‘আমাদের স্কুলে খালি সমস্যা’
রংপুরের ঐতিহ্যবাহী তারাগঞ্জ উচ্চবিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের এ বিদ্যালয়ে আর পাঠাতে চান না। এর পেছনে রয়েছে নানা কারণ। প্রধানত বিদ্যালয়ের ভবনে ফাটল এবং চারপাশ দুর্গন্ধময় পরিবেশের কারণে শিক্ষার্থীদের ক্লাস করতে সমস্যা হয়। বিদ্যালয়ের সামনে সব সময় যানজট লেগে থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। ১৯৫৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, নয় বছর আগে বিদ্যালয়ের দুটি ভবনের পাঁচটি কক্ষ পরিত্যক্ত হয়। উপজেলা প্রকৌশলী সাত বছর আগে বিদ্যালয়ের পুরোনো ভবন পরিদর্শন করে সেটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। কিন্তু তার পরও এখনো সেখানে ক্লাস চলছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের পুরোনো ভবন দুটির প্রতিটি কক্ষ জরাজীর্ণ, কক্ষের ছাদ ও বিম থেকে পলেস্তরা খসে পড়েছে। দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ভেঙে পড়েছে দরজা-জানালা। বিদ্যালয়ের পাশে একদিকে তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক, অপরদিকে তারাগঞ্জ বাজার। ওই সড়ক দিয়ে দিন-রাত চলাচল করে শতশত মানুষ ও যানবাহন। স্কুলের পাশ ঘেঁষে অনেক দোকানও গড়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাসেল বলে, ‘আমাদের স্কুলে খালি সমস্যা। গাড়ি আর মানুষের ভিড়ের জন্য স্কুলে যাতায়াত করতে সমস্যা হয়।’ সপ্তম শ্রেণীর ছাত্র বুলবুল বলে, ‘ঝঞ্ঝাট তো আছেই, এর ওপর ভাঙা রুমে আমাদের ক্লাস করতে হয়।’ অষ্টম শ্রেণীর ছাত্রী মনিকা আক্তার লিপি বলে, ইট-সুরকি খসে মাথায় পড়ে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। একই শ্রেণীর ছাত্র স্মরণ বলে, বিদ্যালয়ের পশ্চিম দিকে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করায় ক্লাসে থাকা যায় না। নাক চেপে ধরে ক্লাস করতে হয়। সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস করছে। সব সময় ভয়ে থাকি। কখন যে বড় দুর্ঘটনা ঘটে যায়।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন বলেন, স্কুলটির দুর্দশা নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুলটি পরিদর্শন করে গেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। শ্রেণীকক্ষের অভাবে বর্তমানে ওই পাঁচটি ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস নেওয়া হচ্ছে।