‘আমার খুবই ভালো লেগেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সে বসে উপভোগ করলেন এক বিদেশিও। ঢাকায় নিযুক্ত জাপানি দূতাবাসের গণযোগাযোগ কর্মকর্তা মিস রুমি আরিওশি বাংলাদেশ গেমসের এই উদ্বোধনী অনুষ্ঠান দেখে বিস্ময়াভিভূত বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কেমন হলো?রুমি আরিওশি: খুবই বর্ণিল ছিল এটা। অনেক ভালো হয়েছে। আমি তো মুগ্ধ। এত চমৎকার আতশবাজি! আমার খুবই ভালো লেগেছে। গ্যালারির দিকে চেয়ে দেখি সবাই মোবাইলে দৃশ্যটার ছবি তুলতে ব্যস্ত। আমিও এটার ছবি তুলেছি। শুধু কি আতশবাজিই ভালো লেগেছে?আরিওশি: না। ঘৌড়দৌড়, নৌকাবাইচ, বাঁশ নিয়ে নাচ—এগুলোও আমার মন কেড়েছে। আর লেজার শো দিয়ে যেভাবে ভবনের দেয়ালে ছবি আঁকা হলো! কী বলব! অসাধারণ। আমার অনেক দিন মনে থাকবে এটা। দেয়ালের ওপর যে ওটা এভাবে ছবি হয়ে ভাসবে, আগে এটা ভাবতেই পারিনি। মাঝেমধ্যে যেভাবে হঠাৎ করে চারদিক থেকে মশাল জ্বলে উঠছিল, এটাও আমাকে বেশ আনন্দ দিয়েছে।  এই উদ্বোধনী অনুষ্ঠানের খবরটা কার কাছ থেকে জেনেছেন?আরিওশি: আমার এক বন্ধু আমাকে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছিল। আমার হাতে আজ বিকেলের পর খুব বেশি কাজ ছিল না। ভাবলাম, গিয়ে দেখে আসি। বাংলাদেশ গেমস সম্পর্কে কোনো ধারণা আছে আপনার?আরিওশি: এটুকু জেনেছি, বাংলাদেশ গেমস হচ্ছে এ দেশের সবচেয়ে বড় জাতীয় প্রতিযোগিতা। সারা দেশের সব খেলোয়াড় এখানে এসে পদকের জন্য লড়াই করেন।  বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে কেমন ধারণা আছে?আরিওশি: একটু-আধটু আছে। আমি ফুটবল ও বেসবল খেলাটা ভীষণ পছন্দ করি। আমাদের ওখানে সুমো কুস্তি আর বেসবল খুবই জনপ্রিয়। তবে আমি এখানে এসে জেনেছি বাংলাদেশ একটা ক্রিকেটপাগল জাতি। এখানে ক্রিকেট অনেক জনপ্রিয়। খেলাটা অনেক সময় ধরে হয়। বাঙালি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগে কি কখনো দেখেছেন?আরিওশি: না। দেখার সৌভাগ্য হয়নি। বাংলাদেশের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আপনার?আরিওশি: এই শহরের রিকশাটা আমার খুবই ভালো লেগেছে। সময় পেলেই রিকশায় ঢাকা শহর ঘুরতে বের হই।  ঢাকায় কত দিন আছেন?আরিওশি: ছয় মাস আগে ঢাকায় এসেছি। এর আগে প্যারিসে ছিলাম।  আপনার সঙ্গে এরা (পাশে বসা দুই শিশু) নিশ্চয়ই আপনার মেয়ে? ওরা কি বাংলা বলতে পারে?আরিওশি: হ্যাঁ। এরা আমার দুই মেয়ে নানা ও মোয়ে। ওরা বাংলা বলতে পারে না। তবে আমি পারি একটু-আধটু। এই যেমন: ধন্যবাদ। ওদের এখানকার আমেরিকান স্ট্যান্ডার্ড স্কুলে ভর্তি করে দিয়েছি। বাড়িতে ওরা আমার সঙ্গে জাপানি ভাষায় কথা বলে।  জাপানি সংস্কৃতির সঙ্গে কি কোথাও বাংলাদেশের কোনো কিছুর মিল পান?আরিওশি: না। দুটো সংস্কৃতি একেবারেই আলাদা। জাপানের চা-উৎসব বেশ পুরোনো একটা উৎসব। জাপানি নৃত্য, ঐতিহ্যবাহী জাপানি পুতুলনাচ এগুলোও বেশ উপভোগ্য। এখানেও শুনেছি পুতুলনাচটা হয়। জাপানি ক্যালিওগ্রাফিরও একটা আলাদা ঐতিহ্য আছে। জাপানি সিনেমা ও সংগীতও চমৎকার।