‘আমার পাশের বাড়িতে হামলা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী থেকে জাতীয় পর্যায়ে উঠে এসে পেশাদার লিগ খেলছে ফেনী সকার ক্লাব। এবার ফেনী শহরেরই আরেক দল রামপুর বয়েজ ক্লাবের উপস্থিতি ঢাকায় চলমান ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে। দলটির উঠে আসা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলছেন অধিনায়ক ধীমান বড়ুয়া ফেনী রামপুর বয়েজ ক্লাবটা জাতীয় পর্যায়ে অপরিচিত নাম। তা হলে কি এটিকে পরিচিত করার বিশেষ কোনো লক্ষ্য আছে?ধীমান বড়ুয়া: তা তো আছেই। একটা সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই দলটি খেলছে ফেডারেশন কাপে। বাছাইয়ে খেলেই আমরা উঠে এসেছি চূড়ান্ত পর্বে। ভবিষ্যতে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে খেলার লক্ষ্য আছে আমাদের। এ জন্য স্পনসর খোঁজা হচ্ছে। যদি লক্ষ্য সফল হয়, সেটা হবে ফেনীর ক্রীড়াঙ্গনের জন্য দারুণ খবর। পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলার জন্য যে সাংগঠনিক ভিত্তি থাকা দরকার, সেটা কি আছে রামপুর বয়েজ ক্লাবের?ধীমান: অবশ্যই আছে। নইলে তো আমরা ফেড কাপে খেলতে আসতাম না। দলটার মূল উদ্যোক্তা ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ভাই। ১৯৭৮ সালে যাত্রা করা ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এখনো তিনিই। তাঁর অনেক উৎসাহ। কাজেই সামনে এগোনো অসম্ভব মনে করি না। একটা জেলা শহরের দলের পক্ষে দেশের শীর্ষ পর্যায়ে খেলা কঠিনই। ফেড কাপে খেলা এই দলটা কীভাবে গঠন করা হলো?ধীমান: এখানে পেশাদার লিগের খেলার অভিজ্ঞতাসম্পন্ন ৫-৬ জন খেলোয়াড় আছে। আমি চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, ফরাশগঞ্জের হয়ে পেশাদার লিগ খেলেছি। বাকি খেলোয়াড়েরা পেশাদার লিগের দ্বিতীয় স্তর এবং প্রথম বিভাগের খেলোয়াড়। সবারই ঢাকায় খেলার কমবেশি অভিজ্ঞতা আছে। এই টুর্নামেন্টের জন্য আপনাদের প্রস্তুতি কেমন ছিল? ধীমান: প্রস্তুতি খুব বেশি দিনের নয়। সবাই মিলে অনুশীলন করতে পেরেছি অল্প কয়েক দিন। তার পরও আমরা ভালো কিছু করতে চাই। ফেডারেশন কাপে খেলে আমরা এই ধারণা সবাইকে দিতে চাই, এই দলটি জাতীয় পর্যায়ের ফুটবলে টিকে থাকার ইচ্ছা নিয়েই এনেছে। হারিয়ে যেতে নয়। একটা আদর্শ ক্লাবের অত্যাবশ্যকীয় উপাদান অবকাঠামো। রামপুর বয়েজের অবকাঠামো আছে?ধীমান: কিছু অবকাঠামো আছে। বাহার ভাইয়ের বাড়ির পাশে মার্কেটে ক্লাবের অফিস। তবে ফেনীতে আমরা হোটেলে থেকেই বাছাইপর্ব খেলেছি। চূড়ান্ত পর্বের প্রস্তুতিও হোটেলে থেকেই নিয়েছি। আর এখন ঢাকায় আছি পুরোনো জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের হোস্টেলে। ফেনী সকার ক্লাব পেশাদার লিগে খেলছে। এখন এল রামপুর বয়েজ। ফেনীর মানুষজন কী বলছে? কতটা সাড়া পেয়েছেন?ধীমান: বেশ ভালো সাড়াই পেয়েছি। ভালো করতে পারলে আরও বেশি সাড়া পাব বলে আমার বিশ্বাস। স্থানীয় লিগে রামপুর বয়েজ ক্লাবের সাফল্য কেমন? ধীমান: প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি স্থানীয় লিগে নয়বার চ্যাম্পিয়ন এবং ছয়বার রানার্সআপ হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও রামপুর বয়েজ ক্লাব। আপনি তো কক্সবাজারেরর রামুর ছেলে। রামুতে সম্প্রতি বৌদ্ধদের মন্দির ও বাড়িঘরে বর্বরোচিত হামলা হলো তাতে কি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত?ধীমান: আমার বাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও পাশের বাড়ি হয়েছে। মন্দির বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সেটা দেখতে ঢাকায় প্রথম ম্যাচটা খেলেই আমি (শেখ রাসেলের কাছে হার ৫-০ গোলে) আমি রামুতে এসেছি। কাল (আজ) এখানে প্রধানমন্ত্রী আসছেন। তাই ঢাকা থেকে ছুটি নিয়ে দেখতে এলাম।  ওখানকার অবস্থা এখন কেমন? ধীমান: অবস্থা খুবই খারাপ। আমার মানসিক অবস্থাও ভালো নেই। বিপর্যস্ত অবস্থায় আছি। ঢাকায় ফিরে দ্বিতীয় ম্যাচটা কীভাবে খেলব সেটাই ভাবছি।