গত ফেব্রুয়ারিতে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শেষ ম্যাচে লাল কার্ড দেখেছেন। এ অবস্থায় নভেম্বরে এশিয়ান গেমসের অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। নিয়ম অনুযায়ী অন্তত পরবর্তী আন্তর্জাতিক ম্যাচটি খেলতে পারবেন না আমিনুল হক। বিকেএসপি থেকে ফোনে এ নিয়েই কথা বললেন দেশের প্রধান গোলরক্ষক চ্যালেঞ্জ কাপে দেখা লাল কার্ডের কথা কি মনে আছে আপনার?আমিনুল হক: হ্যাঁ, মনে আছে। ওটা ভুলি কীভাবে? এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালে ওঠার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বড় ব্যবধানে জিততেই হতো আমাদের। গোল বাঁচাতে আমাকে পোস্ট ছেড়ে বেরোতে হলো। উপায়ান্তর না দেখে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখলাম। ক্যারিয়ারে স্মরণীয় ঘটনা হয়ে আছে ব্যাপারটা। আপনি তো অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না। তার মানে কি এশিয়ান গেমসের প্রথম ম্যাচটা খেলছেন না?আমিনুল: আমি এ ব্যাপারে এখনো নিশ্চিত নই। কারণ, লাল কার্ড দেখেছি জাতীয় দলের হয়ে। আর এখন খেলতে যাচ্ছি অনূর্ধ্ব-২৩ দলের পক্ষে। দুটি তো আলাদা। তা ছাড়া চ্যালেঞ্জ কাপ ছিল এএফসির টুর্নামেন্ট, কিন্তু এশিয়ান গেমস এএফসির তত্ত্বাবধানে হয় না। কাজেই জাতীয় দলের হয়ে পাওয়া শাস্তি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভোগ করতে হবে কি না বুঝতে পারছি না। এ ব্যাপারে বাফুফে কিছু জানায়নি আপনাকে?আমিনুল: আমি যদ্দুর জানি, বাফুফে ব্যাপারটা জানার চেষ্টা করছে। খোঁজখবর নিয়ে জানালে তখন নিশ্চিত হব। এখন পর্যন্ত আমি কিছু জানি না। ছয় মাস পেরিয়ে গেলেও কেন বিষয়টা নিশ্চিত হওয়া গেল না?আমিনুল: আসলে ব্যাপারটা হলো, এএফসি এসব ব্যাপারে চিঠি দিয়ে জানায় ফেডারেশনকে। নিশ্চয়ই এএফসি জানাবে। আপনার বহিষ্কারাদেশ এক ম্যাচের বেশি হওয়ার আশঙ্কা করছেন?আমিনুল: তেমন আশঙ্কা করছি না। কারণ, যে ফাউলে লাল কার্ড দেখেছি, তার জন্য এক ম্যাচই হওয়ার কথা। এএফসির শৃঙ্খলা কমিটি এর বেশি কিছু করবে না বলেই আমার বিশ্বাস। আমি তো বাজে কোনো আচরণ করিনি। শাস্তির ব্যাপারটা নিশ্চিত না হয়েই আপনি ক্যাম্পে আছেন। যদি এশিয়ান গেমসেই একাধিক ম্যাচের বহিষ্কারাদেশ পান, তখন তো খেলতে পারবেন না।আমিনুল: যদি এশিয়ান গেমসেই শাস্তি কার্যকর হয়, তাহলে হয়তো প্রথম ম্যাচ খেলতে পারব না। এর পরও ম্যাচ আছে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করছি না। জাতীয় দলে তো আপনি খেলেনই, অনূর্ধ্ব-২৩ দলেও আপনি। নতুন কাউকে সুযোগ দেওয়া যায় না? আমিনুল: এটা তো আর আমার ব্যাপার নয়। ফেডারেশন যা ভালো মনে করে, তা-ই সিদ্ধান্ত নেয়। আমাকে তারা দলে চায়, তাই দলে আছি। দেশের জন্য খেলি। দেশে সেভাবে তো গোলরক্ষক উঠে আসছেন না। কেন? আমিনুল: গোলরক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণ শিবির নেই। এটা না হলে ভালো গোলরক্ষক উঠে আসবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, বিকেএসপিতে এশিয়াডের দলের অনুশীলন কেমন চলছে? আমিনুল: ভালো চলছে। সবাই উপভোগ করছে। সকালে ফিটনেস আর বিকেলে উইথ বল টেকনিক নিয়ে কাজ করছেন কোচ।