‘আমার দেশ’-এর প্রকাশনা বাতিলের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ-এর প্রকাশনা বাতিল করে ঢাকার জেলা প্রশাসকের দেওয়া আদেশের কার্যকরতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা প্রকাশক হওয়ার আবেদন খারিজের আদেশও এ সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। পাশাপাশি পত্রিকাটির প্রকাশনা বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে জানাতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করা হয়েছে। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে বিকেলে আপিল বিভাগে আবেদন করেছে সরকারপক্ষ। এদিকে হাইকোর্টের আদেশের পর আমার দেশ কর্তৃপক্ষ গতকাল পত্রিকা প্রকাশের প্রস্তুতি নেয়। কিন্তু পুলিশ ছাপাখানা খুলে না দেওয়ায় পত্রিকাটি ছাপাতে পারেনি। রাত সোয়া ১২টায় আমার দেশ-এর উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের ব্যাপারে আইনজীবীর প্যাডে অবহিতকরণপত্র পুলিশ ও ঢাকার জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। কিন্তু তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বলছে, আদালতের আদেশের সত্যায়িত কপি বা জেলা প্রশাসকের আদেশ না পেলে ছাপাখানা খুলে দেওয়া সম্ভব নয়। তিনি জানান, তাঁরা পত্রিকাটির ইন্টারনেট সংস্করণ করেছে। এ ছাড়া বিকেলে টেলিগ্রাম সংস্করণ প্রকাশ করা হয়েছে।এর আগে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, প্রকাশনা বাতিলের আদেশ স্থগিত করায় এখন পত্রিকা প্রকাশে বাধা নেই। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট পত্রিকাটি প্রকাশ করার জন্য কোনো আদেশ দেননি। সাত মাস ধরে প্রকাশক ছাড়াই পত্রিকাটি প্রকাশিত হয়েছে। প্রকাশক নেই, কীভাবে পত্রিকাটি প্রকাশিত হবে। আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এটি বিচারাধীন, রোববার শুনানি হতে পারে।প্রকাশক না থাকার অভিযোগে ১ জুন আমার দেশ-এর প্রকাশনা বাতিল করা হয়। ২ জুন ভোররাতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী ৭ জুন রিট করেন। ৮ ও ৯ জুন শুনানি শেষে আদালত গতকাল আদেশ দেন। সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও রিট আবেদনকারীর পক্ষে আবদুর রাজ্জাক এবং এহসান এ সিদ্দিক মামলা পরিচালনা করেন।রিমান্ড বাতিলের আবেদন: তিন মামলায় মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিমান্ড বাতিল চেয়ে মাহমুদুর রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তা নিষ্পত্তি করে এ নির্দেশ দেন। গত বুধবার আবেদনটি করা হয়। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং মাহমুদুর রহমানের পক্ষে আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন।এম কে রহমান প্রথম আলোকে বলেন, রিমান্ডের ক্ষেত্রে ২০০৩ সালের উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। মাহমুদুর রহমানের পক্ষের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওই রায় অনুসারে জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীর উপস্থিতি এবং জিজ্ঞাসাবাদের আগে ও পরে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করতে হবে।পুলিশের কাজে বাধা, হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্টতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা তিনটি মামলায় রিমান্ড বাতিল চেয়ে আবেদনটি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় ১৩ জনের জামিন: রাষ্ট্রদ্রোহ মামলায় ১১ জন সরকারি কর্মকর্তা ও সাবেক দুই কর্মকর্তার চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পাশাপাশি কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা তিন সপ্তাহের মধ্যে জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুলও জারি করা হয়। গতকাল বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৩ জনের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। হাসমত আলীর জামিন: মানহানির মামলায় সম্প্রতি বন্ধ হওয়া আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলী জামিন পেয়েছেন। গতকাল আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম শাহাদত হোসেন জামিনের আবেদন মঞ্জুর করেন।