‘আমার রবীন্দ্রনাথ’ ব্যতিক্রমী আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর কে? এই প্রশ্ন কোনো বাঙালিকে করাই অবান্তর। বাঙালির আবেগে-মননে, সৃজনে-চিন্তনে তিনি ভাস্বর হয়ে আছেন। তাঁকে নিয়েই এক ব্যতিক্রমী আবৃত্তির আয়োজন ছিল গতকাল বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে। আবৃত্তিশিল্পী হাসান আরিফ তাঁর উচ্চারণে তুলে আনেন কবিগুরুকে নিয়ে পরবর্তীকালের কবি, সাহিত্যিক, শিল্পী, গবেষকদের, নিবেদিত শ্রদ্ধা ও বহুকৌণিক মূল্যায়নের নির্বাচিত অংশগুলো। তাতে যেমন কবিতা ছিল, তেমনি ছিল গান, প্রবন্ধ এমনকি আমন্ত্রণপত্রও। অনুষ্ঠানের নাম ‘আমার রবীন্দ্রনাথ’। সন্ধ্যায় আবৃত্তি শুনতে বেঙ্গল শিল্পালয়ের দুটি কক্ষ ভরে উঠেছিল শ্রোতাদের উপস্থিতিতে। একজন বংশীবাদককে সহশিল্পী হিসেবে নিয়ে মঞ্চে উপবিষ্ট হাসান আরিফ। প্রথমেই তিনি সংক্ষিপ্ত কথায় অনুষ্ঠানের ভাবনা তুলে ধরে বলেন, ‘জীবন-সাহিত্য-দর্শন সামগ্রিকভাবে আমাদের মানবানুভূতি নিয়েই রবীন্দ্রনাথের বৃহত্তর সৃজন। এ অনুভূতি আমার একার নয়, সব রবীন্দ্রপ্রেমীর। তাই রবীন্দ্রপরবর্তী বৃহত্তর সাহিত্য ভুবনের কবি-সাহিত্যিক, যাঁদের জীবনের সর্বত্র রবীন্দ্রনাথ প্রবহমান ও বিরাজমান, তাঁদের কথা দিয়ে সাজানো এ আসর।’ এরপর কথা আর আবৃত্তি ও পাঠের পালা। অনুষ্ঠানে তিনি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ‘রবীপ্রণাম’, কাজী নজরুলের ‘তীর্থপথিক’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ভোরবেলার স্বপ্ন’, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘রবীকাকার গান ও চিঠি’, দ্বিজেন্দ্রলাল রায়ের ‘নিমন্ত্রণলিপি’, শামসুর রাহমানের ‘রবীন্দ্রনাথের জন্যে’, ওয়াহিদুল হকের ‘আমার সময় ও রবীন্দ্রনাথ’, চিরন্তন কুণ্ডুর ‘ঝাঁকিদর্শন’, ফাল্গুনী মাধবীলতার ‘রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ’, অচিন্ত্যকুমার সেনগুপ্তের ‘রবীন্দ্রনাথ’সহ ১৭টি কবিতা, পত্র, প্রবন্ধ, ছোটগল্প, নিমন্ত্রণপত্র পরিবেশন করেন।