‘আমি অন্যদের চেয়ে আলাদা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোহামেডানের বিদেশিরা চলে না’ অপবাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বাসডেন উইলকক্স। চলতি পেশাদার লিগে আট ম্যাচে সাদা-কালোদের দেওয়া ৯ গোলের ৫টিই তাঁর। কাল রহমতগঞ্জের বিপক্ষে দলের চার গোলের দুটি করেছেন। মোহামেডানে টিকে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার লিগটা তো মনে হয় বেশ উপভোগই করছেন। দলের নয় গোলের অর্ধেকেরও বেশি আপনার...বাসডেন উইলকক্স: আমি চেষ্টা করছি দলকে জেতাতে। প্রতিদিন তো আর পারি না। আজ (কাল) ২ গোল করলাম। সবচেয়ে বড় কথা, দল বড় জয় পেয়েছে। সমর্থকেরা খুশি। এটা দেখে আরও বেশি ভালো লাগছে।  কয়েকটা মাস তো কাটিয়ে দিলেন। কেমন দেখছেন বাংলাদেশের পেশাদার লিগ?উইলকক্স: একটা কথাই বলব, সবাইকে আরও পেশাদার হতে হবে। এখানে দেখছি পেশাদারির খুব অভাব। পেশাদারি ছাড়া এগোনো কঠিন। বাংলাদেশে এবারই প্রথম খেলছেন। সব মিলিয়ে আপনার অভিজ্ঞতা কেমন?উইলকক্স: ফুটবলের ভাষা সব জায়গাতেই এক। সেদিক থেকে অভিজ্ঞতা ব্যতিক্রম কিছু নয়। তবে এখন দেখছি লিগটা উন্মুক্ত হয়ে উঠেছে। দলগুলোর মধ্যে পার্থক্য খুব একটা নেই। আবাহনী-মুক্তিযোদ্ধা একটু এগিয়ে থাকলেও বাকিদের মধ্যে পয়েন্টের ব্যবধান ২-৩। এটা আমার বিশেষভাবে নজরে এসেছে। বাংলাদেশে আসার আগে কোথায় কোথায় খেলেছেন? অন্য লিগের সঙ্গে বাংলাদেশের লিগের পার্থক্য কী?উইলকক্স: এর আগে আমি সুদান, ভিয়েতনাম, ইসরায়েলে খেলেছি। ওসব স্থানে পেশাদারি বাংলাদেশের চেয়ে বেশি। কদিন আগে বাংলাদেশে এসে ফিফা প্রেসিডেন্ট বলে গেছেন, লিগটাকে শক্তিশালী করতে। এটার ওপর ফিফা অনেক জোর দিচ্ছে। আমার মনে হয়, আস্তে আস্তে বাংলাদেশের এই লিগটাও আর উন্নত হবে। এ জন্য চাই সম্মিলিত চেষ্টা।  এই লিগে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী? উইলকক্স: যত বেশি সম্ভব গোল করতে চাই। মাঠে নেমে দলকে জেতানোর লক্ষ্যই থাকে আমার। কোচ যেভাবে চান সেভাবে যাতে খেলতে পারি, সেই চেষ্টা করি।  বাংলাদেশে আসার আগে আপনার স্বদেশি মোহামেডান কোচ এমেকার সঙ্গে জানাশোনা ছিল?উইলকক্স: তাঁকে ভালো করেই চিনতাম। নাইজেরিয়ায় এমেকা একজন হিরো। ভালো কোচও। সবাই চেনে-জানে। বিশ্বকাপে খেলেছেন। এটা তো বিরাট ব্যাপার।  কিন্তু মোহামেডানের জন্য আপনাকেসহ যে ৫-৬ জন খেলোয়াড় আনলেন এমেকা, মোহামেডান ক্লাব কর্মকর্তারা তো খুশি নন।উইলকক্স: আপনারা তো খেলা দেখছেন। অন্যদের কথা আমি বলব না। তবে আমি এটা দাবি করব, আমি অন্যদের চেয়ে আলাদা। আমার পারফরম্যান্স সেই প্রমাণ দেবে। শোনা যাচ্ছে, লিগের প্রথম পর্ব শেষে মোহামেডান নতুন বিদেশি নেবে। কয়েকজন নাইজেরিয়ান ট্রায়াল দিতে চলেও এসেছেন। আপনি নিজেও কি শঙ্কিত? উইলকক্স: আমি মোটেও শঙ্কিত নই। ফুটবলে প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। ওটা স্বাভাবিক। এ মুহূর্তে আমি শুধু বলতে পারি, আমি খেলোয়াড় হিসেবে ফেলনা নই। কঠোর পরিশ্রম করছি। আশা করি, অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির মুখে আমাকে পড়তে হবে না।  আপনি নিজে কি বাংলাদেশে খেলে যেতে আগ্রহী? উইলকক্স: আমার কিছু অফার আছে। তবে এখন এসব আপনাকে বলে দিতে চাই না। এটা গোপনই থাক।  ফুটবলের বাইরে কী করেন? পরিবারের কেউ ফুটবল খেলেন?উইলকক্স: ফুটবলের বাইরে তেমন কিছু করি না। টিভি দেখি। সিনেমা উপভোগ করি। বেশির ভাগই আমেরিকান ছবি দেখি। নাইজেরিয়ান অ্যাকশন ছবিও দেখা হয়। এই লিগের পর বিয়ে করব দেশে গিয়ে। সব ঠিকঠাক করা আছে। আমার বাবা ফুটবল খেলতেন। তবে পেশাদার ফুটবল নয়।