রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা আজ রোববার তদন্ত কমিটির সামনে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন। কর্মঘণ্টা শুরু হওয়ার আগে সকাল সাড়ে আটটার মধ্যেই তিনি রেলের মহাপরিচালক ও টাকা উদ্ধারের ঘটনায় তাঁর ব্যাপারে গঠিত তদন্ত কমিটির প্রধান আবু তাহেরের কক্ষে অবস্থান করেন। মহাপরিচালক বেলা ১১টার দিকে এসে তাঁর জবানবন্দি নেন। সাংবাদিকেরা ইউসুফ আলীকে প্রশ্ন করেন, মন্ত্রী বললেন রাত ১১টায় তাঁর বাসায় যাওয়ার সুযোগ নেই। তাহলে আপনি কেন রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের সঙ্গে গিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে ইউসুফ আলী মৃধা বলেন, ‘মন্ত্রীর বাসায় কারও মাধ্যমে যেতে হয়। তাই আমি মন্ত্রীর এপিএস ফারুকের সঙ্গে গিয়েছিলাম।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউসুফ আলী মৃধা বলেন, ‘ফারুক আমাকে কোনো বাসা থেকে উঠিয়ে নেয়নি। রাস্তা থেকে উঠিয়ে নিয়েছে।’ তবে কোন রাস্তা থেকে তাঁকে উঠিয়ে নিয়েছে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক কেন তাঁর সঙ্গে গিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে ইউসুফ আলী মৃধা বলেন, `জিএম হিসেবে আমার নিরাপত্তা দিতে সে আমার সঙ্গে গিয়েছিল।’ জিএমকে নিরাপত্তা দেওয়াটা এনামুলের দায়িত্বের মধ্যে পড়ে কি না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। সাংবাদিকেরা তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে বলেন, ‘আমি লিখিত দিয়েছি।’বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নেই। থাকলে আপনারা প্রমাণ করেন।’ গাড়িতে টাকা কার ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। ফারুক তো নিজেই স্বীকার করেছে, এটা তার টাকা।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ওই রাতে মন্ত্রীর সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। রেলের ডিজি ও তদন্ত কমিটির প্রধান আবু তাহের সাংবাদিকদের বলেন, ‘আমরা লিখিত জবানবন্দি পেয়েছি। তদন্তের স্বার্থে এখন তা বলা যাবে না। ১৫ দিনের সময়সীমা আছে। এর মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেব।’ইউসুফ আলীকে সাময়িক বহিষ্কার করা হবে কি না, জানতে চাইলে আবু তাহের বলেন, ‘তাঁকে সাময়িক বহিষ্কারের কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্তের পর প্রয়োজন হলে এ বিষয়ে থানায় অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হবে। এপিএস ওমর ফারুক তালুকদারের বিষয়ে তদন্তের জন্য মন্ত্রীর একান্ত সচিব (পিএস) আখতারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টায় তদন্ত কমিটির সামনে ফারুকের হাজির হওয়ার কথা ছিল। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি হাজির হননি। উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল অঙ্কের টাকাসহ রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হক আটক হন। তাঁরা দাবি করেন, তাঁরা রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করার লক্ষ্যে গাড়ির চালক আলী আজম গাড়িটি বিজিবির ফটকের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর বিজিবির সদস্যরা টাকাসহ সবাইকে আটক করেন। পরদিন সকালে গাড়িচালক আলী আজমকে রেখে পিলখানা থেকে বাকিদের ছেড়ে দেয় বিজিবি। এ খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনীতিবিদ, সুশীল সমাজ ও সাধারণ মানুষ রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে। তবে প্রথম থেকেই মন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন।