‘আমার কাছে আসার দরজা উন্মুক্ত’
‘আমার কাছে আসার দরজা জনগণের জন্য উন্মুক্ত। সিটি করপোরেশনে কোনো কাজ করতে দীর্ঘসূত্রতা দেখা দিলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। দুর্নীতি থেকে দূরে থাকুন, ঘুষ প্রদান করে ব্যক্তিস্বার্থ হাসিলের অভ্যাস থেকে বিরত থাকুন। আপনাদের সবার সহযোগিতায় খুলনা মহানগরকে একটি ডিজিটাল নগর হিসেবে গড়ে তুলব।’স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ সভায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক এসব কথা বলেন। সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার আয়োজনে এবং চারটি বেসরকারি সামাজিক ও উন্নয়ন সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নাগরিক ফোরাম, সুজন এবং রূপান্তরের সহযোগিতায় ৫ ডিসেম্বর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অবৈধ দখল থেকে নগরের খাল উদ্ধার, কেসিসির দুর্নীতি রোধে পদক্ষেপ, ওয়ার্ডভিত্তিক ডিজিটাল তথ্যকেন্দ্র আরও বেশি কার্যকর করা, মশক নিধন, যত্রতত্র বিলবোর্ড উচ্ছেদ, খুলনাকে পর্যটন নগর হিসেবে গড়ে তোলা, শিপইয়ার্ড থেকে রূপসা সেতু পর্যন্ত সড়ক মেরামত, লিনিয়ান পার্ক স্থাপন, জোড়াগেট পাইকারি কাঁচা বাজার, নগরের পানি নিষ্কাশনের ব্যবস্থা, সড়ক বিভাজনে সৌন্দর্যবর্ধনকারী ফুল বাগানের কাঁটাতারের বেড়া অপসারণ, গল্লামারীতে বিকল্প সেতু নির্মাণ, শহরের অলিগলির রাস্তা সংস্কার, ঝুঁকিপূর্ণ ইমারত ভেঙে ফেলা, খুলনার শহরাভ্যন্তরের পার্কগুলোকে বিনোদন উপযোগী করা, বর্জ্যব্যবস্থাপনায় ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা ইত্যাদি বিষয় নিয়ে কেসিসির পদক্ষেপ, সফলতা-ব্যর্থতা, নাগরিক-জীবনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ সম্পর্কে নগরের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী জনগণ মেয়রের কাছে জানতে চান। মেয়র প্রশ্নের উত্তর দেন।কেসিসির দুর্নীতির বিষয়ে মেয়র জানান, কোনো অবস্থাতেই তিনি খুলনা সিটি করপোরেশনে দুর্নীতি হতে দেবেন না। তাঁর মেয়াদকালে তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক খুলনার আহ্বায়ক মোহাম্মদ জাফর ইমাম। অনুষ্ঠানে নির্বাচন-পূর্ববর্তী সময়ে মেয়র তালুকদার আবদুল খালেকের দেওয়া নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি ও বর্তমান অবস্থার একটি ভিডিও চিত্র দেখানো হয়।