‘আমার দেশ’ পত্রিকাকে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক আইন বিশেষজ্ঞের সঙ্গে এক বিচারপতির স্কাইপ কথোপকথন হ্যাকিং ও তা প্রকাশে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ফৌজদারি কার্যবিধি অনুসারে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, তথ্যসচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে স্কাইপ সংলাপ বিষয়ে ‘আমার দেশ’-এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা আইনের কোনো ধারা লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজন হলে বিষয়টি প্রেস কাউন্সিলের বিবেচনার জন্য পাঠাতে বিবাদীদের বলা হয়েছে।এ ছাড়া রুল নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় অবৈধভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ধরনের আক্রমণাত্মক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, নেওয়া হলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন ৭ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। সেই সঙ্গে আদালত আগামী ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। স্কাইপ কথোপকথন নিয়ে সংবাদ প্রকাশের জন্য ‘আমার দেশ’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজহার উল্লাহ ভূঁইয়া আজ আবেদনটি করেন। আবেদনের ওপর শুনানিতে অংশ নেন আইনজীবী এ কে এম শফিউদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শহীদুল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানিতে আইনজীবী এ কে এম শফিউদ্দিন বলেন, প্রকাশিত সংবাদে গোপনীয়তার শর্ত ভঙ্গ করা হয়েছে। সংবিধানের ৪৩ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। আদালত বলেন, এখানে তো ফৌজদারি অপরাধও হয়েছে। আইনের লঙ্ঘন হয়েছে। আদালত আবেদন সংশোধন করে দিতে ও তথ্যপ্রযুক্তি আইন দেখতে চান। পরে আইনজীবী আইনটি নিয়ে আসেন। আদালত জানতে চান, হ্যাকিংয়ের শাস্তি কী? জবাবে শফিউদ্দিন বলেন, সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড। আদালত এ সময় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, যে কেউ এ ব্যাপারে মামলা করতে পারে। ট্রাইব্যুনালও ব্যবস্থা নিতে পারেন। আদালত বলেন, ওটা তো আদালত অবমাননা। পরে আদালত আদেশ দেন।