‘গুরুতর অসুস্থ’ হয়ে দেশে ফিরেছিলেন ১২ মে। এ মৌসুম তো বটেই, জীবনে আর ফুটবল খেলতে পারবেন কি না, সংশয় জেগেছিল। কিন্তু গত পরশু হঠাৎই ঢাকায় এসে হাজির বুকোলা ওলালেকান। তাঁর দল মুক্তিযোদ্ধা তো বটেই, নাইজেরিয়ান ফরোয়ার্ড কাল আর্মি স্টেডিয়াম চত্বরে অনুশীলনের পর নিজেই বললেন, তাঁর ফিরে আসাটা ‘মিরাকল’! এত তাড়াতাড়ি ঢাকায় কীভাবে ফিরলেন? আপনার না ফুসফুসে পানি জমেছে, কিডনি সমস্যা.. বুকোলা ওলালেকান: আমি দ্রুত ফিরে এসেছি সৃষ্টিকর্তার ইচ্ছায়। তার অসীম দয়া না থাকলে এটা সম্ভব হতো না। তবে আসল ঘটনা হলো, আমার তেমন কিছুই হয়নি। পেটে সমস্যা ছিল। পেট ফুলে গিয়েছিল গ্যাস জমায়। ফুড পয়জনিংয়ে এমন হয়েছে। তেমন সিরিয়াস নয়। কিন্তু আমরা তো জানি আপনার ফুটবল-ক্যারিয়ারই হুমকির মুখে পড়েছিল। আপনি নিজেও ভেঙে পড়েছিলেন...বুকোলা: ফুসফুসে পানি জমেছে, কিডনি সমস্যা...এসব শুনলে যে কেউই ঘাবড়াবে। আমিও ঘাবড়ে গিয়েছিলাম। এখানে উত্তরায় একটা হাসপাতালে কয়েকবার গিয়েছি। ডাক্তার একগাদা ওষুধ দিয়েছিলেন। কিন্তু নাইজেরিয়ায় গিয়ে ডাক্তার দেখানোর পর জানলাম, আমি পারফেক্টলি অলরাইট। তাহলে সবাই যে বলল, আপনার অবস্থা খারাপ। এটা কী ভুল ছিল?বুকোলা: আমার তো মনে হয় ভুলই ছিল। নইলে মাত্র ১৫ দিনের মধ্যে আমি ফিরে এলাম কীভাবে? নাইজেরিয়ায় মাত্র এক দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। সব পরীক্ষা করার পর রিপোর্ট দেখে পরদিনই ছেড়ে দিয়েছেন ডাক্তার। আমি তো ওখানে কয়েক দিন অনুশীলনও করেছি। যখন শুনলেন আপনার বড় কোনো সমস্যা নেই, নিশ্চয়ই মনে হয়েছে নতুন জীবন পেলেন?বুকোলা: ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে যখন বললেন আমার কিছু হয়নি, বিশ্বাস করুন, নতুন জীবন পাওয়ার অনুভূতিই হয়েছে। ভীষণ চিন্তায় ছিলাম। পেশাদার ফুটবলজীবন এভাবে শেষ হয়ে যাবে, কী করে মেনে নিই! এত তাড়াতাড়ি আবার মাঠে ফিরতে পারছি, এটা আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। ইসমাইলের খবর তো জানেন। মোহামেডানের রুয়ান্ডান ফুটবলার মারা গেছেন বাংলাদেশ থেকে দেশে পৌঁছেই। তিনিও আপনার মতো অসুস্থ হয়ে ঢাকা ছেড়েছিলেন...বুকোলা: ইসমাইলের বিষয়টা জানি। আমার আর ওর একই সমস্যা ছিল। এ জন্য একটু বেশিই ঘাবড়ে গিয়েছিলাম। সেদিক থেকে দেখলে আমার এই ফিরে আসাটা মিরাকলই। আমি নিজেই বিস্মিত। আপনার মা-ও তো মারা গেছেন গত মাসে। সময়টা সব মিলিয়ে খারাপই গেছে আপনার জন্য...বুকোলা: মায়ের কথা মনে পড়লে এখনো কান্না আসে। ঢাকায় স্বাধীনতা কাপ চলার সময়ই খবর পাই, মা চলে গেছেন আমাদের ছেড়ে। মায়ের বয়স হয়েছিল ৭২ বছর। তেমন বড় কোনো রোগও ছিল না। কিন্তু দুঃখটা বেড়ে গেছে মায়ের শেষকৃত্যে থাকতে পারলাম না বলে। এখন আপনাকে মানসিকভাবে বেশ ফুরফুরে মনে হচ্ছে। পুরোনো বুকোলাকে তাহলে দেখা যাবে মাঠে?বুকোলা: আমি তো আশা করি আগের মতোই খেলতে পারব। নিজেকে পুরোপুরি ফিট মনে করছি।