শর্টস খুলে গোল উদ্যাপন! সুপার কাপের ফাইনালে তাঁর আপত্তিকর আচরণে হতবাক গোটা ফুটবল অঙ্গন। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই কাণ্ডের জেরে শাস্তি পেতে যাচ্ছেন সানডে সিজোবা। মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার অনুতপ্ত তো বটেই, ক্ষমাও চাইছেন সবার কাছে শুনলাম আপনি নাকি ক্ষমা চেয়েছেন?সানডে সিজোবা: হ্যাঁ, আমি আজ (কাল) ফেডারেশনে গিয়ে কর্মকর্তা মিস্টার বাদল রায়ের সঙ্গে কথা বলে এসেছি। তাঁর কাছে ক্ষমা চেয়েছি কৃতকর্মের জন্য। এমনিতে লিখিত কিছু দিয়েছেন?সানডে: লিখিত দিয়েছি সুপার কাপ কমিটিকে। অন্যায় স্বীকার করেছি। বলেছি, ওভাবে টাইব্রেকারে গোল করার পর শর্টস খুলে ফেলা ঠিক হয়নি আমার। আমি অনুতপ্ত, ক্ষমা চাই। তাহলে ওই রকম একটা কাণ্ড আপনি কেন করলেন?সানডে: আমি বুঝতে পারিনি। বাংলাদেশ একটা মুসলিম দেশ, এ দেশে এগুলো করা অশোভন। বুঝতে পারলে তো আর করতাম না। তার মানে, এই রকম কাণ্ড আপনি নিজ দেশেও করেছেন?সানডে: হ্যাঁ, দেশে এ রকম আগে করেছি। গোল করার পর অনেক সময়ই শর্টস খুলে মাথার ওপর ঘোরানো আমার একটা অভ্যাস। কিন্তু ফুটবলে জার্সি খোলাই নিষিদ্ধ। কার্ড দেখতে হয়। আপনি কিনা শর্টস খুলে ফেলেন! সত্যি করে বলুন তো, প্রতিপক্ষ আবাহনী সমর্থকদের কী ইঙ্গিত করতে চেয়েছিলেন?সানডে: সত্যি বলছি, কোনো ইঙ্গিতই আমি করিনি। দেশে করি, তাই এখানে মনের অজান্তে করে ফেললাম। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনি যত কথাই বলুন, এখন তো ফেডারেশনের দেওয়া শাস্তি ভোগ করতে হবে...সানডে: আমি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি। ভুল মানুষই করে। ফেডারেশনের কাছে আমার প্রার্থনা, এই বারের জন্য ক্ষমা করে দেওয়া হোক। ভবিষ্যতে আর করব না। সুপার কাপে আপনি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। আপনার পুরস্কারও ফিরিয়ে নেওয়ার কথা উঠেছে। আপনি তো ভালোই বিপদে পড়েছেন...সানডে: এমন বিপদে পড়ব আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। আমার কিছু ভালো লাগছে না। ওই দিনের ম্যাচের পর থেকে বলতে পারেন মনমরা হয়ে আছি। আপনার ওই আপত্তিকর আচরণে আর সবার মতো মোহামেডানের সমর্থকেরাও ক্ষুব্ধ। এটা কি জানেন?সানডে: জানি। এ জন্য মোহামেডানের সমর্থকদের কাছেও আমি আলাদা করে ক্ষমা চাইছি। আশা করি, মোহামেডানের সমর্থকেরা আমার পারফরম্যান্সটাও বিবেচনায় নেবে। সুপার কাপ কমিটি আপনার ব্যাপারটা ডিসিপ্লিনারি কমিটিতে পাঠিয়েছে। তারা আপনাকে ক্ষমা নাও করতে পারে...সানডে: কমিটি কী সিদ্ধান্ত নেবে, সেটা জানি না। আমি কেবল আবেদনই জানাতে পারি। আশা করি, আবেদন বিবেচনায় নিয়ে কমিটি আমাকে ক্ষমা করবে। যদি না করে?সানডে: আমি নেগেটিভ ভাবতে চাই না। দেখুন, আমি এবারের বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব থেকে মোহামেডানে যোগ দিয়েছি। মৌসুমে তিনটি হ্যাটট্রিক করেছি। তার মানে, মোহামেডানের পেছনে আমার একটু হলেও অবদান আছে। মানছি শৃঙ্খলার একটা ব্যাপার আছে, তবু আমি কমিটির একটু সহানুভূতি চাই।