আগামীকাল বিকেএসপিতে শুরু হচ্ছে তৃতীয় এশিয়ান গ্রাঁ প্রিঁ ও এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ। বিশ্ব যুব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বাংলাদেশের তীরন্দাজ ইমদাদুল হক মিলন এবারই প্রথম খেলবেন সিনিয়র গ্রুপে। নিজের প্রস্তুতি ও ক্যারিয়ার নিয়ে কথা বললেন তিনি একই সঙ্গে দুটি টুর্নামেন্ট। প্রস্তুতি কেমন?ইমদাদুল হক মিলন: প্রস্তুতিটা ভালোই হচ্ছে। ক্যাম্পের সবাই কঠিন পরিশ্রম করছি। আশা করি, এবার ভালো একটা কিছু করব। গতবার তো অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল আপনার। এবার কি আক্ষেপ ঘুচবে?ইমদাদুল: এখনই কিছু বলতে পারছি না। তবে আর্চারি খেলাটা অঙ্কের গ্রাফের মতো। একবার স্কোর ওঠে তো একবার নামে। এটা আসলে পুরোটাই মনস্তাত্ত্বিক খেলা। একেক দিন একেক রকম স্কোর হচ্ছে। সব দিন একই রকম পারফরম্যান্স হয়ও না। তবে আমি আশাবাদী ভালো করব। দলগত বলুন, ব্যক্তিগত বলুন—দুই বিভাগেই তো ভারতের কাছে হেরেছিলেন আপনারা। এবারও কি ভারতীয় তীরন্দাজদের নিয়েই ভয়? ইমদাদুল: এবার কিন্তু ভারত সবচেয়ে শক্তিশালী দল নয়। এর বাইরেও অনেক শক্তিশালী দল এসেছে। এই যেমন চাইনিজ তাইপে, মালয়েশিয়া। এদের সঙ্গেও আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশে একমাত্র আর্চারিরই সারা বছর ক্যাম্প হয়। আপনাদের জন্য এটা তো দারুণ সুযোগ...ইমদাদুল: সুযোগটা একদম এক শতে এক শ কাজে লাগাচ্ছি। আগে অনুশীলন করতাম সকাল-বিকেল দুই বেলা। এখন তো রাতেও অনুশীলন করছি। রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে অনুশীলন। আমাদের যতটা ভালো করার সম্ভব সেটার সব রকম চেষ্টাই করছি। কোনো ত্রুটি রাখছি না। দুই কোচও যথেষ্ট পরিশ্রম করছেন। ফেডারেশন তো বলছে, ২০১৬ ও ২০২০ অলিম্পিক সামনে রেখেই আপনাদের এমন ক্যাম্প। নিজেরা কী ভাবছেন?ইমদাদুল: ইনশাআল্লাহ আমরাও ভালো কিছু করার চেষ্টা করব। সেটা সোনাও হতে পারে। তবে এর আগে আমাদের আরও অনেক টুর্নামেন্ট খেলতে হবে। ঘরোয়া ও আন্তর্জাতিক সব মিলিয়েই অনেক টুর্নামেন্ট খেলতে হবে। ক্যাম্পে সময়টা কেমন কাটছে?ইমদাদুল: ক্যাম্প খুবই ভালো লাগে, উপভোগ করি। শুধু যখন বাসার কথা মনে হয়, তখন একটু খারাপ লাগে। তবে মন খারাপ হলে চুটিয়ে আড্ডা দিই। তখন অতটা খারাপ লাগে না। অনুশীলন না থাকলে টিভি দেখি। বাংলাদেশে আর্চারি তো এখনো শৌখিনতার বৃত্তেই বন্দী। নিজেকে কি পেশাদার বলে দাবি করা সম্ভব?ইমদাদুল: সত্যি বলতে ক্রিকেটার, ফুটবলাররা যেভাবে খেলে টাকা পান সেভাবে তো আমরা পাই না। এখানে শুধুই পদক। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বা ইউরোপের বড় চ্যাম্পিয়নশিপে ৫ হাজার থেকে ১০ হাজার ডলার প্রাইজমানি থাকে। ইউরোপের দেশগুলোয় খেললেও বেশ টাকা পাওয়া যায়। দুঃখের ব্যাপার, সেখানে আমরা খেলারই সুযোগ পাই না। শুধু এশিয়াতেই খেলি। কেন সুযোগ পান না?ইমদাদুল: সেখানে অংশগ্রহণ ফি অনেক। তাই ওখানে খেলতে গেলে আমাদের ফেডারেশনকে আর্থিক দিক দিয়ে আরও ভালো অবস্থায় যেতে হবে। যুব বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। কিন্তু এবার তো সিনিয়র পর্যায়ে প্রথম খেলবেন। কীভাবে দেখছেন বিষয়টা?ইমদাদুল: আমি বলব, আমি নতুন করে শুরু করছি। ধরতে গেলে আমি এখনো ঘুমিয়ে আছি। আমার ঘুম এখনো ভাঙেনি। আমি এখন এক নম্বর হওয়ার জন্য নতুন উদ্যমে শুরু করছি সব।