‘আমায় ডুবাইলি রে...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার বুঝি কূল নাই রে...’ কথা শেখার পর জানালার গ্রিলের ভেতরে দুই পা ঢুকিয়ে ও প্রথম গলা ছেড়ে এই গান গাইত। আমার ছেলেকে সত্যি সত্যিই দরিয়া ভাসিয়ে নিয়ে গেল।’ একথা বলেই ডুকরে কেঁদে উঠলেন বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মকর্তা মুত্তাকিন মাহবুব ওরফে তূর্যর মা নাজিরা খানম। গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতে ক্লোজআপ তারকা আবিদের সঙ্গে মুত্তাকিনও ডুবে মারা যান। গত শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরের মহিষবাথান গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।গত সোমবার রাজশাহী নগরের উপশহর এলাকার ১০২/২ নম্বর বাসায় মুত্তাকিনের মা-বাবার সঙ্গে কথা হয়। মুত্তাকিনের বাবা রিয়াজ উদ্দিন বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের অবসরপ্রাপ্ত পরিচালক। মা নাজিরা খানম বেতারশিল্পী। আগে রবীন্দ্র ও নজরুলসংগীত করতেন। এখন বেতারের ‘সবুজ বাংলা’ অনুষ্ঠানে নাজিরা ভাবির ভূমিকায় অভিনয় করেন। সদ্য সমুদ্রে ডুবে মারা যাওয়া একমাত্র ছেলের কথা তুলতে মা নাজিরা খানম আঁচলে মুখ ঢেকে বললেন, ‘না, কিছুই মনে করতে পারছি না।’ একটু সময় নিয়ে তারপর বলেন, ‘শেষবার গত ১৭ জুলাই ও বাড়ি থেকে গেছে। গায়ে জ্বর নিয়ে এসেছিল। কিছুই খেতে পারছিল না। স্যুপ ওর খুব পছন্দ। বানিয়ে দিতে চাইলাম। বারণ করল। পরে নিজেই বাইরে থেকে নিয়ে এল। কিছু নিয়ে এলে সবাইকে আগে দেয়। তারপর নিজে নেয়। আমাকে খাওয়ার জন্য খুব পীড়াপীড়ি করছিল। চিংড়ি আছে বলে আমি খেতে চাইছিলাম না। জোর করে ধরে আমাকে এক চামচ খাইয়ে দিল।’ এইটুকু বলেই আবার সময় নিলেন। মুত্তাকিনের বাবা বলেন, ‘ও হয়েছিল সাত মাসে। সাত মাসই ওর মা অসুস্থ ছিল। চিকিৎসকেরা একবার নষ্ট করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমি কিছুতেই রাজি হইনি।’ এবার তাঁর মুখের কথা কেড়ে নিয়ে মা বলেন, ‘এত ছোট হয়েছিল যে ওকে দুই মাস কিউবেটরের মধ্যে রাখতে হয়েছিল। এক ঘণ্টা পরপর ড্রপারের মাধ্যমে ফোঁটা ফোঁটা করে দুধ খাওয়াতে হয়েছিল। সেই ছেলে...।’ বাবা বলেন, ‘ও ভালো গিটার বাজায়। গান করে। রাজশাহী বেতারের নিয়মিত শিল্পী। ওর গান শুনে আমি গর্ববোধ করি। কিন্তু প্রকাশ্যে আমি ওর প্রশংসা করিনি, যাতে ওর ভেতরে অহংকার না জন্মায়। বিবিএ করার পর আমি চাইলাম, ও ব্যাংকে চাকরি করুক। কিন্তু না, ও করবে না। ওর ধমনিতে সংস্কৃতির প্রবাহ। ও ঢুকল মাত্রায়। আমি নিজেও সারা জীবন সংস্কৃতির ভেতরে ছিলাম। বারণ করিনি।’ তিনি আরও বলেন, ‘গত শুক্রবার জুমার নামাজের আগে আমার সঙ্গে শেষ কথা হয়েছে। খুব আনন্দের সঙ্গে বলল, “আব্বা, আমার কর্মশালা শেষ হয়ে গেছে। আমরা রাতেই ঢাকায় আসছি।” আমি বারবার মানা করে দিলাম, সমুদ্রের পানিতে নেমো না।’ মা বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার সঙ্গে শেষ কথা হয়েছে। বলেছি, বাবা, পানিতে পা দিয়ো না।’ নাজিরা খানম বলেন, ‘ওকে নিয়ে ওর বাবা দুঃস্বপ্ন দেখছে বলে কক্সবাজার যাওয়ার কয়েক দিন আগে ফোন করে বলেছিল, “মা, কয়েকজন ফকিরকে খাইয়ে দিয়ো। আমি রাস্তায় কোনো ফকির পেলে কিছু টাকা-পয়সা দিয়ে দেব”।’রিয়াজ উদ্দিন বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আমার ছোট মেয়ে তুলির কাছে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। তূর্য নেই। ওর মা আর্তচিৎকার করে এসে আমাকে বলল, “দেখো তো কে যেন বলছে তূর্য নেই। নেই মানে কী?” ওই নম্বরে ফোন দেওয়া হলো। তিনি আবার একই কথা বললেন। “যা বলেছি, তা-ই সত্যি। টেলিভিশন দেখেন।” তখন টিভিতে ব্রেকিং নিউজ দিচ্ছিল। সেই নাইই সত্যি হলো।’ মা-বাবা কেউ স্মৃতিচারণা করে শেষ করতে পারছিলেন না। বাবা একজনকে বলেন, ‘ওর গাওয়া গানটা একটু বাজিয়ে শোনা তো।’ মুঠোফোনে গানটি ছাড়া হলো—‘সেই ছোট্ট বেলায় তোমার হাতটা ধরে...।’ সঙ্গে সঙ্গে মা-বাবা দুজনই মূর্ছা যাচ্ছিলেন। তাড়াতাড়ি গান থামিয়ে স্মৃতিচারণা বন্ধ করতে হলো।