হ্যান্ডবল মাঠে কাল একটি মুখ চমকে দিল সবাইকে। পঞ্চাশ পেরোনো এক সুইডিশ ভদ্রলোক দর্শকের সারিতে! কথা বলতে বলতে বেরিয়ে এল অনেক অজানা কথা। স্টিফেন আলব্রেক্টসন নিজেও একসময় হ্যান্ডবল খেলতেন, এখন সংগঠক। সেই সূত্রে বাংলাদেশের হ্যান্ডবলে বাড়াতে চান সহযোগিতার হাত বাংলাদেশে কী মনে করে এলেন?স্টিফেন: গত বছর বাংলাদেশের স্কলাস্টিকা স্কুল সুইডেনের পারটিলি কাপ খেলতে যায়। এটি শুধু সুইডেন নয়, গোটা পৃথিবীরই সবচেয়ে বড় হ্যান্ডবল টুর্নামেন্ট। ৫০টির মতো দেশের কুড়ি হাজার খেলোয়াড় অংশ নেয় প্রতিবছর। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমি। সেই টুর্নামেন্টের সময়ই আমাকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। সুযোগ পেয়ে চলে এলাম। আজ সকালেই ঢাকায় এসেছি। এটা আপনার ব্যক্তিগত সফর, নাকি সুইডিশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিনিধি হয়ে এসেছেন? স্টিফেন: এটা অফিশিয়াল কোনো সফর নয়। ব্যক্তিগতই বলতে পারেন। তবে আমি যেহেতু আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনে আন্তর্জাতিক ডেস্কটা দেখি, তাই এখানকার অভিজ্ঞতাটা আমার কাজে লাগবে। নতুন দেশ, নতুন পরিবেশ। তা এখানে কেমন লাগছে?স্টিফেন: মাত্র এলাম। তেমন কিছুই দেখা হয়নি। কালই চলে যাচ্ছি। তবে এই কয়েক ঘণ্টায় বুঝেছি, এখানকার ট্রাফিক জ্যাম খুব বেশি। আজ এসেই হ্যান্ডবল মাঠে জাতীয় হ্যান্ডবলের সেমিফাইনাল দেখলাম। সব মিলিয়ে ভালোই লেগেছে। বাংলাদেশের খেলোয়াড়দের কেমন দেখলেন?স্টিফেন: আমি একটু অবাকই হয়েছি। এখানে অনেক হ্যান্ডবল খেলোয়াড়। তার মধ্যে কোয়ালিটি খেলোয়াড়ও আছে। কয়েকজনকে দেখে আমার পছন্দ হয়েছে। এঁদের ভালো প্রশিক্ষণ দিতে পারলে বাংলাদেশের হ্যান্ডবল এগিয়ে যাবে। আপনাকে এখানে দেখে একটা প্রশ্ন জাগছে, বাংলাদেশের হ্যান্ডবলকে কীভাবে সহায়তা করতে পারেন?স্টিফেন: এটা নির্ভর করবে দুই পক্ষের ওপর। বাংলাদেশ কী ধরনের সহযোগিতা চায়, সেটা দেখতে হবে। আপনি জানেন, সুইডেনে হ্যান্ডবল খুব জনপ্রিয়। আমি ১৯৭৯ সাল থেকে সুইডেন হ্যান্ডবল ফেডারেশনে কাজ করছি। এ ক্ষেত্রে আমরা নানাভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারি। তবে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। আরেকটা প্রশ্ন, বিশ্ব হ্যান্ডবলে পরাশক্তি হয়েও সুইডেন এখনো অলিম্পিক সোনা জিততে পারছে না কেন?স্টিফেন: এ নিয়ে তো আমাদের অনেক আক্ষেপ। কাছে গিয়েও আমরা অলিম্পিক সোনাটা পাচ্ছি না। গত লন্ডন অলিম্পিকের পুরুষ বিভাগের ফাইনালে আমরা ফ্রান্সের কাছে হেরে যাই। এটা নিয়ে অলিম্পিকে পুরুষ বিভাগে চারবার রুপা জিতেছে সুইডেন। তবে মেয়েদের বিভাগে অতটা ভালো করা যাচ্ছে না, আট-দশ নম্বরে আছি আমরা। এমন কিছু কি হতে পারে, সুইডেনের বড় কোনো হ্যান্ডবল খেলোয়াড় ঢাকার ঘরোয়া লিগে খেলল?স্টিফেন: বাংলাদেশের কোনো ক্লাব যদি চায়, অবশ্যই এটা হতে পারে। এ ক্ষেত্রে আমি সহায়তা করতে পারি। একসময় সুইডেন অনূর্ধ্ব-২১ দলে খেলেছি, বর্তমানে সুইডেনের শীর্ষ হ্যান্ডবল ক্লাবের একজন পরিচালকও আমি। কাজেই এ ব্যাপারে সহায়তা করা সম্ভব আমার পক্ষে। সুইডেনের ঘরোয়া হ্যান্ডবলের কাঠামোটা কেমন?স্টিফেন: অনেক শক্তিশালী কাঠামো। আমার ক্লাব আই কে সেভহফের কথাই ধরুন, এটি সুইডেনের বিখ্যাত ফুটবল ক্লাব। চ্যাম্পিয়নস লিগে খেলে। আমাদের হ্যান্ডবল শাখাও আছে। বর্তমানে ঘরোয়া হ্যান্ডবলে আমরা পুরুষ-মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন। আসলে সুইডেনসহ গোটা ইউরোপেই ফুটবল, বাস্কেটবলের পর হ্যান্ডবল তৃতীয় প্রধান জনপ্রিয় খেলা। আমাদের দেশে হাজার হাজার হ্যান্ডবল খেলোয়াড় আছে। বলা যায়, সুইডেন হলো হ্যান্ডবল খেলোয়াড়দের খনি। অনেক হ্যান্ডবল স্কুল আছে। সেখান থেকে বেরিয়ে পেশাদার খেলোয়াড় হচ্ছে সবাই।