‘আমি আগে খেলোয়াড় পরে শিল্পী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু মিশ্র দ্বৈতে সোনা জয়ের পর কাল জিতলেন একক ও দ্বৈতে। বাংলাদেশ গেমসের ব্যাডমিন্টনের মেয়েদের বিভাগে ত্রিমুকুটজয়ী র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় শাপলা আক্তারের আলাদা একটা পরিচয় আছে। পাবনা মিউজিক কলেজের ছাত্রী গানটাও ভালোই গাইতে পারেন বাংলাদেশ গেমসে তিনটি সোনা জিতলেন। গেমস শুরুর আগে কি এতটা আশা করতে পেরেছিলেন?শাপলা আক্তার: অন্তত একটা সোনা জয়ের আশা ছিল। কিন্তু ত্রিমুকুট জিতব মোটেও ভাবিনি। এবার আমি যতটা অনুশীলন করেছি তাতে মনে হয়েছে, সবার সঙ্গে ভালো ফাইট দিতে পারব। গেমসের জন্য কি আলাদা পরিকল্পনা ছিল?শাপলা: আলাদা পরিকল্পনা বলতে, একটু বেশি মনোযোগী ছিলাম। কারণ ১১ বছর পর গেমসটা হচ্ছে, আমার জীবনের প্রথম বাংলাদেশ গেমস। কিন্তু আপনার তো এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। কীভাবে দুটি সামলাচ্ছেন?শাপলা: একটু সমস্যা হচ্ছে। এই যেমন ১৩ এপ্রিল আমার ইংরেজি পরীক্ষা ছিল। ১২ এপ্রিল পাবনায় গেলাম, পরীক্ষা দিয়েই ওই রাতে ঢাকায় চলে এসেছি। আজ রাতে আবার পাবনায় চলে যাব। কাল (আজ) সকালে একটা, বিকেলে আরেকটা পরীক্ষা দেব। কী যে লিখব! (হাসি)। পরীক্ষার দিনে যদি আপনার খেলা থাকত?শাপলা: তাহলে বাংলাদেশ গেমসে খেলাই হতো না। আমি খুব লাকি যে পরীক্ষার গ্যাপে গ্যাপে খেলাগুলো হয়েছে। আপনি তো সংগীত কলেজে পড়ছেন। কোনটা বেশি ভালো লাগে, গান গাইতে, না খেলতে?শাপলা: আমি আগে খেলোয়াড় পরে শিল্পী। গান গাওয়ার চেয়ে শুনতেই আমার বেশি ভালো লাগে। ক্লাসে গিয়ে, পরীক্ষার কারণে স্যারদের সামনে যতটুকু গাইতে হয় ততটুকুই গাই। না হলে অন্যরা গাইলে আমি চুপ করে শুনি।  কোন ধরনের গান বেশি ভালো লাগে?শাপলা: রবীন্দ্রসংগীত আমার প্রিয়। অবসর পেলেই একটা গান বেশি শুনি...‘আমার পরান যাহা চায়, তুমি তাই...।’ ছোটবেলা থেকেই কি গান করতেন। নাকি খেলতেন?শাপলা: মিউজিক কলেজে ভর্তি হয়েছি মূলত আমার বড় বোনের উৎসাহে। উনি আগে এই কলেজে পড়তেন। এরপর আমাকে নিয়ে আসেন এখানে। আর খেলায় নিয়ে এসেছেন পাশের বাড়ির হোসনে আরা আপু। শীতকালে আমাদের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যেত। আমি সেখানে খেলতে যেতে চাইতাম কিন্তু সাহস পেতাম না। একদিন আপু বললেন, শাপলা ব্যাডমিন্টন খেলবি? আমাকে তখন পায় কে! এরপর উনি আমাকে একটা র‌্যাকেট উপহার দেন। ব্যাডমিন্টন খেলার জন্য আমি অন্যসব খেলা তখন ভুলেই গিয়েছিলাম। খেলার জন্য আপনি প্রতিদিন কতটুকু অনুশীলন করেন?শাপলা: আমি এবার নারায়ণগঞ্জ জেলার হয়ে খেলছি। এ ছাড়া নিট কনসার্নেরও খেলোয়াড় আমি। ক্লাবের পক্ষ থেকে আমাকে সব রকম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আমাকে মালয়েশিয়া পাঠানোর কথাও ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু মেয়ে বলে সাহস পাচ্ছি না।  মালয়েশিয়ার কোচ অ্যালভিন তো একবার আপনাদের ট্রেনিং করিয়েছিলেন?শাপলা: হ্যাঁ। সেটা এসএ গেমসের সময়ের ঘটনা। মাস ছয়েক ছিলেন উনি ঢাকায়। তখন ওনার অধীনে অনুশীলন করে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। আসলে আমরা চাই যেন সারা বছর আমাদের প্র্যাকটিস করানো হয়। এখন তো আমাদের বাইরের দেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশ নেওয়াও বন্ধ হয়ে গেছে।  কেন বন্ধ হয়েছে?শাপলা: এটা ফেডারেশনই ভালো বলতে পারবে। আমরা গত দুই-আড়াই বছর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের বাইরে খেলতে যেতে পারিনি। এ জন্য আমাদের কোনো র‌্যাঙ্কিং নেই। বাইরে খেলতে পারি না বলে এটা হয়েছে। এটা ভাবলেই খুব কষ্ট লাগে।