২৮ বছরে পা দিচ্ছেন আজ। এটা মনে হলেই ভাবেন, ক্রিকেটারের আসল বয়স তো সবে শুরু। কিন্তু যখন মনে পড়ে, ফেলে আসা ২৭ বছরের মধ্যে প্রায় ১০টি বছরই কাটিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে, মন বিষণ্ন হয়। ‘কী পেলাম, কী পেলাম না’-এর হিসাব-নিকাশে হতাশার ভাগটাই যে বেশি! মিরপুরে কাল অনুশীলন শেষে মোহাম্মদ আশরাফুল কথা বললেন এসব নিয়েই ২৮ বছরে পা দিচ্ছেন। পরিপূর্ণ ব্যাটসম্যান হয়ে ওঠার এটাই নাকি সময়...মোহাম্মদ আশরাফুল: আমিও মনে করি, একজন ব্যাটসম্যানের এটাই সেরা সময়। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর হয়ে গেলেও আমি ধারাবাহিকভাবে ভালো খেলিনি। তবে আমি সবার সমর্থন পাচ্ছি। আশা করি, আমার সেরা সময়টা আসবে। নিজেকে ফিরে পেতে ১০ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা কতটা কাজে দেবে?আশরাফুল: অন্যান্য দেশে এই বয়সে খেলোয়াড়দের অভিষেক হয়, আর আমি ৫৫টা টেস্ট খেলে ফেলেছি। ওয়ানডে খেলেছি দেড় শর বেশি। একজন খেলোয়াড়ের জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা। খেলায় ধারাবাহিকতা আনতে আমার এই অভিজ্ঞতা কাজে লাগবে। ১০ বছর পরও নিজেকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। আপনার দৃষ্টিতে এর প্রধান কারণ কী?আশরাফুল: কয়েকটা কারণ আছে। ব্যাটিং-অর্ডার অনেকবার অদলবদল করেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে চার নম্বরে নেমে ৭০ রান করলেও পরের ম্যাচে বলা হলো সেরা খেলোয়াড়ের তিন নম্বরে খেলা উচিত। বিশ্বকাপে তো সাত নম্বরেও ব্যাট করলাম! আমারই দোষ। নিজ থেকে বলা উচিত ছিল, না আমি অমুক জায়গা ছাড়া খেলব না। এ ছাড়া শট সিলেকশনও খারাপ হয়েছে বেশির ভাগ সময়। এর জন্য কাউকে দায়ী করবেন?আশরাফুল: কাউকে অভিযুক্ত করব না। আমারই সমস্যা ছিল হয়তো। আমি হয়তো খেলার ধরন একেক দিন একেক রকমভাবে বদলে দিতাম—এটা আমারই দোষ। এই জিনিসটাই কাটিয়ে উঠতে হবে। কীভাবে, বিশেষ কোনো চেষ্টা কি করছেন?আশরাফুল: আমি চেষ্টা করছি, বাজে শট যত কম খেলা যায়। একেক দিন একেকভাবে খেলার কথা বললেন। সেটা কেন?আশরাফুল: কারণ আমি দুই ধরনের ব্যাটিং করেই সফল হয়েছি। একদিন স্লো খেলে এক শ করেছি, আরেক দিন ফাস্ট খেলে এক শ করেছি। এটাই আমার সমস্যা। যেকোনো একভাবে খেলে রান পেলে সমস্যা হতো না। আপনার ব্যাটিং দর্শক বিনোদনের বড় খোরাক হতো একসময়। সেটা কি বাদই দিয়ে দিলেন?আশরাফুল: দুই বছর ধরে তো এটা দেখাতেই পারছি না...। বর্তমান নির্বাচক কমিটির তিন নির্বাচকের সঙ্গেই আপনি কোথাও না কোথাও খেলেছেন। তাঁদের সমর্থন পাচ্ছেন?আশরাফুল: আকরাম ভাই, নান্নু ভাই, সুমন ভাই—সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। ওনারা যথেষ্ট সাহায্য করছেন। নির্বাচক হওয়ার পর আমার সঙ্গে আলাদা করে কথা বলেছেন। জিম্বাবুয়ে সফর নিয়ে কতটা আশাবাদী?আশরাফুল: দক্ষিণ আফ্রিকায় বড় ইনিংস না খেললেও মনে হতো, আগের ছন্দ ফিরে পাচ্ছি। জাতীয় দলে ভালো না খেললেও অন্যান্য জায়গায় আমি ভালোই খেলছি। জিম্বাবুয়েতে আমরা প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে যাব। এই সফর আমার জন্য দলে জায়গা করে নেওয়ার সফর। তবে এমন না যে ওরা সহজ প্রতিপক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই সমান। লম্বা কন্ডিশনিং ক্যাম্প শেষে এখন স্কিল ট্রেনিং হচ্ছে। কেমন চলছে সবকিছু?আশরাফুল: গত ১০ বছরে এত লম্বা ব্রেক কখনো নিইনি। ব্রেক থাকলেও দু-তিন দিন, সর্বোচ্চ এক সপ্তাহ। এবার ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফর করে আসার পর জাতীয় লিগে কেবল একটা পাঁচদিনের ম্যাচ খেললাম। তারপর আর ব্যাট-বল ধরিনি। অনেকে ফিটনেস ট্রেনিংয়ের সময় দু-এক ঘণ্টা প্র্যাকটিস করলেও আমি করিনি। এসব অনেক করেছি। আমার কাছে মনে হয়েছে, একটা ব্রেক দরকার।