‘আমার দলে আমাকে রাখব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সম্ভাবনা নিয়ে শুরু করে পথ হারিয়ে ফেলেছিলেন। মাঝখানে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আবারও দৃশ্যপটে অলক কাপালি। বিশ্বকাপের ২৩ জনের দলে আছেন, চূড়ান্ত দলে থাকার স্বপ্ন ও প্রাসঙ্গিক বিষয়ে কথা বললেন এই অলরাউন্ডার বিশ্বকাপের ২৩ জনের দলে তো টিকে গেলেন। আপনি দল করলে কি ১৫ জনের বিশ্বকাপ দলে রাখবেন নিজেকে?অলক কাপালি: আমি অনেক দিন থেকেই জাতীয় দলে নেই। অনেকে তো বলে আমি নাকি খেলার মধ্যেই নেই! আসলে জাতীয় দলে খেলতে থাকলে কাজটা সহজ হয়ে যায়। কেউ আর প্রশ্ন তোলে না, ও আর খেলতে পারবে কি না? অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে আমার আরও সময় নেওয়া উচিত, আমি নিজে এটা মনে করি না। এখন বাংলাদেশ যে ক্রিকেট খেলছে, খেলোয়াড়দের মধ্যে এমন কোনো রাত-দিন তফাৎ নেই। এ সবদিক দিয়ে চিন্তা করলে আমি অবশ্যই আমার দলে আমাকে রাখব। মাঝখানে অনেকে বলেছে, অলক ক্রিকেটে নেই...এসব আলোচনা কেন হয়েছে বলে আপনার মনে হয়?অলক: এটা আসলে শুনেছি আমি...অলক অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই। এসে হঠাৎ করে কি খেলবে? সুযোগ পাওয়ার পরই না সবাই বুঝতে পারবে আসলে আমি কেমন খেলব। অনেকে তো অভিষেক টেস্টে সেঞ্চুরি করে, সেও তো আগে খেলেনি! সুযোগ না দিলে তো আসলে বোঝা যাবে না কে কী খেলবে। মাঝখানে হারিয়ে যাওয়ার দায়টা তো অনেকে আপনার ওপরই দেয়...অলক: আপনারা জানেন মাঝখানে কিছুদিন আমি খুব অসুস্থ ছিলাম। আমার অপারেশনও হয়েছিল। মা-ও একটু অসুস্থ ছিলেন। বোর্ডকে তখনই সেসব জানাতে না পারলেও তিন-চার দিন পর জানিয়েছি। নির্বাচক আকরাম ভাইও জানেন যে আমি অ্যাপ্লিকেশন দিয়ে বিষয়টা বোর্ডকে জানিয়েছি। এবার প্রিমিয়ার লিগ শুরুর আগে বিশ্বকাপটা নিশ্চয়ই মাথায় ছিল...অলক: ছিল তো অবশ্যই। জাতীয় লিগে পিঠে ব্যথা পাওয়ার পর আমার খেলার কথা ছিল না। তার পরও আমি খেলেছি। কারণ প্রিমিয়ার লিগটা অনেক গুরুত্বপূর্ণ...৫০ ওভারের ম্যাচ। প্রিমিয়ার লিগটাকে ধরেই এগোচ্ছিলাম। লিগে এখন পর্যন্ত আপনার যা পারফরম্যান্স, তাতে কি সন্তুষ্ট?অলক: না, আমি সন্তুষ্ট নই। প্রথম ম্যাচে একটা সুযোগ মিস করেছি। ফিফটি করে আউট হয়ে গেছি, পাওয়ার প্লেতে খেলতে পারলে রান আশির ওপরে হয়ে যেত। নইলে স্লগে বা শেষ পাওয়ার প্লেতে অনেক সময়ই আমি অনেক কিছু করেছি। ওই ইনিংসটা বড় খেলতে পারলে আমার জন্য ভালো হতো। দলের বাইরে থাকলেই রান করাটা বেশি জরুরি। বাংলাদেশের ব্যাটসম্যানরা উল্টো এই সময়ে সংগ্রাম করতে থাকেন। কেন?অলক: অনেক সময় ভাগ্য সঙ্গে থাকে না। উইকেটের কথা তো বলা যায় না। ভাগ্য সহায় না হলে অনেক সময় কিছু করার থাকে না। আর শুধু দলে ফেরার ব্যাপারই না। ওই সময়ে নিজের ভেতরে কাজ করে, ক্লাব থেকে টাকা নিয়েছি, আমাকে রান করতে হবে। ২০০৩ বিশ্বকাপই আপনার একমাত্র বিশ্বকাপ। সেই স্মৃতিটা কেমন?অলক: ২০০২ সালে খেলা শুরুর পর যখন বিশ্বকাপে সুযোগ পাই, মনে মনে ভালো খেলার একটা তাড়না ছিল। কিন্তু নামিবিয়াতে যাওয়ার পর মনে হচ্ছিল, আমাদের টিম স্পিরিটটা কমে গেছে। সেই বিশ্বকাপে আমরা কেউই ভালো খেলতে পারিনি। আফসোসটা রয়ে গেছে বিশ্বকাপে ভালো কিছু করার। এবার খেলতে পারলে সেই আফসোস মেটানোর সুযোগ পাব। জেমি সিডন্সের হিসেবেও নাকি আপনাকে বিশ্বকাপে খেলানোর চিন্তা আছে। আপনার সঙ্গে কি সে রকম কিছু বলেন কোচ?অলক: কোচ একটা কথা সব সময়ই বলেন, আমার প্রতিভা আছে। ধারাবাহিকভাবে রান করতে পারলে আমাকে দলে নেওয়াটা সহজ হয়। তার পরও কেন আমি নিয়মিত ভালো খেলতে পারছি না, সেটা উনিও চিন্তা করেন। আমিও এটা নিয়ে খুব ভাবি। যখন আমি খেলা শুরু করেছিলাম, কেউ দাঁড়াতে না পারলেও আমি গিয়ে উইকেটে দাঁড়িয়ে গেছি। চেষ্টা করছি সে অবস্থায় আবার ফিরে যাওয়ার।