সেই ১৯৭৭ সালে ১১ বছর বয়সে প্রথম মোহামেডানের হয়ে লিগে অংশ নেন। এরপর বিমান, ব্রাদার্স ও লিওনাইন হয়ে এবার আবারও মোহামেডানে খেললেন নিয়াজ মোরশেদ। প্রিমিয়ার দাবা লিগে দলকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা রেখেছেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। কাল লিগ শেষে কথা বললেন দেশের দাবার সার্বিক বিষয় নিয়ে অনেক দিন পর মোহামেডানকে দাবায় ফিরিয়ে আনতেই রেখেছেন বড় ভূমিকা, তারপর তো দলকে শিরোপাই জেতালেন। কেমন লাগছে?নিয়াজ মোরশেদ: ভালোই লাগছে। আমরা যে চ্যাম্পিয়ন হব, এটা একপ্রকার প্রত্যাশিতই ছিল। তবে বাড়তি পাওনা, আমার খেলাটা খুব ভালো হয়েছে। লিগে এবারও বেশ কয়েকজন বিদেশি খেলেছেন। এটাকে কীভাবে দেখছেন?নিয়াজ: লিগে বিদেশি খেলোয়াড়ের খেলার মধ্যে আমি খারাপ কিছু দেখি না। তবে এখানে ভারত থেকে না এনে অন্যান্য দেশ থেকেও দাবাড়ু আনলে আরও ভালো হতো। একটা বৈচিত্র্য থাকত লিগে। বিশ্বের বিভিন্ন দেশে দাবার একাডেমি, ক্লাব রয়েছে। কিন্তু বাংলাদেশে এই চর্চাটা জোরালো নয়। আপনার নিজের কি এ রকম কিছু করার ইচ্ছা আছে?নিয়াজ: আমার নিজের একটা একাডেমি করার ইচ্ছা আছে। কিন্তু ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা হলো জায়গা। এখানে একখণ্ড জায়গা কেনা খুবই ব্যয়বহুল। ভাড়া করা জায়গায়ও শুরু করা যায়। তবে সেজন্য দরকার পৃষ্ঠপোষকতার। ভবিষ্যতে সিক্স সিজনস দাবা ক্লাব নামে একটা ক্লাব করার ইচ্ছা আছে আমার। আপনি তো সিক্স সিজনস দাবা প্রতিযোগিতার আয়োজন করেছেন। বর্তমানে ওটার কী অবস্থা?নিয়াজ: আপাতত এর কার্যক্রম একটু ঝিমিয়ে পড়েছে। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণেই এটি এগিয়ে নিতে পারছি না। তবে জানুয়ারিতে আবারও পুরোদমে শুরু করার ইচ্ছা আছে। মোহামেডান আবার দাবায় ফিরেই চ্যাম্পিয়ন। অন্য বড় ক্লাবগুলোর অংশগ্রহণও কাম্য নয়?নিয়াজ: মোহামেডানের পাশাপাশি আবাহনীও যদি দাবায় আসত তাহলে লিগটা আরও জমত। দাবার জন্য অবশ্যই ভালো হতো। মোহামেডান সবে লিমিটেড কোম্পানি হয়েছে। এরা দাবায় থাকলে খেলাটিরই ভালো হবে। আবাহনী এ পর্যন্ত একবারও দাবা লিগে খেলেনি। ওরা যদি ভবিষ্যতে আসে, তাহলে দাবা একটা শক্ত ভিত্তি পাবে। তবে সে ক্ষেত্রে ফেডারেশনের সাংগঠনিক দক্ষতা আরও বাড়াতে হবে। লিগের ব্যবস্থাপনা, আয়োজন এসব নিয়ে কি খুশি?নিয়াজ: সত্যি বলতে, লিগটা মোটেও ভালো হয়নি। আরও ভালো আয়োজন প্রত্যাশিত ছিল। এটাকে আমি মন্দের ভালো বলব। আমি আয়োজনের সঙ্গে যুক্ত থাকলে চাকচিক্যটা আরও বাড়াতাম। নোংরা টেবিল-চেয়ারে বসে খেলতে হয়েছে আমাদের। রিফ্রেশমেন্টের ভালো ব্যবস্থা ছিল না। ডেকোরেশন আরও সুন্দর হওয়া উচিত ছিল। প্রচার-প্রচারণার জন্য আরও বেশি কাজ করা উচিত ছিল। লিগে টেকনিক্যাল কিছু সমস্যাও ছিল। সেটা কেমন?নিয়াজ: আরবিট্রেটর সমস্যা ছিল। এখানে ভালো মানের আরবিট্রেটর নেই। হারুন ভাইয়ের (হারুনুর রশীদ) অনুপস্থিতিটা ছিল চোখে পড়ার মতো। লিগে ওনার অভাব বোধ করেছি। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব) ও আবদুল্লাহ আল রাকিব লিগে অংশ নেননি। তাঁদের এই সিদ্ধান্ত কতটা সমর্থন করেন?নিয়াজ: আগেও বলেছি, এখনো বলছি, ওরা ভুল করছে। ওদের সব প্রতিযোগিতায় খেলা উচিত। আমি মোকাদ্দেসের (সাধারণ সম্পাদক) দলে নেই। তাই বলে কি খেলছি না? দূরে থাকলে ক্ষতি হয়। সবার সঙ্গে দূরত্ব বাড়ে। নিয়মিত না খেললে পারফরম্যান্সেও প্রভাব পড়ে। তাই ওদের আসা উচিত। রিফাত কিন্তু তিন রাউন্ড খেলেছে। এবং ও কাল (পরশু) খুবই ভালো খেলেছে।