‘আমার তো কৃষক হওয়ার কথা ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিডোর উত্তরসূরি হয়ে এলেন জোরান জর্জেভিচ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন এই কোচের সাক্ষাত্কার নিয়েছেন মাসুদ আলম। বাফুফের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?জোরান জর্জেভিচ: দুঃখিত, এর কোনো উত্তর দেব না। আমি এ ধরনের প্রশ্ন পছন্দ করি না। আচ্ছা থাক। এটা বলুন, বাংলাদেশের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কেন?জর্জেভিচ: সাফ ফুটবলের সময় এখানে আমি গ্যালারিভর্তি স্টেডিয়াম দেখেছি। তখনই ঈশ্বরকে বলেছি, এই দেশের জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ দাও আমাকে। তাই বোনাস-টোনাস বাদ দিয়ে মাসে ১০ হাজার ইউরো বেতনে বেনিনের একটা ক্লাবের প্রস্তাবেও সাড়া দেইনি।  আপনি সারাক্ষণই ভিজিটিং কার্ড দিচ্ছেন সবাইকে। সবার ফোন নম্বর নিচ্ছেন। খুবই ব্যস্ত মানুষ। এ মুহূর্তে দেখছি অনেক কাগজপত্রও সঙ্গে...জর্জেভিচ: এটা আমার কাজেরই অংশ। আমার সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য এই পেপার কাটিং-ছবিগুলো এনেছি। এটা তো কিছুই না। সব আনলে তো এক হাজার কিলো হবে। আমার রুমে গেলে দেখবেন আসল চিত্রটা। বাংলাদেশে কাজ করা বিদেশি কোচদের জন্য কঠিন। এটা কি বুঝতে পারছেন? জর্জেভিচ: দেখুন মিস্টার, পৃথিবীতে অনেক কোচ মনপ্রাণ দিয়ে কাজ করে না। টাকা কামায় আর সমস্যা বাঁধিয়ে চলে যায়। মিস্টার ডিডোর সঙ্গে কী হয়েছে বা তারও আগের কথা আমি জানি না। কখনো কখনো ভালো প্রস্তাব পেয়ে কোচ একটা সমস্যা তৈরি করে চলে যায়। আমি সে রকম লোক নই।  তাহলে তো মনে হয় দীর্ঘ সময়ের জন্য কাজ করতে পারবেন এ দেশে? জর্জেভিচ: সময় বড় ব্যাপার নয়। এখানে কেউ আমার কাজে সন্তুষ্ট না হলে দীর্ঘ মেয়াদে চুক্তি দিয়ে কী হবে? এ জন্য মনে করি, আমি এবং আমার দুই সহকারীর চরিত্র, আমাদের জ্ঞান, ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা... কিছুই কাজে আসবে না। তবে আমি নিশ্চিত, যখন খেলা হবে সবাই একটা ভালো ধারণা পাবেন। এরপর ফেডারেশন সিদ্ধান্ত নেবে, এই লোকেরা ভালো না খারাপ।  আপনি চার্চিল ব্রাদার্সে এক বছর থেকে দলটাকে চ্যাম্পিয়ন করেছেন। চলে এলেন কেন ওখান থেকে? জর্জেভিচ : শুনুন, আমাকে কেউ তাড়ায় না। আমিই চলে আসি। কোচ কখনো নিজের কাজের বিচার করতে পারে না। মানুষ বলবে সে ভালো না খারাপ। আমি কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, সুদান, বাহরাইন, ভারতসহ ১১টি দেশে কাজ করেছি। আমি সব সময় ভালো ধারণাই দিয়েছি সব জায়গায়। তবে আমার চারপাশে বাজে কিছু দেখলে আর থাকি না। চার্চিলের ব্যাপারটা সেভাবেই দেখুন। এখানে পুরো স্বাধীনতা পাবেন মনে করেন? জর্জেভিচ: