‘আমার অবসর নিয়ে কাউকে কথা বলতে হবে না’
নিন্দুকদের ওপর বেজায় চটেছেন লিটল মাস্টার। তাঁর অবসর নিয়ে কাউকে কথা বলতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার।শততম সেঞ্চুরি উদযাপন উপলক্ষে আজ রোববার মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শচীন বলেন, ‘আমি মনে করি, অবসর নেওয়ার সিদ্ধান্তটা একান্তই আমার। কারও সিদ্ধান্তে আমি ক্রিকেট খেলতে আসিনি। যারা আজ আমাকে উপদেশ দিচ্ছে, তারা আমাকে দলেও আনেনি। আমার অবসর নিয়ে কাউকে কথা বলতে হবে না।’এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে শততম সেঞ্চুরি পাওয়া শচীন বলেন, ‘আমি আমার পরিবার ও কোচদের কাছ থেকে প্রেরণা পাই। যেদিন আমি তা পাব না, সেদিনই কেবল অবসর নিয়ে ভাবব। যারা আমাকে এখন অবসর নিতে বলছে, তারা স্বার্থপর। কারণ শীর্ষে উঠলে কারও অবসর নেওয়া নয় বরং দেশের সেবা করে যাওয়া উচিত।’অনেকের অভিযোগ, নিজের শততম সেঞ্চুরি পেতেই বাংলাদেশের বিপক্ষে ধীরে ব্যাটিং করেছেন শচীন। আর এ কারণেই হারতে হয়েছিল ভারতকে। এ অভিযোগের সরাসরি জবাব না দিলেও শচীন বলেন, ‘আমি যে অবস্থানে আছি, তা এক ম্যাচে সম্ভব হয়নি। এর জন্য ২৩ বছর সময় লেগেছে। আমি মনে করি, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই ম্যাচে জিততে না পারাটা হতাশার। আমার শততম সেঞ্চুরি পাওয়ার দিনেও কোনো উত্সব হয়নি।’২০১৫ সালের বিশ্বকাপেও খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে আগামী মাসে ঊনচল্লিশে পা দিতে চলা শচীন বলেন, ‘২০০৭ সালেও আমাকে একই প্রশ্ন করা হয়েছিল। তখন বলতে পারিনি, ২০১১ সালের বিশ্বকাপে খেলব কি না। সম্ভবত আমি এখনো ঠিক একই অবস্থায় আছি। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। সবকিছু ঈশ্বরের হাতে। আমি কেবল চেষ্টা করে যেতে পারি।’ রয়টার্স।