‘আমার হূদয়টা রাশান’
টেনিস সার্কিটের মারিয়া শারাপোভাকে সবাই চেনে। কিন্তু কোর্টের বাইরের শারোপোভাকে? ইতালীয় পত্রিকা লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর এই সাক্ষাৎকার তুলে এনেছে ব্যক্তি শারাপোভাকেই অনেক টাকার মালিক আপনি, নাম-যশও ছড়িয়েছে। এর পরও কি অধরা কোনো স্বপ্ন আছে আপনার?মারিয়া শারাপোভা: হ্যাঁ, আছে তো! অনেক অনেক স্বপ্ন! আমার মূলমন্ত্র হলো, ‘তুমি যদি চাঁদে যাওয়ার জন্য তৈরি হও, তা হলে চাঁদে না পৌঁছাতে পারলেও অন্তত কোনো তারার কাছে পৌঁছাতে পারবে।’ মানুষের মনে স্বপ্ন থাকা খুবই জরুরি। এই স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত করে। স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না; সারা জীবন শুয়ে থাকলেই তো হয়! যদি সম্ভব হতো, তা হলে কোনটিকে বেছে নিতেন, আকাশে ওড়া, নাকি অদৃশ্য হয়ে যাওয়া?শারাপোভা: অদৃশ্য হতে চাই! কেন জানেন? কারণ, আমি শার্লক হোমসকে ভালোবাসি। আমার গোপন ইচ্ছে কিন্তু গোয়েন্দা হওয়া! আত্মবিশ্বাস আর ভাগ্যের মধ্যে কোনটাতে বিশ্বাস করেন?শারাপোভা: আত্মবিশ্বাসের ক্ষমতা অপরিসীম। আশপাশের বিষয়গুলো আত্মবিশ্বাস দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ভাগ্য বিষয়টির বুঝি আরও বেশি মূল্য আছে। সবকিছুই ঠিক সময়ে ঠিক কারণেই ঘটবে। এর কোনো নড়চড় হবে না। দুই শব্দে মারিয়া শারাপোভার মূল্যায়ন করতে পারবেন?শারাপোভা: অসম্ভব! মাত্র দুই শব্দে! অসম্ভব। মূল্যায়ন করতে আমার অন্তত ২০টি শব্দ লাগবে। দাঁড়ান, শুরু করি, একরোখা, মুক্তমনা, সৎ, খুবই সৎ... যদি টেনিস খেলোয়াড় না হতেন, তা হলে কোন খেলায় আগ্রহী হতেন? শারাপোভা: একজন সফল রিদমিক জিমন্যাস্ট হওয়ার স্বপ্ন এখনো দেখি আমি। টেনিস খেলোয়াড় না হলে একজন রিদমিক জিমন্যাস্টই হতাম। মাত্র নয় বছর বয়সে আপনি রাশিয়া ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। ফ্লোরিডায় কোচ নিক বোলেতিয়েরির কাছে প্রশিক্ষণ নিয়েছেন। এই কঠিন সময়কে কি দুঃস্বপ্নের মতো কিছু মনে হয়?শারাপোভা: এই প্রশ্নের উত্তর হবে, ‘একেবারেই না।’ আমার জন্য এটা ছিল ভিত্তি গড়ে দেওয়া অভিজ্ঞতা। ওই প্রশিক্ষণের মাধ্যমেই আমি বড় হয়েছি, মানুষ হিসেবে গড়ে উঠেছি। সেখানেই আমি জীবন ও মানুষে মানুষে সম্পর্কগুলো নিয়ে বুঝতে শিখেছি। নিজের মতো করে সবকিছু করার শিক্ষাও পেয়েছি। আমি সেই জিনিসগুলো আয়ত্ত করেছি, যা আমাকে শক্তিশালী হতে সাহায্য করে। জীবনের এসব শিক্ষার মুখোমুখি যদি না হতাম, তা হলে ঘাড়ে এত বড় একটি অস্ত্রোপচারের পর আবার টেনিস কোর্টে এসে দাঁড়াতে পারতাম না। কখনোই সাফল্যের মুখ দেখতাম না। সব সময় লড়াই করার মানসিকতাও গড়ে উঠত না। আপনি কি আপনার সন্তানকে এই কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে দেবেন?