‘আমার নির্যাতনের কাহিনি সবাই জানুক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে গরম খুন্তি দিয়ে স্ত্রীর সারা শরীর ঝলসে দিয়েছে স্বামী। এর পরেও সংসার করার ইচ্ছা ছিল সেই মেয়েটির। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে তিনি বলেছিলেন, ‘ভাই নিউজটা পত্রিকায় দেবেন না, সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা করতে হবে।’ হয়তো তিনি ভেবেছিলেন, নির্যাতনের পরে স্বামীর ভুল ভাঙবে, তাঁকে ফিরিয়ে নিতে আসবে। তবে তা হয়নি। তাই গত সোমবার সেই মেয়েটিই মুঠোফোনে আমাদের প্রতিনিধিকে বলে, ‘ভাই নিউজটা দেন। আমার নির্যাতনের কাহিনি সবাই জানুক।’চার বছর আগে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মো. মফিজ উদ্দিনের সঙ্গে বিয়ে হয় মেয়েটির। মফিজ উদ্দিন সিএনজিচালিত অটোরিকশা চালান। বাড়ি ঈশ্বরগঞ্জের কালীবাড়ি রোডে। তাঁদের আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের সময় এক লাখ টাকা ও আসবাবপত্র যৌতুক দেন মেয়েটির বাবা। মেয়েটি জানায়, এর পরও স্বামী মফিজ উদ্দিন প্রায়ই যৌতুকের জন্য নির্যাতন চালাতেন। এর আগে চামচ দিয়ে পিটিয়ে ডান হাতের আঙুল ভেঙে দেয়। ঘুষি মেরে একটি চোখও ক্ষতিগ্রস্ত করে। পরে চিকিত্সা করে সেই চোখ ভালো করতে হয়েছে। গত মে মাসেও মফিজ উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এখন মফিজ উদ্দিন অটোরিকশা কেনার জন্যে দুই লাখ টাকা যৌতুক চেয়েছেন। টাকা না পাওয়ায় গত রোববার ঈশ্বরগঞ্জের ভাড়া বাসায় দরজা বন্ধ করে হিটার জ্বালিয়ে খুন্তি গরম করে স্ত্রীর পিঠে, বাঁ-ডান হাতে ছ্যাঁকা দেয় মফিজ উদ্দিন। গলায় কাপড় পেঁচিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালান। নির্যাতিত স্ত্রী জানান, স্বামী মদ খেয়ে মাতলামি করে ও জুয়া খেলে। স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী তিন সন্তানের এক জননীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কও রয়েছে। মেয়েটির মা জানান, ফোনে মেয়ের অবস্থা শোনার পরে তাঁরা তাঁকে হাসপাতালে ভর্তি করেছেন।