আপনি বোঝাতে চাচ্ছেন, কেউ আমার কাজে হস্তক্ষেপ করবে? কোনো সুযোগ নেই। তবে খেলোয়াড়, স্টাফ, মিডিয়া, ফেডারেশন, ম্যানেজমেন্ট, দর্শক—সবার ওপরই আমি নির্ভরশীল। আমি একা কিছুই করতে পারব না। ১১ জন খেলোয়াড় বাছাই করা, ট্যাকটিকস, খেলোয়াড় বদলি... এগুলো ব্যাখ্যা করার বাধ্যবাধকতা আছে আমার বসের কাছে। বস মানে, দর্শক। এ দেশে তো কোচের সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে প্রায়ই শোরগোল ওঠে। জর্জেভিচ: দেখুন, এটা আমার জাতীয় দল নয়। বাংলাদেশ ন্যাশনাল টিম। কেন অমুক খেলোয়াড় খেলল, কেন তমুক খেলল না— ফেডারেশন চাইলে অবশ্যই ব্যাখ্যা দেব। ফেডারেশন যদি বলে, অমুক প্লেয়ার ধূমপান করে, অ্যালকোহলিক, চাপের মুখে খেলতে পারবে না... অবশ্যই আমি তাদের পরামর্শ সম্মানের সঙ্গে নেব। তবে কোনো নির্দেশ মানব না। বাফুফে আপনার কাছে কী চেয়েছে?জর্জেভিচ: পেশাদারি কাজ এবং আমি যেন সত্ থাকি। চ্যাম্পিয়ন হতেই হবে, এটা তারা বলেনি। তারা জানে, আমি বা আমরা জাদুকর নই। এখন শুরুতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, দল নির্বাচনে যাতে ভুল না হয়। ডিডোর দল পছন্দ করেনি বাফুফে। এ থেকে কী আপনি কোনো বার্তা পেলেন?জর্জেভিচ: সব কোচই তাঁর সেরাটা দিতে চান। আমি মিস্টার ডিডো সম্পর্কে ভালো-খারাপ কিছু বলতে পারব না। আমি তাঁকে চিনি না। এটা আমার কাজও নয়। আমি চেষ্টা করব একটা ঐক্যবদ্ধ দল গড়তে।  এই কদিনে দেখছি, সাংবাদিকদের সঙ্গে দেখা হলেই মিডিয়াকে ইতিবাচক খবর লেখার জন্য বলছেন আপনি।জর্জেভিচ: মিডিয়া নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা আছে। আপনি আমাকে নিশ্চিত করুন, ফুটবলের জন্য নেতিবাচক কিছু লিখবেন না। আমি কিন্তু এই সাক্ষাত্কার ছাপা হওয়ার পর কাউকে দিয়ে অনুবাদ করিয়ে পড়ব।  এসএ গেমস ও চ্যালেঞ্জ কাপের জন্যই শুধু দায়িত্ব পেয়েছেন। দুটি টুর্নামেন্টে আপনার প্রত্যাশা কী? জর্জেভিচ: আধুনিক ফুটবল খেলা। খেলোয়াড়দের মাঠে ২০০ ভাগ দিতে হবে। জয়ের জন্য তাদের ক্ষুধার্ত দেখাতে চাই। যে খেলোয়াড়েরা ভয় পায়, লড়াই করতে পারে না, আই কিল দেম। চিকেন হার্ট নয়, টাইগার হার্ট চাই। ভীত, অলস লোকদের আমি ঘৃণা করি। তারা বাড়িতে বসে থাকুক, রান্নাঘরে কাটাক। নাম নয়, কঠোর পরিশ্রম করতে পারলে দলে আসবে যে কেউ। তা ১৬ বা ৪০ যাই হোক বয়স।  আপনার কোচিং দর্শন তাহলে এটা—লড়াই..লড়াই...লড়াই। জর্জেভিচ: ঠিক তাই। অমার দর্শন, ‘তোমার সেরাটা দাও, ঈশ্বর বাকিটা দেবেন।’ বাংলাদেশ দলকে সেভাবেই দেখা যাবে? জর্জেভিচ: অবশ্যই। আক্রমণাত্মক ফুটবল চাই আমি। তবে এটা খুব বিপজ্জনক। এর জন্য শক্তিশালী রক্ষণ দরকার। আর খেলার পদ্ধতিটা নির্ভর করে কোয়ালিটি খেলোয়াড়ের ওপর।  