বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছেন, তাঁকে জোর করে বাড়ি থেকে বের করা হয়েছে। তিনি বলেন, ‘বাড়ি থেকে উচ্ছেদ করতে গিয়ে যে আচরণ করা হয়েছে, তাতে আমি অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত বোধ করছি। এর বিচারের ভার আমি আল্লাহ ও দেশবাসীর কাছে ছেড়ে দিলাম।’গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ব্রিফিং করেন খালেদা জিয়া। এতে ঢাকা সেনানিবাসের ইজারা দেওয়া বাড়ি থেকে কীভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বর্ণনা দেন তিনি। কথা বলার সময় খালেদা জিয়া বারবার চোখ মুছছিলেন। কয়েকবার তিনি মাথা নিচু করে কাঁদেনও।ব্রিফিংয়ের শুরুতে খালেদা জিয়া বলেন, ‘খুবই দুঃখভরা মন নিয়ে আপনাদের কাছে দুটি কথা বলতে এসেছি। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে উচ্ছেদ করা হলো। দীর্ঘদিনের সংসারের মালামাল ছেড়ে আমাকে এক কাপড়ে বেরিয়ে আসতে হলো। আমার কোনো জিনিসপত্র আনতে দেওয়া হয়নি। এমনকি যেসব জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে, তার আইনসম্মত কোনো তালিকাও করা হয়নি।’খালেদা জিয়া বলেন, ‘আমি প্রায় ৪০ বছর এই বাড়িতে বাস করে আসছি। এই বাড়িতে জড়িয়ে আছে আমার সুখ-দুঃখ, আনন্দ-বেদনার অনেক স্মৃতি। জিয়াউর রহমান দেশের জন্য জীবন দেওয়ার পর এসব স্মৃতি এখন আমার কাছে আরও বেশি জোরালো হয়ে উঠেছে।’বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘বাড়ি থেকে উচ্ছেদ করতে গিয়ে যে আচরণ করা হয়েছে, তাতে আমি অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত বোধ করছি। তারা আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও কুণ্ঠা বোধ করেনি।’ তিনি বলেন, ‘আমি বিরোধীদলীয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের বৃহত্তম দলের নেত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। আমার সঙ্গে এই আচরণ করতে পারলে সাধারণ মানুষের কী অবস্থা, তা সহজেই অনুমেয়।’খালেদা জিয়া দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে মূল ফটকের নেট কেটে দরজায় ধাক্কা দিতে থাকেন। ঘরের কাজের লোকেরা দরজা খুলে দিলে তাঁর শয়নকক্ষের দরজায় ধাক্কা দিতে থাকেন তাঁরা। একপর্যায়ে দরজা ভেঙে তাঁরা ভেতরে ঢুকে তাঁকেও বাড়ি থেকে বের করে আনেন।বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘কার কাছে এ ঘটনার প্রতিকার চাইব? বিচারের ভার মহান আল্লাহ ও দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। আজকে আমাকে অপমান করা হয়েছে। শয়নকক্ষের দরজা ভেঙে রীতিমতো জোর করে বের করে আনা হয়েছে। এরপর ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। অথচ ওনারা এ নিয়ে মিথ্যাচার করে বলছেন, আমি নাকি নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে এসেছি।’খালেদা জিয়া বলেন, ‘বাড়িটি নিয়ে সরকার অহেতুক বিতর্ক তৈরি করেছে। আমাকে অন্যায়ভাবে নোটিশ দেওয়া হয়েছে। এরপর আমি আদালতে গিয়েছি। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নজিরবিহীনভাবে আমাকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। মহামান্য আদালতের সম্মান, অভিপ্রায়, ভাবমূর্তিকে পদদলিত করা হলো। এটা করেছে সেই সরকার, যারা সারা দিন নীতিকথা বলে, নিজেদের গণতান্ত্রিক বলে।’সংবাদ ব্রিফিং শেষে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির নারীকর্মীরা খালেদা জিয়াকে ঘিরে কাঁদতে থাকেন। আর খালেদা জিয়া গাড়িতে করে বের হয়ে যাওয়ার সময় কার্যালয়ের বাইরে অবস্থানরত বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন।ব্রিফিং শেষে খালেদা জিয়া গুলশানে তাঁর ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় গিয়েছেন বলে দলের নেতারা জানিয়েছেন।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।স্থগিত: তুরস্কের প্রধানমন্ত্রী ও ইউএসএআইডির প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়ার গতকালের পূর্বনির্ধারিত সাক্ষাৎ কর্মসূচি বাতিল করা হয়েছে।নির্দয় ঘটনা: এর আগে বিকেলে এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে দেশে অতীতে অনেক আন্দোলন হয়েছে। ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে আন্দোলন হবে। এটা বন্ধ করে দেওয়ার জন্য নৃশংস ও নির্দয়ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পৃথিবীতে এই নৃশংসতার কোনো নজির আছে কি না, আমার জানা নেই।’বিএনপির মহাসচিব বলেন, ঈদের পর দেশে তীব্র আন্দোলন হবে। বৃহত্তর কর্মসূচি দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।