‘আমি কাউকে ফাঁসাতে চাইনি’
১৪ বছরের ক্যারিয়ারের বেশির ভাগ সময়জুড়েই তাঁর ভাবমূর্তি ছিল ‘ব্যাড বয়’। ক্যারিয়ার গোধূলিতে এসে নতুন বিতর্কের ঝড় তুলেছেন আত্মজীবনী লিখে। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে টু দ্য পয়েন্ট নিয়ে খোলামেলা কথা বলেছেন হার্শেল গিবস এই সময়টাকেই কেন বেছে নিলেন আত্মজীবনী প্রকাশের জন্য?হার্শেল গিবস: পুনর্বাসনের দিনগুলোতে আমার এক ধরনের আত্মোপলব্ধি হয়েছে। মাসখানেক আমি ওখানে ছিলাম এবং ঠিক করেছিলাম প্রতিটি দিনকেই কাজে লাগাব, সত্যের আয়নায় পেছনের দিনগুলোতে ফিরে তাকাব। জীবনে এত কিছুর মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, এই পর্যায়ে এসে চাইছিলাম অতীতের সব ভুল আর ভবিষ্যৎ গন্তব্যের দিকে দৃষ্টি দিতে। পুনর্বাসনকেন্দ্রে যাওয়া ছিল গত ২০ বছরে আমার সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত। বই লেখার পরামর্শ যখন পেলাম, ভাবলাম, আমার সবকিছু খোলামেলা প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো উপায় আর কী আছে? প্রায়ই অনেকে আমার কাছে এই বিষয়গুলো জানতে চায়। আমি সবাইকে সবকিছু জানাতে চেয়েছিলাম। আপনাকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল, অ্যালকোহল পুনর্বাসন কেন্দ্রে না গেলে আর কখনো জাতীয় দলে নেওয়া হবে না। মদাসক্তি আপনার জন্য বড় একটা সমস্যা—মেনে নিতে কি কষ্ট হয়েছে?গিবস: অবশ্যই। একটা সময় ছিল যখন আমি একটু বেশিই মদাসক্ত ছিলাম। কিন্তু এমন নয় যে, মদ ছাড়া আমার চলত না। এমনকি আমার ঘনিষ্ঠ কেউই বলতে পারবে না যে আমি বাড়িতে মদ রাখতাম। পুনর্বাসনকেন্দ্রের কাউন্সিলর আমাকে বলেছিল, বছরে দুবার মাত্রাতিরিক্ত মদ খেলেও নাকি আমি বিপদে পড়ে যাব। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। বছরে দুবার পান করলেই যদি কেউ মদাসক্ত হয়, তাহলে তো আরও অনেক মদাসক্ত পাওয়া যাবে। আমি পান করা অনেক কমিয়ে দিয়েছি, ওসব আর ভালো লাগে না। নিজের যৌনজীবন নিয়ে এভাবে খোলামেলাভাবে বললেন কেন? বিশেষ করে ১৯৯৭-৯৮ মৌসুমে আপনার ও দলের আরও অনেকের উন্মত্ততা...গিবস: ১২ বছর আগের ঘটনা, আমার বয়স তখন বিশের কোটায়। এই বয়সে অনেকেই এমনটা করে থাকে, ক্রিকেটার হয়ে আমি তো আর আলাদা হয়ে যাইনি। আমি দলের অন্য কারও নাম উল্লেখ করিনি বা কাউকে ফাঁসাতে চাইনি। আমি বইয়ে এসব লিখেছি কারণ পাঠকের স্বাদ ভিন্ন, আত্মজীবনীতে অনেক পাঠক অনেক কিছু পেতে চায়। অনেককেই বলতে শুনেছি, তারা আন্দ্রে আগাসির আত্মজীবনী উপভোগ করেছে, কারণ সে নিষিদ্ধ জীবন নিয়ে খোলামেলা কথা বলেছে। গ্রায়েম স্মিথ, বাউচার, ক্যালিস ও ডি ভিলিয়ার্সের মতো সিনিয়রদের দলে খবরদারির কথা বলেছেন...