বাফুফে থেকে তেমন সাহায্য-সহযোগিতা পাননি। তবু নিজে দৌড়ঝাঁপ করে ঢাকা মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট শেষ করার তৃপ্তি আছে শেখ মোহাম্মদ আসলামের। তবে কমলাপুর স্টেডিয়ামে ফাইনাল শেষে কাল বাফুফের স্কুল কমিটির ডেপুটি চেয়ারম্যানের মুখে শোনা গেল অনেক ক্ষোভ আর অপ্রিয় সত্য কথা টুর্নামেন্টটা কেমন হলো?শেখ মোহাম্মদ আসলাম: আমাদের সাধ অনেক, সাধ্য কম থাকায় সবকিছু মনের মতো করতে পারিনি। তবে শেষ করতে পারাই বড় ব্যাপার। অনেক ভুলত্রুটি থাকতে পারে, ভবিষ্যতে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আর অভিজ্ঞতা হলো, স্পনসর প্রাণ গ্রুপ খেলোয়াড়দের জুস দিয়েছিল, সেই জুস বাসায় নিয়ে গেছে স্কুল কমিটিরই একজন! পাঁচ বছর পর হলেও বোঝা গেল এমন টুর্নামেন্ট করা অসম্ভব নয়। কিন্তু এটি নিয়মিত হয় না কেন?আসলাম: নিয়মিত হয় না উদ্যোগের অভাবে। ফান্ডের অভাবও আছে। এবার যেহেতু মাহফুজ সাহেব (এটিএন বাংলার চেয়ারম্যান) আমাদের সঙ্গে এসেছেন, আশা করি, টাকার সমস্যাটা আর থাকবে না। মাঠও সমস্যা নয়। আপনারা ৮-১০ জন সাবেক তারকা ফুটবলার আছেন বাফুফের বর্তমান কমিটিতে। আপনি নিজের কাজে সন্তুষ্ট?আসলাম: মোটেও সন্তুষ্ট নই। বাফুফের সদস্য হিসেবে আমি নিরানব্বই ভাগ ব্যর্থ। পরিকল্পনা নিয়ে কাজ করতে পারিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুখে বহুবার শুনেছি ফান্ড নেই, ফান্ড শেষ। এমন কথা নিরুৎসাহিত করে। বাধ্য হয়ে হেঁটে-দৌড়ঝাঁপ করে স্কুল টুর্নামেন্ট করতে হয়েছে। অনেক সময় নিজের সম্মান বিসর্জন দিয়েছি। বাফুফেতে এত লোক, কারও সহযোগিতা পাননি? আসলাম: এই স্কুল টুর্নামেন্টটা করতে গিয়ে আমি অনেক সমস্যায় পড়েছি। একপর্যায়ে খুবই হতাশ ছিলাম। সমস্যা হলো, আমি ছাড়া সিদ্ধান্ত নেওয়ার কেউ নেই! আমি ছাড়া কোনো টাকা আনা যাবে না, মানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা যাবে না! নানা প্রতিকূলতা ঠেলতে হয়েছে। আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু দিন দিন সবাইকে তো আপনারা হতাশ করে চলেছেন...আসলাম: আমি যত দিন আছি, চেষ্টা চালিয়ে যাব। অন্তত স্কুল ফুটবলটা মাঠে রাখতে চাইব। চেয়ারে বসা সহজ, কাজ করা কঠিন। কাজ করতে না পারলে খামোখা চেয়ারে বসে থাকার যুক্তি নেই। ঢাকা মহানগরী স্কুল টুর্নামেন্ট করলেন। সারা দেশের স্কুল ফুটবলের খবর কী?আসলাম: আমি স্কুল কমিটির দায়িত্ব নিয়ে একটা জাতীয় স্কুল টুর্নামেন্ট আর এই ঢাকা মহানগরী স্কুল টুর্নামেন্ট করলাম। সমস্যা হলো, আমাদের এ ধরনের আয়োজনের কথা সেভাবে ফেডারেশন থেকে বলা হয় না। আমরা কমিটির লোকেরা বসে সিদ্ধান্ত নিই, কী করা দরকার। স্কুল ফুটবল নিয়ে বাফুফের নিজস্ব কোনো কর্মসূচি নেই। তবে বিশ্বকাপ ক্রিকেটের পরে দেশব্যাপী স্কুল ফুটবল করতে চাই আমরা। আপনার আগে স্কুল ফুটবলের দায়িত্বে ছিলেন আরেক সাবেক তারকা আশরাফউদ্দিন চুন্নু। তিনিও আপনার মতোই হতাশা প্রকাশ করতেন। অবস্থা বদলাচ্ছে না কেন?আসলাম: যখনই স্কুল ফুটবলের কথা বলি, নীতিনির্ধারকেরা বলেন ফান্ড নেই কিংবা স্পনসর পাওয়া যায় না। এভাবে নানা অজুহাতে টুর্নামেন্টটা হয় না। চেষ্টারও অনেক ঘাটতি আছে। দু-একজন লোক ছাড়া এ ধরনের কাজে অন্য কাউকে পাওয়া যায়নি। এটা খুব দুঃখের ব্যাপার। বাফুফে তাহলে কী করল?আসলাম: ফেডারেশন এমনিতে লজিস্টিক সাপোর্ট দিয়েছে। কিন্তু টুর্নামেন্টটা আমরা স্কুল কমিটি একক প্রচেষ্টায় করেছি। ফেডারেশন আমাদের কাজের মনিটরিংও করেনি। মাহফুজ সাহেবকে স্কুল কমিটির চেয়ারম্যান করেছি আমরাই। সালাউদ্দিন ভাই পরে আমাদের হেল্প করেছেন, যেমন মাহফুজ সাহেবের ওখানে যাওয়া, ওনাকে চেয়ারম্যানশিপের চিঠিটা দেওয়া...এগুলো।