‘আমি এখনো হতাশ’
ছিলেন বিশ্বের সবচেয়ে সফল টেস্ট ও ওয়ানডে ক্রিকেট দলের কোচ। কিন্তু সবচেয়ে ব্যর্থ দলের কোচ হিসেবে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে জন বুকাননকে। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যাওয়ার আগে বহু অধিনায়ক-তত্ত্ব, নেতৃত্ব থেকে সৌরভকে সরিয়ে দেওয়া নিয়ে বিদ্ধ হয়েছেন সমালোচনার তীরেও। আরেকটি আইপিএল চলাকালে অস্ট্রেলীয় বুকানন তাঁর আইপিএল ক্যারিয়ার, সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছেন ভারতের দ্য টেলিগ্রাফকে। সেই সাক্ষাত্কারের চৌম্বক অংশ তুলে দেওয়া হলো এখানে আইপিএলের তৃতীয় আসর কেমন হতে যাচ্ছে?জন বুকানন: ২০০৮ সালের ফলাফলকে গাইড হিসেবে নিলে, দলগুলো টুর্নামেন্টের প্রথম দুই-তৃতীয়াংশে দক্ষিণ আফ্রিকা আসরের চেয়ে বেশি রান করতে পারবে। এর পর দলগুলো ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি করতে গিয়ে একটু গুটিয়ে যাবে। নতুন সাদা বলে যথেষ্ট গতি থাকলে কম দক্ষ ব্যাটসম্যানেরা বিপদে পড়বে। ফলে যেসব দলে যোগ্য টপঅর্ডার ব্যাটসম্যান থাকবে, তারাই এই আক্রমণের জবাব দিতে পারবে এবং বড় স্কোরের ভিত গড়তে সমর্থ হবে। আপনার কি মনে হয়, আইপিএলের প্রথম দুই আসরের চেয়ে তৃতীয় আসরটা বেশি জমজমাট হবে?বুকানন: দেখুন, বাইরে বিশেষত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বেশ উন্মাদনা আছে। পরের আসরে নতুন দুটি দল যোগ হচ্ছে, এটি আগ্রহটা আরও বাড়িয়ে দিয়েছে। ভারত ও শচীন টেন্ডুলকারের পারফরম্যান্স ভারতের তারকা-ক্রিকেটারদের আরও বেশি বেশি দেখার ভারতীয় সমর্থকের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। এটাও ঠিক, আইপিএল ভারতে ফেরাটাই এই আসরের প্রতি আলাদা একটা আগ্রহ তৈরি করেছে। যদি আইপিএলের কোচ থাকতেন, মনোভাবে কোনো পরিবর্তন আসত কি?বুকানন: ভারতে ফেরার কারণে সামান্য কিছু পরিবর্তন তো থাকতই। সে যাই হোক, কীভাবে খেলাটা খেলতে চাই, তা নিয়ে আমরা আসলে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু করেছিলাম। ২০০৯ সালে এর প্রাথমিক কাজটা হয়েছে। নেপথ্যে যে কাজ হয়েছে, সেটি কাজে লাগানোর একটা সুযোগ ছিল কেকেআরের। প্রথম দুই আসর থেকে দলগুলোর জন্য প্রথম শিক্ষাটা কী?বুকানন: কোনো সন্দেহ নেই যে উইকেট নিতে পারাটাই পার্থক্য গড়ে দেয়, বিশেষত শুরুতেই। নিঃসন্দেহে পার্টনারশিপই বড় স্কোর গড়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেই পার্টনারশিপটা ইনিংসের যেকোনো সময় শুরু হতে পারে। তবে প্রথম দশ ওভারে হলে ভালো হয়। পরের ব্যাটসম্যানেরা নির্ভয়ে ব্যাট চালাতে পারে। শেষদিকে দুজন দক্ষ ব্যাটসম্যান থাকলে ওভারপ্রতি ১২-১৫ রান করাও সম্ভব। কলকাতা নাইট রাইডার্সের এবারের দল নিয়ে বলুন।