‘আমার সোনার চানরে হারাইয়া ফ্যালাইছি’
‘আমার সোনার চানরে হারাইয়া ফ্যালাইছি। কোথায় গেলে পাব সোনার চানরে? তার কাছে তোমরা আমারে নিয়ে যাও। আমি আর বাঁচতে চাই না। আমার বাবা আমারে ছাইড়্যা কোনো দিন বাইরে থাকে নাই। ও কেমনে থাকপে। আমি কি নিয়ে বাঁচপো।’ ছেলে খন্দকার খানজাহানের মারা যাওয়ার খবর পেয়ে গোপালগঞ্জ শহরের ডিসি রোডের বাসভবনে এসব কথা বলে বিলাপ করছিলেন তাঁর মা শামছুন্নাহার। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খানজাহান গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার আজিমপুরে বাসচাপায় প্রাণ হারান। এদিকে গতকাল বুয়েটের আহসানউল্লাহ হলের ১৩৪ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, গোছানো পড়ার টেবিল। টেবিলের ওপর এক পাশে আটটি খাতা, এখনো তেমন কিছু লেখা হয়নি। অন্যদিকে ক্লাসের কিছু বই। সঙ্গে অন্যান্য বই। পরিপাটি বিছানার পাশে চেয়ারের ওপর টেবিল ফ্যান। নতুন কেনা কলম, রাবার, স্কেল। গত সোমবার রাতে হলে উঠে এভাবেই নিজের পড়ার টেবিল সাজিয়েছিলেন নিহত খন্দকার খানজাহান। স্বপ্ন বুয়েটের শিক্ষক হবেন। পড়ালেখাও শুরু করেছিলেন ভর্তির প্রথম দিন থেকে। কিন্তু তা আর হলো না।নিহত খানজাহানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার শাহ আলম ফোনে কথা বলতে পারছিলেন না। শুধু বলছিলেন, ‘মাত্র ১০ মিনিটের মধ্যে আমার সবকিছু...।’ শাহ আলম জানান, ছেলের মৃত্যুর ১০ মিনিট আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে। কিছুক্ষণ পরই এক পথচারী কল করে ছেলের মৃত্যুর কথা জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন খানজাহানের বড় বোন জান্নাতুল নাঈম। ভাইয়ের বিকৃত চেহারা দেখে আর্তনাদ করছিলেন বারবার। বলছিলেন, ‘সকালে ফোন দিয়ে বলেছে, আপু, আমি তোমার বাসায় আসছি। কিন্তু আমার ভাইটার আর আসা হলো না।’পরিবারের একমাত্র ছেলে হওয়ায় খানজাহান ছিলেন সবার আদরের। তাঁর চাচাতো বোন প্রথম আলোকে বলেন, ‘আমার চাচার তিন মেয়ে। স্বপ্ন ছিল ছেলেসন্তানের। খানজাহান আলীর (রহ.) মাজারে গিয়ে প্রার্থনা করার পর জন্ম হয় বলে চাচা ছেলের নাম রাখেন খানজাহান।’ খানজাহানের চাচাতো ভাই কে এম আর সাদী প্রথম আলোকে বলেন, খানজাহান খুলনার সেন্ট জোসেফ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এবং সিটি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পান। বাবা অবসরে যাওয়ার পর তাঁরা গোপালগঞ্জ শহরের ডিসি রোডের বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের নিজরা গ্রামে।বুয়েটে ভর্তি হয়ে খানজাহান ক্লাস করেছেন মাত্র পাঁচ দিন। এখনো সহপাঠীদের সবার সঙ্গে পরিচয় ভালোভাবে হয়ে ওঠেনি। তার পরও সদা হাস্যোজ্জ্বল মুখ সবার থেকে একটু আলাদা করে রেখেছিল খানজাহানকে।বন্ধুরা কেউ মেনে নিতে পারছেন না খানজাহানের অকালমৃত্যু। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে তাঁর সহপাঠী ও বন্ধুদের আহাজারিতে। কলেজ থেকে শুরু করে বুয়েট পর্যন্ত খানজাহানের সঙ্গে পড়ছেন অর্থি। তিনি বলেন, ‘খানজাহান অত্যন্ত মেধাবী ও বন্ধুভাবাপন্ন ছিলেন। হাসি ছাড়া কখনোই তাঁকে কথা বলতে দেখিনি।’গতকাল রাত সাড়ে নয়টার দিকে খানজাহানের লাশ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।