‘আমাদেরও কিছু ব্যর্থতা আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে এর আগে বিদেশি ফুটবল কোচরা বিদায় নিয়েছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। ছবিটা পাল্টাবে এবার? আজ নতুন ক্রোয়েশিয়ান কোচ আসার আগে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় নতুন কোচকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন?বাদল রায়: কোচ সব সময়ই স্বাধীন। কখনো পরাধীন ছিলেন বলে মনে হয় না। ডিডোর দল নির্বাচন পছন্দ হয়নি বলে তাঁকে বিদায় দেওয়া হলো। তাহলে কোচ কোথায় স্বাধীন?বাদল: ডিডোর আচরণের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্য কোনো কারণে নয়। কী এমন আচরণ করেছেন যে তাঁকে বিদায় করে দিতে হবে?বাদল: দল নির্বাচনের ব্যাপারে তিনি হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। নিতান্তই জেদের বশে একসঙ্গে ৮ খেলোয়াড়কে বাদ দেওয়া ঠিক হয়নি তাঁর। ডিডোর সিদ্ধান্ত মেনে নিলে পরে আপনারাই বলতেন, আমরা কী করেছি? রেজাল্ট খারাপ হলো কেন? আপনাদের বাছাই করা দল তো খারাপই করল সাফ ফুটবলে। ডিডোকে বাদ দিয়ে লাভ কী হলো?বাদল: দেখুন, ম্যানেজমেন্ট বলে একটা শব্দ আছে। ম্যানেজমেন্টে কোচ একা নন। কোচ একা সবকিছু করে ফেলবেন, এমন নয়। আমরা কোচের দল সিলেকশনের ব্যাপারে হস্তক্ষেপ করি না। কিন্তু বাফুফে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, কোচ এমন কাজ করলে আমরা বসে ঘোড়ার ঘাস কাটব না। আপনি বলতে চাইছেন, বিদেশি কোচরা ফেডারেশন বা দেশের ভাবমূর্তি নষ্ট করেন?বাদল: অনেক সময় সেটাই হয়। ডিডো যা করছিলেন, তাতে ফেডারেশন তথা দেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। এরপর জোরান জর্জেভিচ যে নাটকটা করে গেছেন, সেটা দেশের ভাবমূর্তি নষ্ট করার মতোই। তিনি যখন বললেন, ‘বাংলাদেশকে নিয়ে আমি বিশ্বকাপে যাব’, তখন মনে করতে হবে, লোকটা পাগল। এমন কোচের ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে ফেডারেশনকে। তা-ই যদি হয়, ‘পাগল কোচ’ নিয়োগ দেওয়ার দায় তো আপনাদেরও নিতে হবে...বাদল: আগে জানলে তাঁদের নেওয়া হতো না। বায়োডাটা দেখে আসলে বোঝা যায় না, কে কেমন। এবারও তো বায়োডাটা দেখেই কোচ নেওয়া হলো...বাদল: অতীতে বায়োডাটা দেখে কোচ নেওয়া হয়েছে আর্থিক কারণে। অর্থসংকট আছে ফেডারেশনের। তাই কোনো রকমে একজনকে নিয়ে নেওয়া হয়েছে। তবে এবার ভালোভাবে খোঁজখবর নিয়েই কোচ চূড়ান্ত করেছি আমরা। সব কোচের সঙ্গেই বাফুফের ঝামেলা বাধে। তাহলে কি সব কোচই খারাপ?বাদল: কেউ ঠিকভাবে না চললেই সমস্যা হয়। তবে স্বীকার করি, আমাদেরও কিছু ব্যর্থতা আছে। আমাদের অনেকে কোচের চাহিদার ব্যাপারটা বুঝতে চান না। ভালো অনুশীলনের সুবিধা, অনুশীলনের মাঠ, খাওয়াদাওয়া থেকে শুরু করে অনেক কিছু চান কোচ, যা আমরা দিতে পারি না। এখন আমরা বুঝি, কোচ ও খেলোয়াড়ের চাহিদা আমাদের অবশ্যই পূরণ করতে হবে। তাহলেই আমরা একটা ভালো দল পাব। বাংলাদেশের ফুটবল থেকে কম-বেশি সব কোচের বিদায়ই তিক্ত হচ্ছে। এটা কেন?বাদল: অনেক কারণেই এটা হয়। আমাদের আর্থসামাজিক অবস্থাটাও কিছুটা দায়ী। অন্য সংস্কৃতি থেকে আসা কোচরা তাঁদের মতো করে উপভোগ করতে চান—মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই। সেটা যখন পারেন না, তখন চলে যান। তাঁরা বিভিন্ন সুযোগ-সুবিধা চান, যেটা আমরা দিতে পারি না। আমাদের সীমাবদ্ধতায় অনেক সময় কোচরা মুখ ফিরিয়ে নেন।