সার্বিয়ায় তো বিশ্বমানের অনেক কোচ। কাকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন? জর্জেভিচ: ব্রচিস লুবিসা। অনেক বড় কোচ ছিলেন। যুগোশ্লাভিয়ার ফুটবল ইতিহাসে সেরা কোচ। আমার ফুটবল গুরু। তিনি আমাকে বলেছেন, জোরান, খেলোয়াড়দের তুমি সব সময় নিজের সন্তানের মতো দেখবে। ভাই-পরিবারের মতো দেখবে। বোরা মিলুটোনোভিচ আমার বন্ধু মানুষ। সেও আমাকে অনেক উত্সাহ দিয়েছে। প্রসঙ্গক্রমে বলি, ব্রাজিলের মারিও জাগালোর সঙ্গেও যোগাযোগ আছে। এই দেখুন, একসঙ্গে আমাদের দুজনের ছবি। এই অবস্থানে আসার জন্য নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে আপনাকে?জর্জেভিচ: হ্যাঁ, ভীষণ। বুলগেরিয়া সীমান্তের কাছে আমাদের গ্রামে নিয়ম ছিল, কৃষক পরিবারের একজন ছেলে থাকলে সে অন্য কোথাও যেতে পারবে না। উত্তরাধিকার হওয়ার জন্য তাকে কৃষিকাজই করতে হবে। আমার বাবা কৃষক। তাঁর খামার আছে, নাম ভালকিয়ানোওয়াত ফার্ম। মা মারা গেছেন, বাবার বয়স এখন ৮৪ বছর। তাঁর নাম জোরান। বাবার একমাত্র ছেলে (বোন একজন, বড়) হিসেবে আমারও কৃষকই হওয়ার কথা ছিল। কিন্তু সমাজ ও পরিবারের বাধা উপেক্ষা করে বাড়ি থেকে ১২-১৩ মাইল দূরে ছুটে যেতাম ফুটবলের টানে। বাবা অনেক মারতেন। সে অনেক লম্বা গল্প। সার্বিয়া এবার বিশ্বকাপে খেলছে। আপনার প্রত্যাশা কী?জর্জেভিচ: সেমিফাইনালে উঠতে পারে। এমনকি ফাইনালেও। দলটার কোচ আমার বন্ধু এবং খুবই সত্ মানুষ। তাঁর বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। মাঠের এই ছবিটা দেখলে বুঝবেন... এটা ৪০ বছর আগের। এখানে আমরা দুজনই আছি। যুগোশ্লাভিয়া একসময় ফুটবলে পরাশক্তি ছিল। এখন তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। জর্জেভিচ: হ্যাঁ, এখন সাতটা দেশ হয়েছে। আর দেখুন, সব দেশই শক্তিশালী। সেই যুগোশ্লাভিয়া এখন থাকলে...। দেখুন, ব্রাজিল ভেঙে দু-তিনটা দেশ হয়ে গেলে কী অবস্থা হয়! আপনার হাতে একটা চিঠি। এটা কী?জর্জেভিচ: এটা সেপ ব্লাটারের চিঠি। গত বছরের ২১ এপ্রিল পাঠিয়েছেন। চার্চিলকে চ্যাম্পিয়ন করার পর ব্লাটার অভিনন্দন জানিয়েছেন আমার দল এবং আমাকে। ওই লীগে আমার দলের গোল ব্যবধান ছিল প্লাস ৩০! ৫৩টা গোল করেছি, খেয়েছি ২৩টা (হা...হা...হা)।  আপনি এখন পরিবার নিয়ে দুবাইতে থাকেন কেন?জর্জেভিচ: উন্নত জীবনযাপন করার জন্যই থাকি। পরিবারে আমার স্ত্রী, আর তিন ছেলে ও এক মেয়ে। ছেলেরা সবাই প্রতিষ্ঠিত। এক ছেলে দুবাইয়ে সিটি ব্যাংকের পরিচালক। তার দুটি কোম্পানি আছে। অনেক বছর ধরে আছি, আমার অনেক সম্পদ ওখানে। এখন মেয়ের ঘরের নাতিটার কথা খুব মনে পড়ছে। সে আমাকে ফ্রেন্ড বলে। দুবাইয়ে রেখে আসা নাতির কথা মনে করে কান্নায় ভেঙে পড়লেন ৫৭ বছর বয়সী কোচ। কয়েক ঘণ্টার ক্লান্তিহীন কথায় তখনই ছেদ পড়ল তাঁর।