফ্যানও আছে। দুই লাখের মতো!  আপনার প্রথম বিবাহবার্ষিকী কীভাবে পালন করবেন?সানিয়া: সেটা নির্ভর করছে এই টুর্নামেন্টে আমি কত দূর যেতে পারি সেটার ওপর। তবে সত্যি বলতে কি, আমাদের দাম্পত্য জীবনটা সে রকম নয়, যেখানে ‘ও তুমি আমার জন্মদিনে এলে না’ বলে মুখ গোমড়া করে বসে থাকব। আমার মনে হয়, এখানেই আমাদের সম্পর্কটার মাহাত্ম্য। কিছু কিছু জিনিস আছে যেটা মুখে বলা লাগে না। বিয়ে আপনার ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছে?সানিয়া: ফেলেছে, আবার ফেলেওনি। আসলে জীবনে সব সময়ই আপনার পাশে কেউ যদি থাকে, সেই অনুভূতিটা অন্য রকম। তা ছাড়া ও নিজেও পেশাদার খেলোয়াড়। এ কারণে ভালো করেই জানে, পেশাদার খেলোয়াড়ের জীবনটা কেমন। এ কারণে কাজ অনেক সহজ হয়ে যায়। চাপটার সঙ্গেও ও ভালোমতো পরিচিত। কারণ ও নিজেও একসময় পাকিস্তান দলের অধিনায়ক ছিল। ভারত আর পাকিস্তানের অধিনায়ক হওয়া মানে তো সবচেয়ে বেশি চাপ সামলানো। আমরা একসঙ্গে অনুশীলন করি, একই সঙ্গে জিমে যাই। একে অন্যের খেলাটা পছন্দও করি। সবচেয়ে বড় কথা, ব্যক্তি জীবনে আপনি যখন সুখে থাকবেন, সব ঠিকঠাকমতোই হবে। আপনার কবজির চোট তো অনেক ভুগিয়েছে।সানিয়া: ২০০৮ সাল থেকেই। সে সময় আমি র্যাঙ্কিংয়ের ২৭ নম্বর খেলোয়াড় ছিলাম। তবে আমি মনে করি, সবকিছুর পেছনে একটা ভালো কারণও থাকে। গত বছর ইনজুরিতে পড়ে ছয় মাসের জন্য কোর্টের বাইরে না গেলে হয়তো বিয়ে করাই হতো না। শোয়েবের সঙ্গে দেখাও হতো না। কারণ এত বেশি ট্যুরে থাকতে হয়, অতটা সময়ই পেতাম না। আবার খেলতে পারছি, এ জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা তো সংসার পেতেছেন দুবাইয়ে। তো কেমন চলছে সংসার?সানিয়া: আসলে দুজনেই একসঙ্গে কাটানোর মতো যথেষ্ট সময় পাই না। তা ছাড়া সব সময় তো ভ্রমণের ওপরই থাকি। টেনিস না থাকলে ক্রিকেট দেখতে এখানে-ওখানে চলে যাই। এখান থেকে দুবাইয়ে যাওয়ার পর কদিন সময় কাটাব। এর পর আমাদের ভারত-পাকিস্তান-ভারত করতে হবে। আমাদের দুজনের পরিবারই তো নিজ নিজ দেশেই থাকে।  নিজের ক্যারিয়ারের কোনটিকে সবচেয়ে বড় অর্জন বলে মানেন?সানিয়া: তেমন বেশ কটি অর্জনই আছে। মিশ্র দ্বৈতে অস্ট্রেলিয়ান ওপেন জেতা তো অবশ্যই। এর পর ধরুন, ভারতের একজন মেয়ে হয়েও র্যাঙ্কিংয়ের ৩০-এর মধ্যে থাকা। এটাও অনেক বড় অর্জন। এই মৌসুমে আপনার লক্ষ্য?সানিয়া: শুধু সুস্থ থাকতে চাই। কারণ দেখেছি, এর আগে যতবারই কোনো না কোনো লক্ষ্য স্থির করেছি, তো অমনি ইনজুরিতে পড়েছি। এটা নিয়ে এখন আমি আসলে কুসংস্কারবাদীই হয়ে গেছি।ভাষান্তর: রাজীব হাসান