‘আমাদের সাংস্কৃতিক সংস্থা আছে তবে এখানে সংস্কৃতি চর্চা হয় না’
‘আমাদের একটি সাংস্কৃতিক সংস্থা আছে, তবে এখানে সংস্কৃতি চর্চা হয় না। কী করে হবে? সংস্কৃতিকর্মীরা এখানে ঢুকতেই পারেন না। এখানে চলে ইসকা টেক্কার খেলা। এই হচ্ছে আমাদের বিয়ানীবাজারের সাংস্কৃতিক সংস্থার অবস্থা।’ কথাগুলো বলেন সংস্কৃতিকর্মী আবিদ হোসেন জাবেদ। নাট্যকর্মী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নাটকের মহড়ার জন্য জায়গা পাই না, অথচ সাংস্কৃতিক সংস্থা খালি পড়ে থাকে। দুই বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নাটকের মহড়ার জন্য সাংস্কৃতিক সংস্থার একটি রুম বরাদ্দের আবেদন করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি।’সাংস্কৃতিক সংস্থা গঠনের স্মৃতিচারণা করে বিয়ানীবাজার সাংস্কৃতিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার আক্ষেপ করে বলেন, ‘আমরা নতুন প্রজন্মকে ভালো কিছু দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। অনেক কষ্ট করে সাংস্কৃতিক সংস্থা করেছিলাম, কিন্তু এটিও এখন জুয়াড়িদের দখলে, এটা কষ্টের ও লজ্জার, তাই এদিকে আর যাই না।’ জানা যায়, বিয়ানীবাজার সাংস্কৃতিক সংস্থা প্রতিষ্ঠা হয় ১৯৬৬ সালে। বিয়ানীবাজার পৌর শহরের প্রাণকেন্দ্রে নয় শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল বিয়ানীবাজার সাংস্কৃতিক সংস্থা। সাংস্কৃতিক ক্লাবের বর্তমান সদস্যসচিব আবদুন নূর জানান, ভূমিখেকোদের কবল থেকে এই সংস্থাকে রক্ষার জন্য তৎপর হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করা হয়। তবে এরপরও কোনো সাংস্কৃতিক কার্যক্রম হাতে নেওয়া হয়নি। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আবদুশ শুকুর বলেন, ‘সাংস্কৃতিক ক্লাবের নেতৃত্বে সংস্কৃতিকর্মী নেই, এটাই হচ্ছে বড় সমস্যা। বর্তমান নেতাদের উচিত, প্রকৃত সংস্কৃতিকর্মীর হাতে দায়িত্ব দেওয়া, এতে লাভবান হবে সাংস্কৃতিক অঙ্গন। আমরা বিয়ানীবাজারের সংস্কৃতিকর্মীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এখানে একটি অডিটরিয়াম বা শিল্পকলা একাডেমী করার জন্য।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আজিজুল ইসলাম বলেন, ‘বিয়ানীবাজারে একটি সাংস্কৃতিক সংস্থা আছে, এটা আমি জানতামই না। হঠাৎ করে জানলাম, আমি নাকি ওই সংস্থার সভাপতি। কার্যক্রম তো তাদেরই পরিচালনা করার কথা, কিন্তু এত বছরে তাদের কোনো কার্যক্রম নিতে তো দেখলাম না। একটা মিটিং পর্যন্ত ডাকা হয়নি। তারা আমাকে বলুক, কী করতে চায়, আমি অবশ্যই আমার দায়িত্ব পালন করব।’