শারাপোভা: হ্যাঁ, একদিন না একদিন তো আমার সন্তান হবে। কিন্তু এখনো আমি জানি না, আরও কত দিন টেনিস খেলব। হতে পারে আরও তিন-চার বছর? হতে পারে, আমি আমার সন্তানকে সেই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে বলব না। কিন্তু সময় যদি পিছিয়ে নেওয়া যেত, তা হলে আমি আবারও ওই কঠিন অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়েই যেতাম। মানুষের মন গঠন করে এই অভিজ্ঞতা। বাড়িতে শুয়ে-বসে থাকলে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ঘটে না। আমি আমার সন্তানদের জীবনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার শিক্ষাই দেব। কিছু করা হলেই কেবল তা থেকে প্রতিদান আসে। আপনার জীবনে টাকাপয়সার ভূমিকা কী? আপনি কি জানেন, ব্যাংকে আপনার কত টাকা আছে?শারাপোভা: হ্যাঁ, ব্যাংকে আমার কত টাকাপয়সা আছে, সে ব্যাপারে আমার ধারণা আছে। যখন আমি আমার মা-বাবা কিংবা দাদা-দাদি, নানা-নানিকে কিছু কিনে দিই, হতে পারে সেটা গাড়ি, তখন তাঁদের চোখে যে আনন্দের ঝিলিক দেখি, তাতেই আমার মন ভরে যায়। যখন বন্ধুদের কোথাও বেড়াতে নিয়ে যাই, ভালো লাগে। ওদের আনন্দ আমারই আনন্দ। নিজের টাকা খরচ করার ক্ষেত্রে আমার মধ্যে কোনো অপরাধবোধই কাজ করে না। আমি মনের আনন্দেই তা করে থাকি। তবে একটা কথা এখানে আমি বলে রাখতে চাই, যখন আমি বাড়িতে থাকি এবং রুশ স্টাইলে পেয়ালার পর পেয়ালা চা পান করি, তখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে হয়। সারা পৃথিবীর সব টাকা এনে জড়ো করলেও আমাকে এর চেয়ে সুখী করতে পারবে না। আমার মা-বাবা আমাকে শিখিয়েছেন, যা আছে, তা নিয়ে কৃতজ্ঞ থাকো। তবে আরও আয় করার সুযোগ থাকলে সেটার জন্যও ঢেলে দাও মন। অর্থকে সম্মান করো। আপনি নিজেকে কতটা রাশান আর কতটা আমেরিকান বলে মনে করেন?শারাপোভা: আমার জীবনযাত্রার ধরনের দিক থেকে দেখলে আমি খুব বেশি আমেরিকান। আমি ফ্লোরিডা আর ক্যালিফোর্নিয়ায় থাকি। খুব সাধারণ জীবনযাপনেই আমি অভ্যস্ত—সমুদ্রসৈকতে সময় কাটানো, অবকাশ যাপন করা। তবে আমার সংস্কৃতি ও খাবার-দাবার দারুণভাবে রুশ-প্রভাবিত। আমার ঘরে আমি অনেক বেশি রাশান; কিন্তু দরজা খুললেই চারদিকে আমেরিকা। তাই সেখানে আমি আমেরিকান। আমার হূদয়টা রাশান। আমার সত্যিকারের বাড়ি হচ্ছে রাশিয়ার সোচিতে।মারিয়া শারাপোভার জন্য ভবিষ্যৎ ভাবনা কী?শারাপোভা: আরও একটি খেলা। আরও একটি টুর্নামেন্ট। এভাবেই চলতে থাকবে। এই সময়ে আমার জন্য জয়ী হওয়ার চেষ্টা করা ছাড়া আর কিছুই ততটা জরুরি নয়। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা আছে, অনুপ্রেরণা আছে সকালে ওঠার এবং কঠোর অনুশীলন করার। সুতরাং, আমি পরবর্তী ম্যাচটির জন্য এখনই তৈরি! মানুষের কোন প্রশংসাবাক্যে সবচেয়ে খুশি হন আপনি?শারাপোভা: যখন কেউ আমাকে বলে, আমি সৎ এবং অকৃত্রিম, তখন নিজেকে খুশি মনে হয়। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কখনোই অসৎ হতে চাই না। অসততার বিপরীত দিকেই আমার অবস্থান। এ কারণেই আমার জিহ্বা মাঝেমধ্যে আমাকে বিপদে ফেলে দেয়। কিন্তু সততা আমাকে শক্তি দেয়, সেটাই আমাকে আরও শক্তিশালী করে। মারিয়া শারাপোভা হওয়া কি খুব কঠিন?শারাপোভা: কেন কঠিন হবে? আমি সেই কাজ করি, যেটা আমার করা উচিত। খেলি। এই খেলার সঙ্গে যুক্ত সব ব্যাপারেই থাকে আমার আগ্রহ। আমি পেশাদার খেলোয়াড়।ভাষান্তর: জাহীদ রেজা নূর