‘আমার টি-টোয়েন্টি খেলার সামর্থ্য আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়ক তিনি। হোক ‘নিষিদ্ধ ক্রিকেট’, টি-টোয়েন্টিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আইসিএলেও। অথচ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচটা খেলার পর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি শাহরিয়ার নাফীসের! তবে নিজের সামর্থ্যে এখনো আস্থা আছে এই বাঁহাতি ব্যাটসম্যানের বাংলাদেশ দলের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন। অথচ ওই ম্যাচের পর আর একটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। কতটা হতাশাজনক?শাহরিয়ার নাফীস: খেলোয়াড় হিসেবে তো অবশ্যই এটা ভালো লাগার মতো বিষয় নয়। তবে আমার মনে হয়, আমি সব মিলিয়ে যতগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, ভালো খেলেছি। জিম্বাবুয়ের ওই আন্তর্জাতিক ম্যাচটি ছাড়াও আমি ঘরোয়া ক্রিকেটে কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। আইসিএলে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তো আপনার পারফরম্যান্সও উজ্জ্বল ছিল...শাহরিয়ার: হ্যাঁ, আইসিএলকে যদি হিসাবে ধরেন, আমার পারফরম্যান্স সেখানেও অনেক ভালো ছিল। অনেকগুলো ম্যাচেই আমি ভালো ব্যাটিং করেছি। এর পরও আমাকে কেন টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে দেখা হয় না, এর উত্তর নির্বাচকেরাই ভালো দিতে পারবেন। তবে একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, আমার টি-টোয়েন্টি খেলারও সামর্থ্য আছে। তিন ধরনের ক্রিকেটে খেলারই সামর্থ্য আছে। সেপ্টেম্বরের বিশ্বকাপের আগে আরও দুটি টি-টোয়েন্টি সফর আছে বাংলাদেশের। সুযোগ পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী?শাহরিয়ার: এই উত্তরটা আমি দিতে পারব না। আমি শুধু আমার চেষ্টা করে যাব। তবে আপাতত আমাদের দেশেও কোনো খেলা নেই যে কিছু একটা করে দলে সুযোগ পাব। আর আমার টার্গেট টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়। এ বছর আমাদের যে ওয়ানডে আর টেস্ট ম্যাচগুলো আছে, টার্গেট সেগুলো। সে জন্যই প্রস্তুতি নিচ্ছি। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনা কতটুকু মনে হয়?শাহরিয়ার: সাম্প্রতিক সময়ে আমাদের দলটা যে রকম খেলছে, তাতে আমার বিশ্বাস এই সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলব। আর আমাদের জন্য ভালো ক্রিকেট খেলা মানে এখন শুধুই ভালো ক্রিকেট খেলা নয়। ভালো ক্রিকেট খেলা মানে জয়। ফাইনাল ছাড়া চারটা ম্যাচ আছে, চারটা ম্যাচেই আমাদের ভালো সুযোগ থাকবে জেতার। তবে এটাও ঠিক, ওখানকার কন্ডিশনে সফরটা কঠিন হবে আমাদের জন্য। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দুর্বল কেন?শাহরিয়ার: আমরা যথেষ্ট টি-টোয়েন্টি ম্যাচ খেলি না, এটাই কারণ। বিশ্বকাপ বাদ দিয়েও সব দলই এখন দ্বিপক্ষীয় সিরিজে বা কোথাও না কোথাও টি-টোয়েন্টি খেলে। সে তুলনায় আমরা অনেক কম খেলি। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর ওয়ানডে খেলছি বলে আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো পারফর্ম করছি। টেস্ট আর টি-টোয়েন্টিতে খারাপ করার কারণ অনভ্যাস। আপাতত তো খেলা-টেলা নেই। কী করে সময় কাটাবেন?শাহরিয়ার: আমি ফিটনেস ট্রেনিং করছি, ওটা চালিয়ে যাব। আমাদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছিল ইফতেখার, ও এখন ট্রেনার। সে আমাকে সাহায্য করছে। রোজার আগ পর্যন্ত ফিটনেস ট্রেনিং করব। আগস্ট-সেপ্টেম্বর থেকে ব্যাটিং প্র্যাকটিস শুরু করব। এসব করছি যেন পরের মৌসুমটা পুরো প্রস্তুতি নিয়ে শুরু করতে পারি। ফিটনেস ট্রেনিংয়ে কেমন ফল পাচ্ছেন?শাহরিয়ার: ভালোই ফল পাচ্ছি। আমি একটা টার্গেট নিয়ে এটা করছি। সেটা এখনো পূরণ হয়নি। কতটুকু ওজন কমেছে, এখনই তাই সেটা বলব না (হাসি)। তবে আমার মনে হয় যা-ই করছি, সেটা আমাকে ভবিষ্যতে অনেক সাহায্য করবে।