বুকানন: নতুন কোচ, নতুন অধিনায়ক, কিছু নতুন সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়, নতুন রং। সবকিছু মিলে কেকেআরকে নতুন লাগছে। আমার মনে হয়, গত মৌসুমে দল নিয়ে যা করা হয়েছে কেকেআর এখন তার সুফল পাবে। ফলে তারা যে ২০০৯ সালের চেয়ে ভালো করবে, তাতে খুব একটা সন্দেহ নেই। যদিও উমর গুল নেই, তার পরও বোলিং আগের মতোই শক্তিশালী আছে। চার্ল ল্যাঙ্গেভেল্ট, ইশান্ত শর্মা, অশোক দিন্দা ও অজিত আগারকারের সঙ্গে শেন বন্ড বাড়তি গতি যোগ করবে। কেকেআরকে তো ডুবিয়েছেই আসলে ব্যাটিং। গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, সৌরভ, ব্রাড হজ, ডেভিড হাসি, ম্যাথুস... আরও অনেক নামকরা সব ব্যাটসম্যান এই দলে, বলা যায় অল-স্টার দল। এরা যেকোনো দলের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারে স্কোর। তার পরও কেন ব্যাটিংয়েই দুর্বলতা, সেটা ব্যাখ্যা করা কঠিন। সৌরভকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য এখন কী আফসোস হয়?বুকানন: দেখুন, কেকেআর কীভাবে ক্রিকেট খেলবে, এটা নিয়ে আমার পরিষ্কার পরিকল্পনা ছিল। আমি এই পরিকল্পনাটা সব সময় সৌরভ ও মালিকদের খুলে বলেছি। শুরুতে মালিকেরা আমাকে সমর্থনও দিয়েছেন। কিন্তু সৌরভ রাজি হয়নি। আমি বিশ্বাস করি না যে আমার আর সৌরভের মধ্যে কোনো শত্রুতা আছে। খেলাটা কীভাবে খেলতে হবে এবং ওর ভূমিকা কী হবে, তা নিয়ে আমাদের ভিন্নমত ছিল। পরে মালিকেরা আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তাঁদের মন বদলে ফেলেন। দক্ষিণ আফ্রিকায় আমাদের বাজে ফলাফল তাঁদের প্রভাবিত করেছে। তাঁরা যেহেতু দলের ব্যয় বহন করেন, এটা তাঁদের অধিকারের মধ্যে পড়ে। তবে হ্যাঁ, ১৪ মাস আগে শুরু করা কাজটা শেষ করতে না পারায় আমি এখনও হতাশ। ডেভ হোয়াটমোরের জন্য আপনার বার্তা কী হবে?বুকানন: যে কাজ এরই মধ্যে করা হয়ে গেছে, তার ওপরই নির্মাণ চালিয়ে যান। কেকেআরের খবর-টবর রাখেন ঠিকমতো?বুকানন: খুবই ভালো করে রাখি। কলকাতা শহরে ও দলে এখনও অনেকেই আছে, যাদের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। রিকি পন্টিংকে কেকেআর যে বিক্রি করে দিল, এ নিয়ে কোনো মন্তব্য?বুকানন: এটা যেহেতু পন্টিং আর কেকেআর কর্তৃপক্ষের একটা ব্যবসায়িক সিদ্ধান্ত, তাই এ নিয়ে মন্তব্য করার কিছু নেই। তবে এটুকু বলি, দুপক্ষের জন্যই এ সিদ্ধান্ত অবধারিত হয়ে গিয়েছিল। ২০১১ আইপিএলে আপনার কোনো ভূমিকা থাকবে?বুকানন: যেমনটা বলেছি, শুরু করে আসা কাজটা শেষ করতে না পারায় আমি এখনো হতাশ। তাই আমি কোচিং বা এ রকম কোনো কাজ করতে চাই, তা যেকোনো দলের। শেষ প্রশ্ন, আপনাকে কী ভুল বোঝা হয়েছিল, নাকি সত্যিই কিছু অসহিষ্ণু আচরণ করেছেন?বুকানন: আমি, দলের মালিক, সৌরভ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে যতখানি সময় কাটিয়েছি, তাদের যেভাবে আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা খুলে বলেছি; তার পরও আমাকে কীভাবে ভুল বোঝা সম্ভব, সেটাই আমি বুঝি না। হ্যাঁ, কখনো কখনো আমি কিছু অসহিষ্ণু আচরণ নিশ্চিতভাবেই করেছি। ভিন্ন সংস্কৃতি, আমার নিজস্ব ভঙ্গি আর যোগাযোগের ধরনের কারণে এমনটা হয়েছে। যদিও আমরা সবাই এমন পরিস্থিতি এড়াতে চাই, তার পরও কখনো কখনো আমরা উত্তেজিত হয়ে পড়ি। ইচ্ছে করে নয়, হয়ে যায়। আমি কেকেআরে নেই, তারপরও সবাইকে পরিষ্কার করে দিতে চাই, যা কিছু করেছি কেকেআরের সর্বোচ্চ ভালোর জন্যই করেছি।ভাষান্তর: দেবব্রত মুখোপাধ্যায়