‘আমার ঘর-দুয়োর সব নাইবি গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়ি ছিল, চার বিঘা জমিও ছিল। সবই দুই বছরের ভাঙ্গনে নদীর মধ্যি চলি গেছে।’ কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের মজিরন এভাবেই তাঁর অবস্থার কথা বর্ণনা করেন। প্রায় একই ধরনের কথা বলেন ওই এলাকার আসিরন, হামিদুল, ময়নালসহ কয়েকজন। কুষ্টিয়ার গড়াই নদীর ভাঙনে সদর উপজেলার হরিপুর ও কয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। দুই সপ্তাহের নদীভাঙনে ৫০টি বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় শতাধিক নিঃস্ব পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, পদ্মা নদীর গড়াই মুখে নদী খননের পর থেকে এ ভাঙন শুরু হয়েছে। এর আগে এমন ভাঙন কখনো দেখা যায়নি। এ বছর আষাঢ়ের শুরুতে নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হঠাৎ করে এ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ ও ভাঙ্গনীপাড়া এবং কয়া ইউনিয়নের হঠাৎপাড়াসহ প্রায় তিন কিলোমিটার এলাকার প্রায় ৫০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তারা ইউনিয়ন পরিষদ বা অন্য কোথাও থেকে কোনো সাহায্য-সহযোগিতা পায়নি।সরেজমিনে দেখা যায়, গড়াই নদীর কোলঘেঁষা হরিপুর ও কয়া ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে নদীভাঙন চলছে। বোয়ালদহ এলাকায় নদীর পাড় থেকে যত দূর চোখ যায়, কিছু দূর পরপর পাড় ভেঙে পড়ছে। বোয়ালদহ ভাঙ্গনীপাড়া থেকে একটু এগিয়ে সামনে অগ্রসর হতেই দেখা গেল, একেবারে নদীর কোলঘেঁষে গড়ে উঠেছে মহানগর প্রাথমিক বিদ্যালয়। আর একটু ভাঙলে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এভাবে আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এখানে ভাঙনের মুখে।ভাঙ্গনীপাড়ার কৃষক নজু মিয়া বলেন, ‘আমার আর কিছুই নেই, তার পরও এ পাড়েই বসে আছি, কোথায় যাব ভেবে পাচ্ছি না।’ ছেলে কোলে নিয়ে আবদুর রশিদের স্ত্রী লায়লী খাতুন বলেন, ‘আমার ঘর-দুয়োর সব নাইবি গেছে, আমরা এখন সর্বহারা হয়ে গেছি, যা ছিল তা অন্য বাড়ি তুলিছি, তিন ছাওয়াল আর তিন মিয়া নিয়ে না খাইয়ে দিন কাটাচ্ছি।’ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর প্রায় আধা কিলোমিটার এলাকা গড়াই ও পদ্মার গর্ভে চলে যাচ্ছে। পেছনে পদ্মা আর সামনে গড়াইয়ের ভাঙন হরিপুর ও কয়া ইউনিয়ন দুটিকে ছোট করে দিচ্ছে। ২০ বর্গকিলোমিটার এলাকা নদীভাঙনে এখন ছোট হয়ে প্রায় ১২ কিলোমিটারে পরিণত হয়েছে। ভাঙনরোধে ২০০৭ সালে পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে। ক্ষতিগ্রন্ত পরিবারের সাহায্যের জন্য জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানকে বলা হয়েছে।’কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘ভাঙ্গন প্রতিরোধে ইতিমধ্যে ৪৫ লাখ টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। ওই সব এলাকায় প্রাথমিকভাবে বাশেঁর বাঁধ দেওয়া হবে। এ ছাড়া গড়াইমুখে স্থায়ী বাঁধ দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারিভাবে সবকিছু পাস হয়ে গেছে। আশা করা যাচ্ছে, আগামী বছর এর কাজ শুরু হবে।’