‘আমার মতো সবারই এগিয়ে আসা উচিত’ (ভিডিও)
‘মা যেভাবে আগলে ধরে তার সন্তানকে, ঠিক সেভাবেই ইন্সপেক্টর জাহাঙ্গীরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি। প্রথমে ভেবেছিলাম, তিনি হয়তো মারাই গেছেন।’ আজ বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলছিলেন ঝর্ণা বেগম। ১ এপ্রিল রাজশাহীর বোয়ালিয়া এলাকায় শিবিরকর্মীদের নৃশংসতার শিকার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে অনেকটা একাই উদ্ধার করেন ২৮ বছর বয়সী ঝর্ণা। তাঁর এই সাহসিকতার স্বীকৃতি দেয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝর্ণা বেগমের হাতে স্বীকৃতি স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। অনুষ্ঠানের শুরুতেই জাহাঙ্গীর আলমের ওপর হামলার চিত্র দেখানো হলে চোখের পানি ধরে রাখতে পারেননি ঝর্ণা। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘ওই দিন সকালে বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় চলে আসি। দেখি, জাহাঙ্গীর আলম পড়ে আছেন। গায়ের ওড়না দিয়ে তাঁর রক্তাক্ত মাথা চেপে ধরি। খেয়াল করতে থাকি, নিঃশ্বাস আছে কি না। যখন বুঝতে পারি, নিঃশ্বাস নিতে পারছেন জাহাঙ্গীর আলম, তখন তাঁকে দোয়া পড়তে বলি। আমার কথায় তিনি দোয়া পড়তে থাকেন।’শুধু পুলিশ কেন, পথেঘাটে এমন বর্বর হামলার শিকার মানুষকে উদ্ধারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাজশাহীর একটি বিউটি পারলারের কর্মচারী ঝর্ণা। তিনি বলেন, ‘কোনো মানুষ এভাবে আরেকজন মানুষকে মারতে পারে না। এ ঘটনার পর আমি তিন দিন ভাত খেতে পারিনি।’ তিনি বলেন, ‘জাহাঙ্গীরের মতো কারও বাবা, ভাই তো এই অবস্থার শিকার হতে পারেন।’ ঝর্ণা প্রশ্ন রাখেন, ‘যারা জনগণের নিরাপত্তা দিয়ে থাকেন, তাঁদের এমন অবস্থা হলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? তাই মানবতার দিকটি বিবেচনায় নিয়ে সবাইকে ঘরের বাইরে বের হয়ে আসতে হবে।’অনুষ্ঠানে ঝর্ণা বেগমের প্রশংসা করে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘ঝর্ণা যা করে দেখিয়েছেন, একজন প্রশিক্ষিত সদস্য তা করতে পারবেন কি না সন্দেহ। তবে এমন হামলার সময় সবারই কর্তব্য এভাবে এগিয়ে আসা।’