জাতীয় দল থেকে ইদানীং একটু দূরেই সরে গেছেন। তবে কাল বিসিবি কাপে ‘এ’ দলের হয়ে করা সেঞ্চুরি নিশ্চয়ই আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি হচ্ছে। যদিও নাঈম ইসলাম বলছেন, দলে সুযোগ পাওয়ার চিন্তার চেয়ে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখাই বড় তাঁর কাছে ম্যাচ হারলেও সেঞ্চুরি পেয়েছেন, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। কেমন লাগছে?নাঈম: ব্যাটিং নিয়ে অনেক দিন ধরে কষ্ট করছি। সেটার ফল পেলাম। ওয়ানডেতে সেঞ্চুরি সব সময়ই স্পেশাল। গত বছর জাতীয় লিগে সেঞ্চুরি করেছিলাম, তারপর এটা করলাম। অনেক দিন পর আরেকটা সেঞ্চুরি...ভালো তো লাগছেই। টার্গেট অনেক বড় ছিল। তার পরও জয়টা কি মাথায় ছিল না?নাঈম ইসলাম: শেষ ২ ওভারে যখন অনেক রান দরকার ছিল, তখন মনে হয়েছে পারব না। ১২ বল ছিল, ১২ বলে তো আর অত রান করা সম্ভব না। তার আগ পর্যন্ত মনে হচ্ছিল পারব। বৃষ্টির পর টার্গেট বদলে যাওয়ার পরও কি এটাই ভেবেছিলেন?নাঈম: ৩১১ রান তাড়া করতে গিয়ে আমরা শুরুতে তাড়াহুড়া করিনি। জানতাম, বোলিং পাওয়ার প্লে আছে, ব্যাটিং পাওয়ার প্লে আছে। পরিকল্পনা ছিল সেসব কাজে লাগাব। হঠা ৎ বৃষ্টি আসায় পরিকল্পনাটা অন্যরকম হয়ে গেছে। তবে জয়ের টার্গেট সব সময়ই ছিল। ব্যক্তিগতভাবে শেষ দিকে কোনটা ছিল আসল টার্গেট—জয়, নাকি নিজের ইনিংস?নাঈম: জিততে হলে যেভাবে খেলতে হতো, সব সময় সেভাবেই খেলতে চেষ্টা করেছি। আমি এক দিক দিয়ে খেলেছি, অন্য দিক দিয়ে যদি আমাদের আর কেউ ভালো খেলতে পারত...২০ বলে ৩০-৩৫ বা ৪০ রান করত, ম্যাচ অনেক ক্লোজ হয়ে যেত। বৃষ্টিই কি জয়টা কঠিন করে দিয়েছিল আপনাদের?নাঈম: বৃষ্টি না হলে হয়তো খেলাটা আরও ভালো হতো। বৃষ্টির কারণে ৬৬ বল কমে গেছে খেলা, ওদিকে রান কমেছে মাত্র ৩০টা। বৃষ্টি আসাটা আমাদের জন্য হতাশাজনকই। জাতীয় দলে ঢোকাটা তো এখন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেঞ্চুরিতে নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়বে...নাঈম: ওভাবে চিন্তা করি না। আমার লক্ষ্য, যখনই খেলা আসবে, ম্যাচ খেলব। পারফরম করব। জাতীয় দলে সাত-আট নম্বরে ব্যাট করলেও এখানে চার নম্বরে ব্যাটিং করে সেঞ্চুরি পেলেন...নাঈম: আসলে ঘরোয়া ক্রিকেটে আমি ওপরেই ব্যাটিং করি। জাতীয় দলে খেললে দলের জন্য পেছনে গিয়ে ব্যাটিং করতে হয়। আমার জন্য ওপরে খেলাটাই স্বাভাবিক, জাতীয় দলে খেললেই বরং নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে হয়। সেঞ্চুরিটা কি তাহলে জাতীয় দলেও ব্যাটিং অর্ডারের ওপরের দিকে জায়গা পাওয়ার দাবি জানাচ্ছে?নাঈম: ওপরের দিকে কীভাবে জায়গা পাওয়া যায়, বাদ পড়ার পর থেকে সেই অনুশীলনই করছি। স্যারের (কোচ সারোয়ার ইমরান) সঙ্গে কথা হয়েছে, স্যার অনেক সাহায্য করছেন। বাইরের প্র্যাকটিসটাই মাঠে এসে কাজে লাগিয়েছি, এর বেশি কিছু না। জাতীয় দলে ওপরের দিকের ব্যাটসম্যান হিসেবে জায়গা পাওয়াটা সহজ হবে মনে হয়?নাঈম: সহজ হবে ভাবছি না। আমি ওপরের দিকেরই ব্যাটসম্যান ছিলাম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যেহেতু কখনো ওপরে খেলিনি, জানি না কাজটা সহজ হবে কি না। বিসিবি কাপে কি ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে?নাঈম: সে রকম কোনো টার্গেট নেই। যখনই সুযোগ আসবে পারফরম করার, সব সময়ই চেষ্টা করব পারফরম করতে। কিছুদিন আগেও জাতীয় দলের নিয়মিত নাম ছিল নাঈম ইসলাম। এখন অনেকটাই দূরে। দলে ফেরার চ্যালেঞ্জটা কীভাবে নিচ্ছেন?নাঈম: জাতীয় দলে আবার ফিরব বা ফিরতে হবে, এ রকম কোনো ইচ্ছা নিয়ে টুর্নামেন্টে খেলছি না। সব সময়ই ভেতরে কাজ করে, খেলার সুযোগ পেলে ভালো খেলতে হবে। তারপর যা হওয়ার হবে। টেলিভিশনে জিম্বাবুয়ে সিরিজ দেখে কেমন লাগল? খেলাটা মিস করেছেন খুব?নাঈম: ভালো লাগত যদি বাংলাদেশ সিরিজ জিতে আসত। দল খারাপ করায় আমারও খুব খারাপ লেগেছে।