‘আমার দেশ’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী
শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে অপপ্রচার সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘“আমার দেশ” পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের আইন খতিয়ে দেখা হচ্ছে। আজ বুধবার বিকেলে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ইনু বলেন, ‘“আমার দেশ”, “নয়া দিগন্ত” এবং “সংগ্রাম” পত্রিকা শাহবাগ চত্বরের তরুণ প্রজন্মের আন্দোলন বিষয়ে জঙ্গি সাংবাদিকতা শুরু করেছে। এ পত্রিকাগুলো মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তারা এভাবে ধর্মপ্রাণ মানুষের মনে উন্মাদনা তৈরি করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।’এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দুর্বৃত্তদের হাতে নিহত আহমেদ রাজীব হায়দারের ব্লগ আর্কাইভে দেখা গেছে, সেখানে তাঁর জীবদ্দশায় ধর্মবিরোধী কোনো বক্তব্য ছিল না। কিন্তু মৃত্যুর পর রাজীবের নামে এসব ধর্মবিরোধী বক্তব্য ‘নূরানী চাপা সংগ্রহ’ নামের একটি ব্লগে পাকিস্তানে প্রথম ছাপা হয়। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সহিংসতা ও হামলার বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘এ হামলা নাটকের প্রডিউসার হলো বিএনপি, ডিরেক্টর জামায়াত, অভিনেতা-অভিনেত্রীরা হলো জামায়াত-শিবিরের জঙ্গিরা আর এর পরিবেশক হচ্ছে “আমার দেশ”।’