বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর জাতীয় লিগ শুরু হলো হার দিয়ে। অধিনায়ক হিসেবে সে জন্য হতাশ তিনি। তবে শুধু রাজশাহীর নন, মুশফিকুর রহিম অধিনায়ক জাতীয় দলেরও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচ শেষে মনে করিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে কতটা গুরুত্বপূর্ণ জাতীয় লিগের ম্যাচ আপনার শারীরিক অবস্থা এখন কেমন?মুশফিকুর রহিম: আগের চেয়ে একটু ভালো লাগছে। মাথায় হালকা ব্যথা আছে এখনো। আর নাকের ভেতরে যেহেতু কেটে গেছে, সেই ব্যথাটাও আছে। পুরোপুরি সেরে উঠতে হয়তো সপ্তাহ খানেক সময় লাগবে। আশা করি, ঠিক হয়ে যাবে। গতবারের চ্যাম্পিয়ন আপনারা। কিন্তু এবার তো প্রথম ম্যাচে হেরে গেলেন তিন দিনেই...মুশফিক: প্রথম ইনিংসে আমরা দুজন ব্যাটসম্যান খেলতে পারিনি। ওখানে আরও ৫০ রান করতে পারলে লিডটা হয়তো এক শর মতো পেয়ে যেতাম, যেটা ৬২-এর মতো হয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে আমাদের সাকলায়েন বোলিং করতে পারেনি। সেটাও অনেক বড় মাইনাস পয়েন্ট ছিল। এই উইকেটে স্পিন অনেক। স্পিনাররা টার্ন এবং বাউন্স পাচ্ছিল। সাকলায়েন খেলতে পারলে হয়তো ভালো করত। এ ছাড়া আমাদের টপ-অর্ডারে একজন কেউ ভালো করলে রান তাড়া করাটা কঠিন হতো না। জাতীয় লিগের প্রথম ম্যাচে এখন পর্যন্ত তামিম ইকবাল ছাড়া জাতীয় দলের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। এটা কীভাবে দেখছেন?মুশফিক: আমার মনে হয় না এটা খুব একটা দুশ্চিন্তার বিষয়। সবাই অনেক দিন পর চার দিনের ম্যাচ খেলছে। তবে এটা ঠিক আমরা যারা জাতীয় দল বা সর্বোচ্চ পর্যায়ে খেলি, আমাদেরই উদাহরণ সৃষ্টি করতে হবে। তবে ঈদের পর আমরা আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাব। ভালো করার সুযোগ আছে। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে ভালো করার তৃষ্ণাটা কি দেখছেন?মুশফিক: আমার মনে হয়, সবার মধ্যেই তা আছে। তবে প্রথম ইনিংসে হয়তো অনেকে বুঝে উঠতে পারেনি, এই উইকেটে কীভাবে খেলা উচিত। দ্বিতীয় ইনিংসে সবাই সেটা বুঝতে পেরেছে এবং সেভাবে খেলেছে। লম্বা সময় ধরে শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। দীর্ঘ পরিসরের ম্যাচে এসে সেটার কি কোনো প্রভাব দেখছেন?মুশফিক: এবার যে বল দিয়ে খেলা হচ্ছে সেটা অনেকটা সময় পর্যন্ত সুইং করে। আমরা যারা ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে এসেছি, আমাদের তো একটু সময় লাগবেই। আমি যেমন এক ইনিংস ব্যাটিং করেছি, সে জন্য বেশি সময় লেগেছে অভ্যস্ত হতে। আমার মনে হয় অন্য ব্যাটসম্যানদেরও একই সমস্যা হচ্ছে। আশা করি, সবাই এটা তাড়াতাড়ি কাটিয়ে উঠবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রায় এক বছর পর আপনারা টেস্ট খেলবেন। এর আগে মাত্র দুটি চার দিনের ম্যাচ কি অনভ্যাস দূর করার জন্য যথেষ্ট?মুশফিক: আমার মনে হয় প্র্যাকটিস করার চেয়ে ম্যাচ খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে যদি ব্যাটসম্যানরা রান করতে পারে, বোলাররা উইকেট নিতে পারে, আমার মনে হয় সেটাও ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভালো আত্মবিশ্বাস জোগাবে। এ ছাড়া যেহেতু অনেক দিন পর টেস্ট খেলব, মূল লক্ষ্য থাকবে আমরা যেন মৌলিক কাজগুলো ঠিকমতো করতে পারি। এবার কি কাজটা একটু কঠিন হবে? সর্বশেষ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপনারা খেলেছেন, সেটার সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য...মুশফিক: অবশ্যই। হোক টি-টোয়েন্টি, তারা পরও ওরা এখন একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল। গেইল, নারাইনরা আসার পর দলটা অনেক শক্তিশালী হয়েছে। অনেক ভারসাম্যপূর্ণ দল তারা। এদিক দিয়ে অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি আমাদের হোম কন্ডিশনে এসে আমাদের হারানোটা অত সহজ হবে না।