চোট পেলে চিকিৎসা হবে, পুনর্বাসন হবে—এসবই স্বাভাবিক। কিন্তু তিনি ইনজুরিতে পড়লে আরও একটা জিনিস হয়—সন্দেহ। আসলেই চোট আছে তো! এ নিয়ে একসময় হতাশা প্রকাশ করেছেন তামিম ইকবাল। তবে এখন আর সেসব নিয়ে ভাবেন না। কাল অনুশীলনের পর এবং তার আরও পরে টেলিফোনেও কথা বললেন নিজের চোট নিয়ে আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি কেমন চলছে?তামিম ইকবাল: আসলে ইনজুরির কারণে আমি দলের সঙ্গে খুব বেশি অনুশীলন করতে পারছি না। তবে সবাই যেভাবে প্রস্তুতি নিচ্ছে দেখে তো মনে হয় খুবই ভালো হচ্ছে সবকিছু। আর এক দিন অনুশীলন আছে। চেষ্টা করব সেটাও সুন্দরভাবে শেষ করে আয়ারল্যান্ডে গিয়ে ভালো পারফর্ম করতে, ম্যাচ জিততে। আপনার ফিটনেসের অবস্থা কী?তামিম: মাঝখানে জ্বরে ভুগেছি। তবে ফিটনেস এখন খুবই ভালো। ফিটনেস টেস্টের যে ফলাফল এসেছে অন্যবারের চেয়ে অনেক ভালো সবকিছু। আপনার তো পায়েও একটা ইনজুরি ছিল। ওটার কী অবস্থা?তামিম: পায়ের অবস্থা এখন অনেকটাই ভালো। এখন যতটা সম্ভব শক্তি বাড়াতে হবে। শক্তি পুরোপুরি এসে গেলেই আবার ম্যাচ খেলতে পারব। তামিম ইকবালের ইনজুরি নিয়ে সবার মধ্যে কেন যেন একটা সন্দেহ কাজ করে। এটা কেন? খেলোয়াড় হিসেবে এসব ক্ষেত্রে কেমন লাগে আপনার?তামিম: আমি এটা নিয়ে একদমই ভাবি না। কে কী চিন্তা করছে, সেটা আমার সমস্যা না। এসব নিয়ে ভেবে একদমই লাভ নেই। ইনজুরি হলে সেটা আমার ফিজিও, টিমমেটরা ঠিকই জানে। আমি একজন ক্রিকেটার, অভিনেতা নই। বোলারদের তুলনায় ব্যাটসম্যানদের চোট-আঘাত একটু কম হলেও আপনাকে প্রায়ই এতে ভুগতে হচ্ছে। এর কারণ কী মনে হয়?তামিম: আমি কী পরিমাণ ক্রিকেট খেলছি, সেটাও তো দেখতে হবে। প্রিমিয়ার লিগে ইনজুরি ছিল। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় ম্যাচটা না খেললে ভালো হতো। এত দিনে হয়তো সুস্থ হয়ে যেতাম পুরোপুরি। কিন্তু দলের প্রয়োজনে খেলতে হয়েছে। ওই ম্যাচটা খেলায় আমার ইনজুরি বেড়েছে। আপনার মা-ও তো নাকি অসুস্থ। এখন কী অবস্থা?তামিম: আল্লাহর রহমতে আগের চেয়ে কিছুটা ভালো অবস্থা এখন। তাঁর মাথায় কঠিন একটা অস্ত্রোপচার হয়েছে। আরও উন্নত চিকিৎসার জন্য ওনাকে ব্যাংকক বা সিঙ্গাপুরে পাঠানোর ইচ্ছা আছে। প্রস্তুতি ম্যাচে খেলছেন না। এটাতে কোনো সমস্যা হবে না তো?তামিম: আয়ারল্যান্ডে গিয়েও একটা প্রস্তুতি ম্যাচ আছে আমাদের। আশা করি, তার আগেই পুরোপুরি সুস্থ হয়ে ম্যাচটা খেলতে পারব। এ কারণেই এখানে প্রস্তুতি ম্যাচগুলো খেলছি না। সুস্থ হয়ে ওখানে খেলার চিন্তা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। তার আগে আয়ারল্যান্ডের কন্ডিশনে গিয়ে খেলে কতটা লাভ হবে?তামিম: কন্ডিশন একটা ব্যাপার, কোনো সন্দেহ নেই। তবে আমাদের জন্য এ মুহূর্তে জয়ের অভ্যাস তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ খেলতে যাচ্ছি। ম্যাচ জিততে পারলেই এই অভ্যাসটা তৈরি হবে এবং এই অভ্যাসটা যদি বিশ্বকাপে নিয়ে যেতে পারি, সেটাই হবে সবচেয়ে ভালো। এবার তো অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের আগে...তামিম: যত বেশি খেলব, আমাদের খেলা ততই ভালো হবে। আমরা অনেক সৌভাগ্যবান, তিন মাস সময় পাচ্ছি শুধু টি-টোয়েন্টি খেলার জন্য। অন্যান্য দেশ হয়তো এই সময়ে টেস্ট খেলছে, ওয়ানডে খেলছে। আশা করি, বিশ্বকাপের আগে এই ম্যাচগুলোয় আমাদের জয়ের অভ্যাস তৈরি হবে। আমরা একটা শক্তিশালী দল হয়ে দাঁড়াব। প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডকে কীভাবে দেখেন?তামিম: এটা সত্যি কথা যে আয়ারল্যান্ডের কন্ডিশনে আয়ারল্যান্ড ভালো দল। ওখানে গিয়ে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।