দক্ষিণ আফ্রিকা সিরিজে ড্রেসিংরুমে জায়গা পাননি। তবে কোচ থেকে টেকনিক্যাল ডিরেক্টর হয়েও মমতা মাবেন আছেন দলের সঙ্গেই। এমনকি কাল সিরিজ হারার পরও ভারতীয় এই কোচ সন্তুষ্ট বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্সে সিরিজ জয়ের ম্যাচে এসে আর পারল না দল। খুব হতাশ?মমতা মাবেন: আমরা সিরিজ জেতার কাছাকাছি থেকেও অল্পের জন্য পারিনি। বেশ কিছু ক্যাচ পড়েছে। তবে আজ (গতকাল) যা হয়েছে তার কোনো অজুহাত হয় না। মেয়েরা খুবই বাজে খেলে সিরিজটা হাতছাড়া করেছে। আয়ারল্যান্ডেও এটা হয়েছে। একটা ম্যাচে আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। সিরিজে মেয়েদের পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট?মমতা: আমি সন্তুষ্ট। হয়তো আমরাই একটু বেশি আশা করে ফেলেছিলাম ওদের কাছে। মেয়েরা আস্তে আস্তে পরিণত হচ্ছে, উত্থানপতন তো হবেই। এটা ঠিক, পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। তবে যা-ই হয়েছে, সেটা সন্তোষজনক। কোথায় কোথায় উন্নতি প্রয়োজন মনে করেন দলটার?মমতা: ফিল্ডিংয়েই উন্নতিটা বেশি প্রয়োজন। ব্যাটিংয়েও উন্নতি করতে হবে। তবে বোলিং খারাপ হচ্ছে না। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কি সঠিক ছিল মনে করেন?মমতা: এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সব দিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে। দলের একজন হিসেবে আমিও এ সিদ্ধান্ত সমর্থন করি। আমাদের মেয়েরা সব সময় আগে ব্যাট করতে পছন্দ করে, হতে পারে ওটাই কারণ। তবে আসল কারণটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশ মহিলা দলের তুলনা করবেন কীভাবে?মমতা: আমি মনে করি, দক্ষিণ আফ্রিকার মেয়েরাই এগিয়ে। তবে আমাদের মেয়েদের অভিনন্দন—প্রথম ম্যাচ, এমনকি দ্বিতীয় ম্যাচেও তারা ভালো খেলেছে। তবে আজ (গতকাল) দক্ষিণ আফ্রিকা তাদের আসল চেহারা দেখিয়েছে। তাদের পেস আক্রমণ খুবই ভালো। প্রতি ওভারেই তিন-চারটা ভালো বল করেছে। তবে আমার মনে হয় ব্যাটিংয়ে তাদেরও উন্নতি প্রয়োজন। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বের সেরা চার মহিলা দলের মধ্যে থাকলেও ব্যাটিংয়ে সম্ভবত নয়। নতুন কোচ আসার পর দলে আপনার ভূমিকা কী?মমতা: এ ব্যাপারে বোর্ডই ভালো বলতে পারবে। তবে আমি কোচ নই, টেকনিক্যাল ডিরেক্টর। আমি দলকে সাহায্য করি, কোচের কাজেও সাহায্য করি। আমাদের যা দেওয়া হচ্ছে আমরা তাতে খুশি। এ নিয়েই আমাদের ভালো করতে হবে। কীভাবে সাহায্য করছেন?মমতা: অনুশীলনের সময় আমি নকিং, বোলিং মেশিন—এসবে সাহায্য করি। মূলত ব্যাটিংটাই দেখি বলতে পারেন। অনেক সময় ফিল্ডিংয়ে সাহায্য করি। আর হেড কোচ বোলিংসহ সবকিছুই দেখেন। এভাবে কাজে সমস্যা হয় না? এই সিরিজে তো ড্রেসিংরুমেও থাকতে পারছেন না আপনি...মমতা: না, কোনো সমস্যা হয় না। দল হিসেবে আমরা খুবই ভালো আছি। কোচ অসাধারণ মানুষ। ভালো একটা দল গড়ার জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করছেন। মেয়েদের দল নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে। এ ব্যাপারে কী বলবেন?মমতা: এসব নিয়ে আপনাকে বোর্ড এবং নির্বাচকদের সঙ্গে কথা বলতে হবে।