‘আমি পেরেছি ভাবতেই ভালো লাগছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত এশিয়ান জোনাল দাবার মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শামীমা আক্তার (লিজা)। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নরওয়েতে আগামী আগস্টে খেলবেন বিশ্বকাপ দাবায়। প্রথম বাংলাদেশি নারী দাবাড়ু হিসেবে এমন অর্জন বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টারের কাছে এসেছে একটু বিস্ময় হিসেবেই এশিয়ান জোনাল দাবায় নাকি যাওয়ারই কথা ছিল না আপনার?শামীমা আক্তার (লিজা): ফেডারেশনের খরচে শুধু জাতীয় চ্যাম্পিয়ন শিরীন (শারমিন সুলতানা) যেতে পারবে, এমনটাই জানতাম। কিন্তু আমাদের সেখানে ভালো করার সম্ভাবনা ছিল বলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই ব্যক্তিগত খরচে হলেও যাব। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেন। এখন কী মনে হচ্ছে?শামীমা: বিশ্বকাপে খেলার সুযোগ পাব, সেটা আমি মোটেও ভাবিনি। আসলে আমি প্রতিটি ম্যাচ ভালো খেলতে চেয়েছিলাম। আর ভালো খেললে রেজাল্ট আসবেই।  বিশ্বকাপ দাবায় একমাত্র এনামুল হোসেন রাজীবই একবার প্রথম রাউন্ড পেরিয়েছেন। আপনি প্রথমবার খেলতে যাবেন। কী আশা করছেন? শামীমা: বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াই অনেক বড় ব্যাপার। আর আমাদের মেয়েদের মধ্যে কেউ এর আগে এটা পারেনি, আমি পেরেছি ভাবতেই ভালো লাগছে। তবে কী করব জানি না। শুধু জানি, অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে। ফেডারেশন যদি বিশ্বকাপের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে খুব ভালো হয়।  শ্রীলঙ্কা আপনার জন্য পয়া ভেন্যু, কী বলেন?শামীমা: (হাসি)। আসলেই ওটা আমার জন্য লাকি। ওখান থেকেই আমি আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম পেয়েছিলাম। এশিয়ান জোনাল দাবা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন?শামীমা: এশিয়ান দাবা ফেডারেশনের সদস্যদেশগুলো নিয়েই এই প্রতিযোগিতা। আমাদের অঞ্চলটা পড়েছে ৩.২-এ, যেখানে আছি আমরা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ। শক্তিশালী ভারত খেলছে ৩.৭ অঞ্চলে। শ্রীলঙ্কা ছাড়া পাকিস্তান ও মালদ্বীপের দাবাড়ুদের মান মনে হয় ততটা ভালো না। কিন্তু শ্রীলঙ্কার মান আগের চেয়ে বেড়েছে। গতবার শ্রীলঙ্কার শাচিনী যখন চ্যাম্পিয়ন হলো ওদের মিডিয়ায় সেটা এত বেশি প্রচার হয়েছিল যে এখন ওদের অনেক খেলোয়াড় উঠে আসছে। ওরা এখন বিশ্ব যুব দাবা, বিশ্ব স্কুল দাবায় অংশ নিচ্ছে। আপনি তো ৯ ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট পেয়েছেন। কার বিপক্ষে খেলা বেশি কঠিন মনে হয়েছিল?শামীমা: দুজনকে নিয়ে বেশি ভয় ছিল। একজন শাচিনী। আরেকজন আমাদের শিরীন। এই দুটি ম্যাচে যেকোনো রেজাল্ট হতে পারত। তা ছাড়া একই দিনে দুটি কঠিন ম্যাচ খেলেছি। এবং আনন্দের ব্যাপার হলো দুটি ম্যাচই জিতেছি। এটা আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। শ্রীলঙ্কায় খেলার বাইরে কোনো মজার স্মৃতি আছে?শামীমা: ওখানে এমনিতেই অনেক মজার স্মৃতি আছে। তবে আমাদের চার জিএম নিয়াজ, জিয়া, রিফাত, রাজীব ভাইয়াদের সঙ্গে খেলতে গিয়েছিলাম বলে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাই টিপস দিয়েছেন। খেলা শেষে ওনাদের সঙ্গে ক্যান্ডিতে ঘুরতে গেলাম। সেটা ছিল পাহাড়ি এলাকা। আমরা যেখানে খেলেছি সেখান থেকে সড়কপথে আড়াই ঘণ্টার দূরত্ব। বেড়াতে গিয়েও অনেক মজা করেছি।  খেলতে গিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব হয়েছে?শামীমা: শাচিনীর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে। ও আমার প্রতিদ্বন্দ্বী হলেও খুব ভালো বন্ধু। খেলতে গিয়ে পরিচয়। কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে আরও গভীর হয়েছে। ও খুবই মিশুক টাইপের মেয়ে।