গিবস: এ ব্যাপারটা যে ছিল, তা নিশ্চিত। অনেকেই আমাকে এ নিয়ে জিজ্ঞাসা করেছে। লোকে টিভিতেও দেখেছে, এই চারজন সব সময় একসঙ্গে থাকত। আর্থারের সঙ্গে আপনার সম্পর্ক কি ভালো ছিল না?গিবস: জীবনের সব পর্যায়েই সব কোচকে আমি শ্রদ্ধা করেছি। কাউকে নিয়ে কোনো কানকথা বলিনি। একজন কোচের জন্য ম্যান-ম্যানেজমেন্ট দক্ষতা থাকাটা খুব জরুরি। যখনই আমি টিম মিটিংয়ে বা মাঠে কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, কখনোই গ্রাহ্য করা হয়নি। কোচের প্রসঙ্গ যখন উঠলই, কারস্টেন তো ভারতের কোচ হিসেবে খুব ভালো করছেন। সাবেক ওপেনিং জুটির সঙ্গে আপনার বন্ধুত্ব নিয়ে কিছু বলুন।গিবস: ও অসাধারণ কাজ করছে। এমনিতে অন্তর্মুখী মনে হলেও অনেকেই জানে না, গ্যারি বহির্মুখী হতে পারে। আমাদের বন্ধুত্ব শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ছিল দারুণ। আমাদের মানসিকতাতেও মিল ছিল। অসাধারণ একজন মানুষ ও। ওর শেষ ম্যাচের সময় আমি অনেকক্ষণ কেঁদেছিলাম আর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু আমি কান্না থামাতেই পারছিলাম না। হানসি ক্রনিয়ের প্রতি অনুরাগ আপনি কখনোই লুকান না। এমনও বলেছেন, তাঁকে ক্ষমা করে দিয়েছেন...গিবস: আমার মনে হয়, এত ভুলের পর ও নিজেইে আর নিজেকে সহ্য করতে পারছিল না। এত কিছুর পরও ও ছিল দারুণ অধিনায়ক, খুব ভালো একজন মানুষ। বর্তমানের দুই অধিনায়ক স্মিথ ও বোথা সম্পর্কে আপনার মূল্যায়ন কী?গিবস: সময়ের সঙ্গে গ্রায়েম পরিণত হয়েছে, তবে হানসির সঙ্গে এখনো পার্থক্য আছে। গ্রায়েম কয়েকজন ক্রিকেটারের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হয়েছে। ইয়োহান (বোথা) অনেক বেশি হানসির মতো—খুব পেশাদার, রূঢ় একই সঙ্গে বন্ধুত্বপূর্ণও। বইয়ে অনেকবার বলেছেন, খেলে কত টাকা আয় করেছেন। দক্ষিণ আফ্রিকানরা কি টাকা কম পান?গিবস: কম নয়, তবে আমরা অন্যদের মতো পাই না। অস্ট্রেলিয়া দীর্ঘদিন ক্রিকেট-বিশ্বে রাজত্ব করেছে, বেশি অর্থ ওদের প্রাপ্য। কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটাররাও আমাদের চেয়ে অনেক বেশি পায়। ক্রিকেটে এখনো ম্যাচ পাতানোর ভূত দেখে অবাক হননি?গিবস: খুবই, ভেবেছিলাম খেলাটা এখন নির্ভেজাল। ম্যাচ পাতানো খুব সহজ নয়। বইয়ে আমি যেমন লিখেছি, দলের অন্তত ৯০ শতাংশ সদস্যকে সঙ্গে রাখতে হবে। দুর্নীতি দমন ইউনিটও খুব শক্তিশালী। এটা অবিশ্বাস্য যে, ১০ বছর পর আবার এটা পুনরুজ্জীবিত হয়েছে। ১৯৯৬ সালে ভারতে ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য হানসি আমাকে পুরো টিম মানিই দিতে চেয়েছিল। ১৯৯৯ সালের শেষের দিকে আবার। দলে হানসির প্রভাব এমন ছিল যে না বলতে পারিনি। কিন্তু এখন ম্যাচ পাতানোর চেষ্টা করা বোকামি। তা ছাড়া এখন খেলেই অনেক টাকা পাওয়া যায়, যা আগে ছিল না।