‘আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও’—এই আকুতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইডেন কলেজের অ্যাসিডদগ্ধ ছাত্রীটির। শরীরে গভীর ক্ষত আর মনে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে ক্ষণে ক্ষণে অঝোর কান্নায় ভেঙে পড়ছেন তিনি। আজ রোববার ছাত্রীটির শরীরে দ্রুত অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসবেন। বোর্ডের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন গতকাল শনিবার বলেন, ‘মেয়েটি এখনো আশঙ্কামুক্ত নন। মাঝেমধ্যে বমি করছেন, খেতে পারছেন না।’সামন্ত লাল সেন জানান, নিবিড়ভাবে চিকিৎসা করা ও দর্শনার্থীদের কারণে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার জন্য অ্যাসিড ও ছুরিকাঘাতে গুরুতর আহত ইডেনের এই ছাত্রীকে আইসিইউতে রাখা হয়েছে।এদিকে আহত ছাত্রী ও তাঁর পরিবারের ভয় কাটছে না। একাধিক মন্ত্রী হাসপাতালে গিয়ে আশ্বাস ও সান্ত্বনা দিলেও তাদের শঙ্কা দূর হচ্ছে না। কারণ পাঁচ দিনেও এ ঘটনায় করা মামলার আসামি অ্যাসিড নিক্ষেপকারী বলে অভিযুক্ত মনির ও তাঁর সহযোগী মাসুমকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গতকাল শনিবারও পুলিশ বলেছে, আসামি ধরার ‘প্রচেষ্টা অব্যাহত আছে।’মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে আমরা সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালিয়েছি। কিন্তু কাউকে পাওয়া যায়নি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। অচিরেই তাঁদের গ্রেপ্তার করা হবে।’গতকাল বিকেলে হাসপাতালে ওই ছাত্রীর ভাই প্রথম আলোকে বলেন, ‘বোন আমাদের কাছে কান্নাকাটি করে বারবার বলছে তাঁকে বাঁচিয়ে তোলার জন্য, প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তাঁকে তো বলা যায় না, আমাদের ওই সামর্থ্য নেই।’সাবেক স্ত্রীকেও ছুরিকাঘাত!: আসামি মনিরের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মনির তাঁর সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করেছিলেন। কিন্তু কোনো মামলা না হওয়ায় তাঁর শাস্তি হয়নি। মনিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বরে। এলাকায় তিনি স্বাধীন নামেও পরিচিত। ঘটনায় সহযোগী বলে অভিযুক্ত মাসুম তাঁর চাচাতো ভাই। গতকাল বুড়িশ্বরে মনির ও মাসুমের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে মনিরের চাচা মহসীন আলী ও বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, মনির উচ্ছৃঙ্খল ও বখাটে। ২০০৭ সালের দিকে তিনি একই উপজেলার শ্রীঘর গ্রামের বাবু মিয়ার মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে করেন। মাস কয়েক সংসার করার পর স্ত্রীকে ছুরিকাঘাত করেন মনির। পরে তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু মনিরের পারিবারিক প্রভাবে সাবিনার পরিবার মামলা করতে পারেননি। চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, মনির অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে ২০০৪ সালের দিকে হবিগঞ্জের একটি সিনেমা হলের টিকিট বিক্রির চাকরি নেন। ২০০৭ সালে নাসিরনগর উপজেলা সদরের এক সিনেমা হলে চাকরি নেন। ২০০৮ সালের পরে তিনি ঢাকায় চলে যান। মনিরের চাচা মহসীন আলী বলেন, ‘মাসুমও ভবঘুরে ধরনের ছেলে। ২০০৮ সালে সেও গ্রাম থেকে ঢাকায় চলে যায়।’ এলাকাবাসী জানান, ছয় ভাইবোনের মধ্যে মনির তৃতীয়। বাবা বেঁচে নেই। মা গ্রামে থাকলেও ভাইবোনেরা থাকেন রাজধানীর মোহাম্মদপুরে জাকির হোসেন রোডের এক বাসায়। গতকাল দুপুরে মোহাম্মদপুরের ওই বাসায় গেলে বাড়িওয়ালা ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, প্রায় তিন বছর আগে মনিরের এক বড় বোন ছয়তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। মনির এ বাসায় তেমন একটা থাকতেন না। ঘটনার পরদিন বাসায় তালা ঝুলিয়ে সবাই চলে গেছেন। বাড়িওয়ালা বলেন, ‘কয়েক মাস আগে মনিরের বোন (নাম উল্লেখ করা হলো না) আমাদের বলেছেন, মনির খুব উচ্ছৃঙ্খল বলে তাঁর সঙ্গে বনিবনা নেই। মনিরকে বাসা থেকে বের করে দিয়েছেন তিনি।’ ভেজাল ওষুধের কারবারি?: বুড়িশ্বর গ্রামের অনেকে বলেছেন, ঢাকায় যাওয়ার পর মনির ভেজাল ওষুধ তৈরি ও সরবরাহের ব্যবসা শুরু করেন। মাসুমও তাঁর সঙ্গে যোগ দেন। বুড়িশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন বলেন, মনিরের ওষুধ কোম্পানির নাম টি-ক্যাফস। রাজধানীর একটি বাণিজ্যিক ভবনে এর কার্যালয়ও খোলা হয়। এ প্রতিবেদক খোঁজ নিয়ে দেখেছেন, সরকারের অনুমোদিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তালিকায় টি-ক্যাফসের নাম নেই। এ বিষয়ে জানতে চাইলে মামলার ছায়া তদন্ত করা সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার নূরুন্নবী প্রথম আলোকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য মনির ও মাসুমকে গ্রেপ্তার করা। এটা করার পর সবকিছুর ব্যাপারে তথ্য নেওয়া হবে।’ মানববন্ধন: মনির ও মাসুমের গ্রেপ্তারের দাবিতে গতকাল ইডেন কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় পাঁচ শ শিক্ষক-শিক্ষার্থী ইডেন কলেজসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে অ্যাসিডদগ্ধ ওই ছাত্রীকে দেখতে গতকাল দুপুরে হাসপাতালে যান সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনায় জড়িতদের আমি ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই।’