‘আমি একজন চ্যাম্পিয়ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছেন। কিন্তু পরিচয়ের পরিধি ক্রমেই বড় হচ্ছে। সাইক্লিস্ট, ক্রীড়াসংগঠক, লেখক জোবেরা রহমান লিনু এখন নাট্যকারও। ঈদে প্রচারিত হয়েছে তাঁর লেখা টেলিফিল্ম নির্জনে-নিভৃতে। এই বহুমুখী জীবন নিয়ে কথা বললেন ফোনে নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিতই হয়ে গেলেন তাহলে?জোবেরা রহমান লিনু: (হাসি) প্রতিষ্ঠিত তো বলা যাবে না। বলতে পারেন, কাজটায় অভ্যস্ত হয়ে গেলাম। ২০০৮ সালে প্রথম নাটক প্রচারিত হয়েছে। এরপর কয়েকটা নাটক লিখলেও টেলিফিল্মের কাহিনি এই প্রথম লিখলাম। সাড়া পেলেন কেমন?লিনু: অপ্রত্যাশিত। আমি আত্মবিশ্বাসী ছিলাম, টেলিফিল্মটা ভালো হয়েছে। কিন্তু এতটা ভালো বলবে সবাই, এটা আশা করিনি। পরশু প্রচার শেষ হওয়ার পর থেকে টানা ফোন পাচ্ছি। অনেকেই বলেছে কাহিনি, সংলাপ খুব ভালো লেগেছে।  আপনার নিজের কাছে দেখে কেমন লাগল?লিনু: নিজে তো বলা কঠিন। তবে সংলাপ, অভিনয় ভালোই লেগেছে। আসলে কাহিনিটা কিন্তু নতুন কিছু না। পুরোনো গল্পকে অচেনা ভঙ্গিতে উপস্থাপন করেছি। সেটা একেবারে মন্দ লাগেনি।  লেখার সময় কল্পনায় যেমন দৃশ্য দেখেছেন, পর্দায় তা দেখলেন?লিনু: পুরোপুরি তো কল্পনার সঙ্গে মেলে না; পৃথিবীর কারও কল্পনাই মনে হয় চিত্রায়িত করা যায় না। তার পরও আমি বলব, আশি শতাংশ মিলেছে। আমি আসলে এই নাটকটার শুটিংয়ের সঙ্গেও ছিলাম। কখনো কখনো আমার কল্পনার কথা পরিচালককে বলেছিও। আমার প্রোডাকশন হাউস থেকেই নাটকটা হলো। ফলে সম্পৃক্ততা অনেক বেশি ছিল।  আপনি কি প্রযোজনা সংস্থাও দাঁড় করিয়েছেন?লিনু: হ্যাঁ। লিনুস ড্রিম নাম। এর আগে একটা নাটকও করেছি এখান থেকে। এরপর শুধু নিজের কাহিনি না, অন্যদের ভালো কাহিনি নিয়েও আমি নাটক-টেলিফিল্ম বানাব।  নাটক লেখার চিন্তাটা কীভাবে মাথায় এল?লিনু: লেখালেখিটা তো অনেক দিন ধরেই করি। সেই খেলোয়াড়ি জীবন থেকে নিজের অভিজ্ঞতা, ভ্রমণকাহিনি লিখতাম। পরে তো ছোটগল্প, কবিতা, উপন্যাস লিখেছি। বইও বের হয়েছে। এই অবস্থায়ই হঠাৎ একদিন বাবার একটা কথা মনে পড়ল। প্রায় ২৯ বছর আগে একদিন টিভি নাটক দেখতে দেখতে বাবা বলছিলেন, তুই নাটক লিখতে পারিস না? এখন ভাবলাম, লেখালেখি করছি, তাহলে বাবার কথাটা রাখি। সেই ভাবনা থেকেই নাটক-টেলিফিল্ম। তাহলে বিনোদন জগতের মানুষ হয়ে গেলেন?লিনু: এটা তো আমার পেশা না। তাই নিয়মিত লেখকদের মতো লিখব না। কিন্তু লিখব। নিজের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে, লিখতে পারি। সংখ্যায় বেশি না হলেও লিখব।  কবি, গল্পকার, নাট্যকার, প্রযোজক, টেবিল টেনিস খেলোয়াড়, সাইক্লিস্ট, সংগঠক! এত এত পরিচয়ের মধ্যে জোবেরা রহমান লিনুর আসল পরিচয়টা কী?লিনু: আমিও মাঝেমধ্যে ভাবি, আমার আসল পরিচয়টা কী? তবে অনেক ভেবে দেখেছি, আমি একজন চ্যাম্পিয়ন। আজ আমি যা কিছু, সব ওই টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলাম বলে। সুতরাং ওটাই আমার প্রথম এবং প্রধান পরিচয়। কিন্তু সেই খেলাধুলার জগতে কি আগ্রহ হারিয়ে ফেললেন?লিনু: তা খানিকটা বলতে পারেন। যখন খেলোয়াড় ছিলাম, জগৎটা দারুণ উপভোগ করেছি। কিন্তু সংগঠক হয়ে ওই জগতে আমি ঠিক স্বচ্ছন্দ হতে পারিনি। ওই জগতে যে রাজনীতি, যে জীবনাচরণ তার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারিনি। আগের মতো আগ্রহ আর পাই না।