‘আমার দেশ’ প্রকাশে সরকারের দ্বৈত ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকার দ্বৈত ভূমিকা পালন করছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে ‘আমার দেশ’ কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে বলা হয়, একদিকে তথ্যমন্ত্রী সংসদে বলেছেন, ‘আমার দেশ’ প্রকাশে আইনি কোনো বাধা নেই। অন্যদিকে জেলা প্রশাসন আইনের অপব্যাখ্যা করে বিকল্প প্রেস থেকেও ‘আমার দেশ’ ছাপতে দিচ্ছে না।লিখিত বক্তব্যে ‘আমার দেশ’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘তথ্যমন্ত্রী সংসদে এ বক্তব্য দেওয়ার পর গতকাল “আমার দেশ” পত্রিকার একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে গিয়েছিল। কিন্তু জেলা প্রশাসন প্রিন্টিং, প্রেসেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্টের অপব্যাখ্যা করছে।’ তিনি বলেন, ‘আইনি লড়াই ও রাজপথের আন্দোলনের মাধ্যমে ছাপার অক্ষরে আবারও ‘আমার দেশ’ প্রকাশ ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্ত করা হবে।’ বাংলাদেশের সংবাদপত্র সম্পাদকীয় প্রতিষ্ঠান ও সাংবাদিকতার স্বাধীনতার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেন ‘আমার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক।‘আমার দেশ’ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী অভিযোগ করেন, ‘পত্রিকাটির প্রকাশনার ক্ষেত্রে সরকার উচ্চ আদালতের নির্দেশনা মানছে না। সরকার অন্যায়ভাবে “আমার দেশ” ছাপা বন্ধ রেখেছে।’ ‘আমার দেশ’ বন্ধ করা ও সম্পাদককে গ্রেপ্তারের মাধ্যমে সরকার গণমাধ্যমকে বার্তা দিয়েছে বলে জাহেদ চৌধুরী দাবি করেন। তিনি বলেন, এর মাধ্যমে অন্যান্য গণমাধ্যমের ওপর সরকার চাপ প্রয়োগ করছে এবং এ ক্ষেত্রে সরকার অনেকাংশে সফল হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমার দেশ’ পত্রিকার আইন উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, ক্রীড়া সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।